ড্র করলেই চ্যাম্পিয়ন—এই সমীকরণের সামনেও ৮৩ মিনিট পর্যন্ত ২-১-এ পিছিয়ে ছিল আবাহনী। শেষ মুহূর্তে মাথা ছুঁইয়ে মহামূল্যবান গোল করে দলকে আনন্দে ভাসালেন আবাহনীর উইঙ্গার জাহিদ হোসেন। চতুর্থবারের মতো বাংলাদেশ লিগের শিরোপা গেল ধানমন্ডির ক্লাবে। কিন্তু ম্যাচ শেষে আবাহনীর উৎসবের নেপথ্য নায়ককে খুঁজেই পাওয়া গেল না মাঠে শেষ মুহূর্তে আপনার দেওয়া গোলেই আবাহনী চ্যাম্পিয়ন হলো। কিন্তু আপনাকে তো খুব বেশি উচ্ছ্বসিত মনে হচ্ছে না।জাহিদ হোসেন: না, না। উচ্ছ্বাস করছি না কে বলেছে? আমার ভালোই লাগছে। দলকে চ্যাম্পিয়ন করতে পারলে কার না আনন্দ লাগে? কিন্তু আপনার অন্য সতীর্থরা যখন আনন্দ করছিলেন, আপনাকে তখন খুঁজেই পাওয়া যায়নি ড্রেসিংরুমে।জাহিদ: আমি একটু আগেই মাঠ থেকে বের হয়ে এসেছি। ওদের সঙ্গে আনন্দ করতে পারলাম না বলে আমার মনে কোনো আফসোস নেই। ম্যাচে আমার যে কাজ, সেটা তো করে দিয়েছি। কিন্তু তার পরও কি মনের কোণে কোথাও একটু অভিমান পুষে রেখেছিলেন? জাহিদ: এসব নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। (একটু নীরব থেকে...) ওরা ট্রফিটা নিয়ে গেল, একবার তো বলতে পারত যে জাহিদ কই? কেউ আমার খোঁজই করেনি। গোলের পর পরই আপনাকে তুলে নিলেন কোচ। নিশ্চয়ই একটু মন খারাপ হয়েছিল? জাহিদ: মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে কোচের সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত। আমি তাই মাথা নিচু করেই ডাগআউটে ফিরেছি। এই ম্যাচ নিয়ে কি স্নায়ুচাপে ভুগছিলেন? জাহিদ: অস্বীকার করব না যে টেনশন হচ্ছিল না। তবে আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠেছিলাম। এই যে এত বড় লিগ গেল, সব মিলিয়ে পুরো মৌসুমটা কেমন কাটল আপনার? জাহিদ: ভালোই কাটল। আগেও বলেছি, এখনো সেটাই বলব—আবাহনী শেষ পর্যন্ত যে চ্যাম্পিয়ন হতে পেরেছে, এতেই আমি দারুণ খুশি। কখনো কি মনে হয়েছিল, ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে?জাহিদ: না। সেটা আমার কখনোই মনে হয়নি। আমরা বরাবরই আত্মবিশ্বাসী ছিলাম। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে আরও ভালো লাগত। কাদা-মাঠে আপনাদের স্বাভাবিক খেলাটা খেলতে সমস্যা হচ্ছিল নিশ্চয়ই? জাহিদ: একটু সমস্যা তো হচ্ছিল। কারণ, এর আগে আমরা এই মৌসুমে যত ম্যাচ খেলেছি, এমন কাদা ছিল না মাঠে। ম্যাচের আগে বৃষ্টি নামায় একটু সমস্যা হয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি আমাদের শতভাগ উজাড় করে দিতে। এই মৌসুমে আরও আগেই আপনাদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হতে পারত কি না? জাহিদ: সেটা হলে তো ভালোই হতো। যা করতে পারিনি, সেটা নিয়ে কথা বলব না। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষার পর যে শিরোপা জিতলাম, এতেও কিন্তু অন্য রকম এক আনন্দ আছে। আজ আমরা ড্র না করলে হয়তো এই অনুভূতিটা বুঝতেই পারতাম না। কালকের এই গোল আপনি কাকে উৎসর্গ করেছেন? জাহিদ: আমার আব্বা-আম্মা এবং পুরো পরিবারকেই এই গোলটা উৎসর্গ করেছি। আগামী মৌসুমে নাকি আপনি আবাহনী ছেড়ে যাচ্ছেন?জাহিদ: ঠিকই শুনেছেন। আমি এরই মধ্যে শেখ রাসেলের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলে ফেলেছি।