গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বিকেলে ছিল প্রশান্তির বাতাস। লোকসংগীতের সুর মন ছুঁয়েছিল গান শুনতে আসা শ্রোতাদের। গতকাল বুধবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মরমি গীতিকবি নবীনচন্দ্র রাজবংশীর শততম জন্মবার্ষিকীতে লোকসংগীতের এই আসরের আয়োজন করেছিল বাংলাদেশ লোকসংগীত পরিষদ। অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে লোকসংগীতশিল্পীরা গাইলেন নবীনের বন্দনা: ‘দয়াল গুরু গো, নবীনেরে নাও হে করে পার’ ও ‘কে পার হবি রে আয়, ডাকে নবীন যাইতে তোদের দয়াল গুরুর নায়’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন গীতিকবি সাবির আহমেদ চৌধুরী, কবি আসাদ চৌধুরী ও লোকসংগীতশিল্পী আকরামুল ইসলাম।গানের ফাঁকে ফাঁকে ছিল অতিথিদের বক্তব্য।একক ও সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন: ‘আমার মনের মাঝে’, ‘কে আমারে কবে’, ‘দয়াল চান গো’, ‘মন তুই মজলি না রে’, ‘ছাইল আকাশ কালি মেঘে’, ‘আমার দুঃখের দিনে’, ‘দয়ালগুরুর নামটি বাজে’সহ প্রায় ২৫টি গান।অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন শাম্মী আক্তার, আবু বকর সিম্মিত, অনিমা মুক্তি গোমেজ, আকরামুল ইসলাম ও মলয় কুমার গাঙ্গুলী। এ ছাড়া সংগঠনের শিল্পীদের মধ্যে শেখ হেমায়েত, আবদুুল আজিজ, স্বপন মিয়া, মফিজুর রহমান, অনঙ্গ রাজবংশী, সেলিনা আলাম, কহিনূর আক্তার, তাবাসসুম রিয়া, নাসরিন ফেরদৌস, দীপ্তি রাজবংশী প্রমুখ গান গেয়ে শোনান। বৃক্ষ নিয়ে প্রবীণ জাপানি শিল্পীর প্রদর্শনীবয়স হলো তাঁর ৮৮ বছর। জাপানের এই অশীতিপর প্রবীণ শিল্পী হোশিনা মাকাতো বাংলাদেশে এসেছেন ৮৮টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর জন্য। গতকাল বুধবার বিকেলে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে তাঁর এই প্রদর্শনী। মুন্সিগঞ্জভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্র গ্লোরি একাডেমি আয়োজন করেছে দুই দিনের এই প্রদর্শনীর।বিকেলে মুন্সিগঞ্জের সাংসদ এম ইদ্রিস আলী প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী আবদুশ শাকুর। স্বাগত বক্তব্য দেন গ্যালারি চিত্রকের পরিচালক শিল্পী মুনিরুজ্জামান। আজ বৃহস্পতিবার শেষ দিন প্রদর্শনী সারা দিন খোলা থাকবে।হোশিনা মাকাতো অ্যাক্রিলিক ও জলরঙে গাছের ছবি এঁকেছেন। জাপানে তিনি ‘গাছের শিল্পী’ নামেই খ্যাত। পৃথিবীর বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেছেন। বাস্তব ধারায় আঁকা এসব ছবিতে উঠে এসেছে নানা দেশের গাছ ও নিসর্গ। কোনো গাছ তার শাখা-প্রশাখা ছড়িয়ে আছে, কোনোটি উঠেছে পুরোনো জরাজীর্ণ ভবনের ওপর, বনের মধ্যে বিশাল মহীরুহ, গাছের তরঙ্গায়িত শাখা, ফুল—এসব নিয়েই তিনি কাজ করেছেন।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন (তাঁর বক্তব্য বাংলায় ভাষান্তর করে দেওয়া হয়), মানুষ এখন বৃক্ষের ওপর যেভাবে খড়্গহস্ত তাতে প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হচ্ছে। পরিবেশ বিপন্ন হচ্ছে। তিনি চেষ্টা করে যাচ্ছেন প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে বনবৃক্ষকে রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে।জেফরি বাওয়াকে নিয়ে তথ্যচিত্রের প্রদর্শনীশ্রীলঙ্কার প্রখ্যাত পরিবেশবাদী স্থপতি স্যার জেফরি বাওয়ার জীবন ও কর্ম নিয়ে স্থপতি ও চিত্রনির্মাতা শাকুর মজিদের তথ্যচিত্র বাওয়া, থ্রু দ্য ল্যান্স অব শাকুর মজিদ-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশ শীল সেমিনার হলে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এই প্রদর্শনীর আয়োজক।লন্ডনে আইন ও ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষে স্থাপত্যের ওপর একটা ডিপ্লোমা কোর্স করে ৩৮ বছর বয়সে স্থপতি জেফরি বাওয়া শ্রীলঙ্কায় ফেরত এসে এক ভিন্ন ধারার স্থাপত্যচর্চা শুরু করেন। শ্রীলঙ্কার সার্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত এই স্থপতির স্থাপত্যকর্মগুলোতে পরিবেশ-সচেতনতা প্রাধান্য পায়। তাঁকে পরিবেশবাদী স্থপতিদের পথিকৃৎ হিসেবে মনে করা হয়।