নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক, তাদের বিপক্ষেই একমাত্র সেঞ্চুরি। তামিম ইকবালের অনুপস্থিতিতে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে ভরসা সেই ইমরুল কায়েসই। নিউজিল্যান্ডকে নিয়ে নিজের ভাবনার কথা বললেন বাঁহাতি ওপেনার আবার সেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা। কেমন লাগছে?ইমরুল কায়েস: ওদের বিপক্ষে আমার অভিষেক। ওদের বিপক্ষেই ক্যারিয়ারের এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটা করেছি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে একটা বাড়তি অনুপ্রেরণা তো থাকবেই। আপনার ওয়ানডে ব্যাটিংও তো নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চের সেঞ্চুরির পর অনেক ভালো হয়েছে...ইমরুল: তা তো বটেই। আসলে যেকোনো ক্রিকেটে ধারাবাহিক হতে গেলে অন্তত একটা বড় ইনিংস পাওয়া খুব জরুরি। আমি ওয়ানডেতে এর আগে কয়েকটা ইনিংস শুরু করেও বড় করতে পারছিলাম না। ওই সেঞ্চুরির আগে একটা মাত্র ফিফটি ছিল। কিন্তু যেই না ওই সেঞ্চুরিটা করলাম, তারপর আরও ৪টি ফিফটি করেছি। এখন ফিফটিগুলোকে নিয়মিত সেঞ্চুরিতে পরিণত করা দরকার। সব মিলিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট পারফরম্যান্সে খুশি?ইমরুল: ওয়ানডেতে ব্যাটিংটা মোটামুটি হচ্ছে; গড় তিরিশের ওপরে। এটা আরও ভালো করতে হবে। কিন্তু টেস্ট পারফরম্যান্স এখনো ভালো জায়গায় আসেনি। আসলে টেস্টের শুরুর দিকে আমি খুব সিদ্ধান্তহীনতায় ভুগতাম। যেমন?ইমরুল: মারব না ঠেকাব—এই সিদ্ধান্ত নিতে পারতাম না। একসময় ভাবতে শুরু করেছিলাম, তামিম যেহেতু পিটিয়ে খেলে, আমি ডিফেন্স করি। তাতে আরও খারাপ হচ্ছিল। পরে ঠিক করেছি, মারার বল মারব। আগে থেকে ডিফেন্স করব না পিটাব, এটা ঠিক করে নামব না। এটা ভাবার পর থেকে রান করতে পারছি। গত কয়েকটা ইনিংসে কিন্তু রান পাচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় চ্যালেঞ্জ গতিশীল পেসাররা, নাকি ড্যানিয়েল ভেট্টোরি?ইমরুল: ওদের পেসাররাও ভালো। তবে ভেট্টোরি সব সময়ই অনেক বড় চ্যালেঞ্জ। অবশ্য আমাদের সাকিবের কারণে আমি ভেট্টোরিকে ভালো খেলতে পারব বলে মনে হয়। অনুশীলনে সাকিবের বল তো অনেক খেলছি। সাকিবকে ভালো খেলতে পারলে আরেক বিশ্বমানের বাঁহাতি স্পিনারকে কেন ভালো খেলতে পারব না! নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম নেই বলে তামিমের দ্রুত রান তোলার ভূমিকাটা কি আপনাকে নিতে হবে?ইমরুল: না, এভাবে দেখার কিছু নেই। আমি বা নাফীস ভাই (শাহরিয়ার নাফীস), কেউই এককভাবে তামিমের কাজটা করব না। যখন যার সামনে মারার বল আসবে, মারব। আসলে কেউ কারও বিকল্প হতে পারে না। তাহলে তামিমকে মিস করবেন?ইমরুল: তা তো সবাই-ই করবে। তাই বলে এমন নয় যে আমরা বসে থাকব। নাফীস ভাই কিন্তু অনেক ভালো খেলোয়াড়। উনি অনেক আগে নিজেকে এই পর্যায়ে প্রমাণ করেছেন। উনি নিজের খেলাটা খেললে সবাই যা ভাবছে, তার উল্টোটাও হতে পারে। সম্ভাব্য সঙ্গী হিসেবে নাফীসের সঙ্গে বোঝাপড়া কেমন?ইমরুল: ওনার সঙ্গে আগে কখনো একসঙ্গে ব্যাটিং করিনি। তবে অনুশীলনে আমরা প্রায়ই একসঙ্গে ব্যাট করছি। উইকেটে অনেক কথা বলছি। আর বাইরেও ওনার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। ফলে মানিয়ে নেওয়া খুব সহজ হবে। আপনি আর জুনায়েদ, দুই বন্ধুই তো এখন জাতীয় দলে...ইমরুল: হ্যাঁ। তার চেয়েও বড় কথা দুই বন্ধুই রান পাচ্ছি। আমাদের একটা স্বপ্নপূরণ হয়েছে। আমরা রান পাওয়ায় দলেরও যেমন উপকার, আমাদেরও ভালো।