১৯৮২ সালের কথা। গাজীপুরের উলুখোলা গ্রামের ওসমান গনি এক বিঘা জমিতে ‘ক্রাগর নাটকী’ জাতের বরবটি চাষ করলেন। ওই খেতের বরবটি বিক্রি করলেন ১২ হাজার টাকা। সংরক্ষণ করেন ২০ কেজি বরবটির বীজ।ওসমান গনির এই সাফল্যে অনুপ্রাণিত হলেন গ্রামের কৃষকেরা। তাঁর কাছ থেকে বীজ নিয়ে তাঁরাও করলেন বরবটির চাষ। চাষাবাদের বিষয়ে পরামর্শও দিলেন তিনি। ওসমানের বীজ আর পরামর্শে হাসি ফোটে তাঁদের মুখেও। এই সাফল্যে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা গ্রামে সূচনা হয় সবজি চাষের বিপ্লব, যা ক্রমে বিস্তৃত হয় আশপাশের আরও ১৬টি গ্রামে। এসব গ্রামের সবজি রপ্তানি হচ্ছে বিদেশে। এলাকার ও এলাকার কৃষকদের ভাগ্য বদলে দেওয়া ওসমান গনি আজও আছেন কৃষকদের পাশে। তাঁদের শেখাচ্ছেন সবজির আবাদ ও ফলন ভালো করার কৌশল, যা তাঁকে এলাকায় এনে দিয়েছে ‘কৃষকবন্ধু’ পরিচিতি।উলুখোলা বাজারের পাশেই ওসমান গনির বাড়ি। গত বুধবার সকালে টঙ্গীর প্রায় সাত কিলোমিটার দূরে উলুখোলা বাজারে গিয়ে তাঁর বাড়িতে যাওয়ার কথা জানালে কয়েকজন দেখিয়ে দিলেন পথ। সে অনুযায়ী দুই পাশে সবজিখেত দেখতে দেখতে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে পাওয়া গেল সেই বাড়ি। বাড়ির উঠানে কিছুক্ষণ আগেই খেত থেকে তুলে আনা টমেটোর স্তূপ। বিক্রির জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। উঠানেই দেখা ওসমান গনির সঙ্গে। কথা হলো উঠানে, ঘরে। জানালেন সবজি চাষ ছড়িয়ে দেওয়ার গল্প।ওসমান গনি জানান, তিনি যখন গ্রামে সবজি চাষ শুরু করেছিলেন, তখন ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পরিদর্শক (খামার)। এই সংস্থায় তিনি যোগ দিয়েছিলেন ১৯৭০ সালে সহকারী সেচ কর্মকর্তা হিসেবে। অবসর নেন উপসহকারী পরিচালক (উদ্যান) পদ থেকে ২০০৬ সালের জুলাইয়ে। তিনি জানান, সবজি চাষের চিন্তা তাঁর মাথায় প্রথম আসে ১৯৭৯ সালে। তখন তিনি বিএডিসির অধীন যশোর কৃষি উদ্যান কেন্দ্রে পরিদর্শক ছিলেন। আধুনিক চাষাবাদ সম্পর্কে ভালো জ্ঞান থাকলেও গ্রাম থেকে দূরে থাকায় তা কাজে লাগাতে পারছিলেন না। ১৯৮২ সালে তিনি কর্মসূত্রে এলাকায় ফিরে নিজের জমিতে বরবটির চাষ করে উদ্বুদ্ধ করেছিলেন গ্রামের কৃষকদের। এরপর কালীগঞ্জে বিএডিসির অধীনে রপ্তানিযোগ্য সবজি উৎপাদনের প্রকল্প চালু হলে তিনি ওই প্রকল্পের দায়িত্ব পান।ওসমান গনি জানান, গাজীপুর সদরের পুবাইল ও কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ১৭টি গ্রাম এই প্রকল্পের অন্তর্ভুক্ত। গ্রামগুলো হলো নাগরীর রায়েরদিয়া, নগরভেলা, সেনপাড়া, উলুখোলা, মঠবাড়ি, কেটুন, কচিলাবাড়ি, গলান, রাথুরা, বীরতুল, পারওয়ান, লালান এবং পুবাইলের ছিকুলিয়া, উদুর, সমসিং, পাতারটেক-জয়নগর ও বিন্দান। এসব এলাকায় প্রায় ৪০০ হেক্টর জমিতে সবজির চাষ হচ্ছে।