‘কৃষকের ঈদ আনন্দ’ পাথরঘাটায়
চ্যানেল আইয়ের ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি এবার ধারণ করা হয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সিডরবিধ্বস্ত মাঝের চরে। অনুষ্ঠানটির গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। তিনি বলেন, ‘এই জনপদের হাজার হাজার পরিবারের শোক, দুঃখ আর সর্বস্ব হারানোর বেদনার চিহ্ন হয়ে আছে সিডর। এখানকার কেউই ভুলতে পারেনি সিডরের সেই দুঃসহ স্মৃতি। সিডরের আঘাত রেহাই দেয়নি এই এলাকার প্রান্তিক পরিবারকেও। তাদের নিয়েই আমাদের এবারের “কৃষকের ঈদ আনন্দ”।’শাইখ সিরাজ জানান, মাঝের চরের জালিয়াঘাটা ফকিরহাট এসইএসডিপি মাঠ সম্প্রতি মুখর হয়ে উঠেছিল এলাকার হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে। এখানে আয়োজন করা হয় নয়টি প্রতিযোগিতা। এর মধ্যে ছিল তৈলাক্ত কলাগাছে ওঠা, বালিশ লড়াই, বিপরীতমুখী দৌড়, বাঁশের ওপর হাঁটা, ইলিশ ভাজা, চকলেট দৌড় ইত্যাদি। সুপারি বাগানের জন্য খুব পরিচিত এই এলাকায় নতুন আয়োজন হিসেবে ছিল সুপারিগাছ বেয়ে ওঠার প্রতিযোগিতা ও শিশুদের জন্য সুপারির খোল দৌড়।আর এই প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে থাকছে প্রত্যন্ত এই জনপদের জীবনকাহিনি। চ্যানেল আইতে অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের তৃতীয় দিন বিকেলে।