‘কেউ বিপদে পড়লে সাহায্য করবই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি এমনই। কেউ বিপদে পড়লে আমি তাঁকে সাহায্য করবই।’ পুলিশ সদর দপ্তরে সংবর্ধনা নিতে গিয়ে গতকাল বুধবার প্রথম আলোকে এ কথা বলেছেন রাজশাহীর ঝরনা বেগম। বিউটি পারলারের সাধারণ কর্মী যে নারী তাঁর অসাধারণ সাহসিকতার জন্য আজ সারা দেশে তিনি এক পরিচিত মুখ।গতকাল বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঝরনা বেগম তাঁর অনুভূতিটা তুলে ধরলেন এভাবে: ‘সংবর্ধনা বা পুরস্কার পাওয়ার আশায় আমি এ কাজ করিনি। আমি নারী হয়ে যে কাজ করেছি; মানবতার খাতিরে, বিবেকের তাগিদে তা সবারই করা উচিত।’১ এপ্রিল রাজশাহীতে হরতালের সময় জামায়াত-শিবিরের কর্মীদের নির্মম হামলায় পুলিশের আহত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করতে এগিয়ে গিয়েছিলেন ঝরনা বেগম। বিপদের ঝুঁকি নিয়ে তাঁকে রক্ষায় সহায়তা করায় পুলিশের পক্ষ থেকে তাঁকে স্বীকৃতি স্মারক ও সম্মাননাপত্র দেওয়া হলো। পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার ঝরনা বেগমের হাতে তা তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘ঝরনার এ কাজ থেকে অন্যদের অনেক কিছু শেখার আছে।’জামায়াত-শিবিরের কর্মীরা হেলমেট ও ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়ার পর রাস্তায় পড়ে থাকা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমকে উদ্ধার করতে কেউ যাচ্ছিল না। এ সময় ঝরনা বেগম এগিয়ে গিয়ে জাহাঙ্গীর আলমের মাথাটি নিজের ওড়না দিয়ে জড়িয়ে দেন। আহত পুলিশ কর্মকর্তাকে পরম মমতায় আগলে রেখে অন্য কয়েকজনের সহায়তায় হাসপাতালে নিয়ে যান।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সেই ঘটনার ভিডিওচিত্র দেখানো হয়। এ সময় ঝরনা বেগম চোখের পানি ধরে রাখতে পারেননি। পরে সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঝরনা জানান, প্রথমে তিনি ভেবেছিলেন, জাহাঙ্গীর আলম মারা গেছেন। কিন্তু প্রাণ আছে বুঝতে পেরে তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ঘটনার বীভৎসতা ভুলতে না পেরে তিন দিন খাবার মুখে তুলতে পারেননি ঝরনা।ঝরনা বেগম দুই সন্তানের মা। এ ধরনের বিপজ্জনক কাজ করার জন্য স্বামীর কাছ থেকে কথা শুনতে হয় কি না, প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমার স্বামী জানে, আমি এমনই। কেউ বিপদে পড়লে আমি তাঁকে সাহায্য করবই।’