কথা বলার একপর্যায়ে ওসমান গনি নিয়ে গেলেন তাঁর সবজিখেতে। দুই বিঘা জমিতে আলু, দুই বিঘা জমিতে টমেটো, দুই বিঘায় বরবটির চাষ করেছেন তিনি। খেতগুলো সব ভরে আছে সবজিতে। দেখালেন তাঁর তিন বিঘার আনারসখেত, কয়েকটি আমবাগান। বোরো আবাদ করছেন প্রায় ছয় বিঘা জমিতে।ওসমান গনির খেত দেখার সময় আশপাশে দেখা গেল নিজ নিজ সবজিখেতে কর্মব্যস্ত কৃষক। ৬২ বছর বয়সী ওসমানকে দেখেই তাঁরা উঠে এলেন আইলে তাঁর পরামর্শ নিতে। তিনি হাসিমুখে তাঁদের পরামর্শ দিলেন। পরামর্শের জন্য কৃষকের আনাগোনা তাঁর বাড়িতে সবসময়ই থাকে। জানা যায়, বিএডিসি তাঁর বাড়ির একটি বড় কক্ষে কৃষকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করে।ওসমান গনি বললেন, সবজি রপ্তানি বাড়াতে প্যাকিং ব্যবস্থা উন্নত করা প্রয়োজন। প্রয়োজন সারা বছর সবজি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা। পরিবহন ব্যবস্থার উন্নয়ন, সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান তিনি।দিনবদলের গল্প: উদুর, উলুখোলাসহ আশপাশের গ্রামগুলোতে যেখানে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। বাড়ির আঙিনা, চাল, উঠানের পাশে, খেত—সর্বত্র সবজি। কারও বাড়ির আঙিনায় মাচাভর্তি লতানো লাউশাক, মাচার নিচে ঝুলে আছে লাউ। আছে করলা, ঝিঙে, চিচিঙ্গার মাচা। কোনো খেতে চোখজুড়ানো সবুজের মধ্যে লালমণির মতো ফুটে আছে পাকা টমেটো। খেতে আছে ফুলকপি, কোনোটিতে বাঁধাকপি, বরবটি, করলা, চিচিঙ্গা, পালংশাক, লালশাক, পুঁইশাক। সবজির এই প্রাচুর্য পুবাইল ও কালীগঞ্জের এই ১৭টি গ্রামকে এনে দিয়েছে ‘সবজি গ্রামের’ পরিচিতি। বদলে দিয়েছে কৃষকের আর্থিক অবস্থা।কয়েকটি গ্রামে ঘুরে কথা হয় কয়েকজন কৃষকের সঙ্গে। তাঁদের মধ্যে মনোরঞ্জন দাস, প্রফুল্ল চন্দ্র দাস, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম বলেন, সবজি চাষ তাঁদের আর্থিক অবস্থা উন্নত করেছে। বদলে দিয়েছে সামাজিক অবস্থা। যেসব কৃষকের সন্তানেরা আগে স্কুলে যেত না, তারা এখন পড়াশোনা করতে পারছে। তাঁদের এই দিনবদলের জন্য তাঁরা বললেন ওসমান গনির অবদানের কথা।উদুর গ্রামের নাছির উদ্দিন (৬০) জানান, তিনি বর্গাচাষি হিসেবে অন্যের জমিতে সবজির চাষ শুরু করেছিলেন। এখন চাষ করেন নিজের জমিতে। তাঁর শণের ঘর পাকা হয়েছে, সঞ্চয় করেছেন কয়েক লাখ টাকা। সবজির পাশাপাশি তিনি বোরোর আবাদ করেন। এ সব কিছুই হয়েছে গনি সাহেবের দেখানো পথে ও তাঁর বীজ-পরামর্শে সবজি চাষ করে।