‘কৃষকের প্রার্থনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে বিশ্ব জগতের স্রষ্টা, প্রভু! আমরা এ বাসিয়া নদীর উৎসমুখে সমবেত হয়েছি, জাতি-ধর্ম-নির্বিশেষে সব কৃষক, তোমারই করুণা প্রার্থনার জন্য। কারণ আমাদের দুঃখ-দুর্দশা দেখার কেউ নেই...!’ সিলেট সদর উপজেলার বাসিয়া নদীর তীরে ‘কৃষকের প্রার্থনা’ অনুষ্ঠানে এভাবেই আর্তি জানানো হয় প্রান্তিক কৃষকদের নানা সমস্যার সমাধানে। ১৭ এপ্রিল দুপুরে কৃষকের প্রার্থনা নামের ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি করে সিলেট কৃষক কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।আয়োজক সূত্রে জানা গেছে, সুরমার সংযোগ নদী বাসিয়া সিলেট সদর, দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলা দিয়ে প্রবহমান। এ নদীর তীরে বিশেষ করে সবজির চাষ করেন প্রায় ১৮ হাজার কৃষক। গত শীত মৌসুমে সবজির উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় টমেটোর দরপতন ঘটে। এক থেকে তিন টাকা দরে টমেটো বিক্রি হয়। টমেটোর দরপতনে বিক্ষুব্ধ চাষিরা গত ৯ মার্চ সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে ব্যতিক্রমধর্মী টমেটো-বিক্ষোভ করে তাঁদের আর্থিক ক্ষতি কাটাতে সরকারের সহায়তা চেয়েছিলেন। কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নীরবতায় কৃষকের প্রার্থনায় মিলিত হয়ে অসহায়ত্ব প্রকাশ করেন বাসিয়া নদীর উৎসমুখের প্রায় ১৫টি গ্রামের কৃষক প্রতিনিধিরা।বাসিয়া নদীর উৎসমুখে ওই দিন দুপুর ১২টায় প্রার্থনা শুরু হয়। একজন আবৃত্তিকার দরাজ গলায় প্রার্থনা পাঠ করেন। আর সমবেত হিন্দু-মুসলমান কৃষকেরা দুই হাত তুলে পঠিত প্রার্থনার সঙ্গে একাত্ম হন। প্রার্থনায় বাসিয়া নদী খনন করে নদীর উভয় তীরের সবজিচাষিদের চাষাবাদ অব্যাহত রাখতে সরকারের সহায়তা চেয়ে বঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।লিখিত প্রার্থনায় জমির উর্বরতা হ্রাসে সার-কীটনাশকের ব্যবহার না করা, চাষাবাদে চাষিদের সতর্কতার বিষয়টিও জানানো হয়। বৃহত্তর সিলেটের হাওরাঞ্চলে বছরের একটি মাত্র ফসল বোরো ধান পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির বিষয়টিও তুলে ধরা হয়। টানা প্রায় ২০ মিনিট প্রার্থনা পাঠ শেষে সমবেত কৃষকদের উদ্দেশে বক্তব্য দেন কৃষক কল্যাণ সংস্থার উপদেষ্টা এবং সিলেটে সুগন্ধী ধানের সংগ্রাহক আবদুল বাছিত, কৃষক কল্যাণ সংস্থার আহ্বায়ক আবদুল হান্নান আনছারী, সদস্যসচিব আবদুল মালিক প্রমুখ। প্রার্থনা পাঠ করেন আবৃত্তিশিল্পী আমিনুল ইসলাম। আবদুল হান্নান আনছারী প্রথম আলোকে বলেন, ‘কৃষক বা চাষি ভাইদের সমস্যা সমাধানের প্রতিবাদে নানা কর্মসূচিই তো পালিত হয়। এসব কর্মসূচি পালন করতে গিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়। এ জন্য কৃষকের প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই বলে আমরা এ অনুষ্ঠান করলাম।’