কুড়িগ্রাম সদর ও জয়পুরহাটের ক্ষেত-লাল উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পোড়ার চরে দেড় শ দুস্থকে কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে ইচিমন বেওয়া (৬৮) বলেন, ‘হামরা জারোত মরি যাই, কাঁইয়ো একনা খোঁজ নিবার আসিল না। তোমরা বিপদে-আপদে সউগ সমায় আইসেন। তোমার ভাল হইবে বাবা।’ প্রায় একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বালিজান বেওয়া (৭০), ছবিরনসহ (৫৪) অনেকে। মেহের জামাল (৫২) বলেন, ‘কম্বল পেয়ে সবার খুব উপকার হলো। চরের ১৫০টি পরিবারের সবাই কম্বল পেয়েছে।’ কম্বল বিতরণের সময় কুড়িগ্রাম বন্ধুসভার সদস্য শামীম রহমান, আলমগীর কুমকুম, আ. কুদ্দুস, আ. রহিম, এরশাদুল হক, মিজানুর রহমান উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে ক্ষেতলালের বক্সিপাড়া গ্রামের বৃদ্ধা চারুবালা বেওয়া বলেন, ‘৮০ বছর বয়সে কেউ হামার খবর নেয় না, কে আবার কম্বল দিবে।’ প্রথম আলো থেকে কম্বল দেওয়া হচ্ছে জেনে তাঁর পাল্টা প্রশ্ন ‘পথ্থম আলো আবার কোন দল? এত্তো দলের কাছে চানু, কোনো দল মক বিধবা-বস্ক ভাতা দিল না। আর চানুইনা, পথ্থম আলো বাড়িত আসি কম্বল দেওচে?’ কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। কম্বল পেয়ে উপজেলার সুজাপুর গ্রামের আবিয়া বেওয়া, কামাড় গাড়ি গ্রামের ডলি বেওয়া, সাইমা বিনাই, জামুহালি আবাসনের মেজবন কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্বল বিতরণের সময় স্থানীয় এস এ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, বন্ধুসভার উপদেষ্টা তোরাফ উদ্দিন, সম্পাদক আহমেদ আলী, সদস্য আজিজুল হক, মনছুর রহমান, এস এম সওকত প্রমুখ উপস্থিত ছিলেন।