একই গ্রামের মাধবচন্দ্র দাস (৫০) সবজি চাষ করছেন ২০ বছর ধরে। তিনি জানান, প্রথমে এক বিঘা জমিতে করলা চাষ করে বেশ লাভ হয়। পরের বছর চিচিঙ্গা চাষ করে আরও বেশি লাভ হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখন শীত ও গ্রীষ্মে চার বিঘা জমিতে সবজির আবাদ করেন তিনি।তাঁদের গর্ব: এসব গ্রামের সবজি যায় বিদেশে। তাই এ নিয়ে কৃষকদের গর্বও আছে। যেমন উদুর গ্রামের প্রফুল্ল চন্দ্র দাস গর্বের সঙ্গেই জানালেন, তাঁর খেতের টমেটো ও লাউ লন্ডনে বিক্রি হয়। কাতার ও দুবাইয়েও যায় তাঁর সবজি। শুরু থেকে এ এলাকায় যাঁদের সবজি রপ্তানি হচ্ছে, তাঁদের একজন তিনি। তিনি জানান, এখন দেড় বিঘা জমিতে টমেটো ও এক বিঘা জমিতে লাউ চাষ করছেন।সবজি রপ্তানিকারকদের স্থানীয় এজেন্ট বীরতুল গ্রামের আফতাব উদ্দিন বলেন, পুবাইলের সবজি লন্ডন, সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, কুয়েতসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কাঁচা কাঁঠাল, করলা, বরবটি পাঠানো হয় লন্ডনে। স্থানীয় কৃষকেরা এ ব্যাপারে রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। এসব প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পাঁচ, সাত বা ১০ কেজি ওজনের বাছাই করা সবজি প্যাকেটে ভরে সরবরাহ করা হয়। বাকি সবজি কৃষকেরা স্থানীয় বাজারে বিক্রি করেন।নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মিয়া বলেন, প্রায় ২০ বছর ধরে তাঁর ইউনিয়নসহ আশপাশের এলাকার সবজি বিদেশে রপ্তানি হচ্ছে। এ ক্ষেত্রে ওসমান গনির অবদানের কথা বলতেই হবে। বিএডিসিতে চাকরি করার সময় থেকেই তিনি সবজি চাষে কৃষকদের উৎসাহ জুগিয়ে আসছেন, সাধ্যমতো সহযোগিতা করছেন।গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ছাইদুর রহমান বলেন, সবজি চাষের মাধ্যমে স্থানীয় কৃষকেরা তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়েছেন। এক সময় তাঁদের অনেকে খুব গরিব ছিলেন। সবজি চাষ তাঁদের সচ্ছলতা এনে দিয়েছে।কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, নগরায়ণের কারণে জমির দাম বেড়ে যাওয়ায় কেউ কেউ জমি বিক্রি করে দিচ্ছেন। এতে এলাকায় সবজি চাষের জমি কমে আসছে। এদিকে সবার নজর দেওয়া উচিত।বিএডিসির উপপরিচালক (রপ্তানি) রাবেয়া আক্তার বলেন, ১৯৮৩-৮৪ সাল থেকে গাজীপুরের এসব গ্রামের সবজি রপ্তানি হচ্ছে। কৃষকেরা যাতে মানসম্পন্ন সবজি ফলাতে পারেন, এ জন্য বিএডিসি প্রশিক্ষণসহ তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। কৃষকদের সহযোগিতা, প্রশিক্ষণ, পরামর্শের ব্যাপারে বিএডিসির সাবেক কর্মকর্তা ওসমান গনি বেশ অবদান রেখেছেন এবং রাখছেন।