‘কেবল আবাসন খাতে কালোটাকা সাদা নয়’
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কেবল আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় খাতটিতে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তরা প্রবেশ করতে পারবে না। কারণ, এই খাতে যদি সত্যিই কালোটাকা আসে, তাহলে এই বাজারে সবকিছুর অগ্নিমূল্য তৈরি হবে। তাই কেবল এই খাতে কালোটাকা সাদা করার সুযোগ না দিয়ে অন্যান্য খাতেও এই সুবিধা রাখা যেতে পারে।আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ভোক্তার দৃষ্টিতে বাজেট ২০১৩-১৪’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। কনজ্যুমারস ফোরাম (সিএফ) এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। এতে সভাপতিত্ব করেন কনজ্যুমারস ফোরামের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।এম এম আকাশ তাঁর প্রবন্ধে বলেন, ‘গত ৪২ বছরে ১৮ বার কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৩ হাজার কোটি কালোটাকা সাদা হয়েছে। আর এখান থেকে সরকার রাজস্ব পেয়েছে এক হাজার ৩৬৮ কোটি টাকা। অথচ বর্তমান বাজেটে জমি, প্লট ও ফ্ল্যাট যাঁরা কিনবেন, তাঁদের টাকার উত্স জিজ্ঞেস না করে মাত্র ১০ শতাংশ করের মাধ্যমে ওই টাকা জায়েজ করা হবে। এর আগে শেয়ারবাজারকে পুনরুজ্জীবিত করতে এ ধরনের ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু যাঁরা টাকা শেয়ারবাজার থেকে লুট করে উঠিয়ে নিয়েছিলেন, তাঁরাই আবার তা ফেরত দিয়ে এই আইনের সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং সামগ্রিকভাবে যে দুর্বলতাটি সরকার অতিক্রম করতে পারছে না এবং এবারও পারেনি, তা হলো অবৈধ পন্থায় উপার্জনকারীদের অর্থ ও সম্পত্তিকে আঘাত করে সেখান থেকে কর সংগ্রহ করা।’এম এম আকাশ আরও বলেন, ‘বিনিয়োগের নামে কালোটাকার মালিকদের এখন যে সুযোগ দেওয়া হচ্ছে তাতে মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্তরাও আর বাড়ি, প্লট ও জমির বাজারে প্রবেশ করতে পারবে না।’প্রবন্ধে বলা হয়, ‘ম্যাজিক ফিগার’ ৭ শতাংশ প্রবৃদ্ধির টার্গেটে এই সরকারের আমলে কখনোই পৌঁছানো সম্ভব হয়নি। তবে সাধারণভাবে বিশ্ব মানদণ্ডে বলা যায়, এই সময় জাতীয় অভ্যন্তরীণ উত্পাদন যেহেতু ৬ শতাংশ হারে ক্রমাগত বেড়েছে, সেহেতু এই সময় ভোক্তাদের মাথাপিছু গত আয় প্রতিবছর কমপক্ষে সাড়ে ৪ শতাংশ হারে বেড়েছে, যা একটি সাফল্য হিসেবে ধরা যেতে পারে। প্রবন্ধে ভোক্তাদের স্বার্থ ও অধিকার রক্ষায় বেশ কয়েকটি প্রস্তাবও দেন এম এম আকাশ।আলোচনায় অংশ নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, ‘২০০৯ সালে ভোক্তা অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। আমরা এই আইনের সফলতা পেতে শুরু করেছি। ভোক্তাদের যে অধিকার রয়েছে, তা সবাইকে জানতে হবে। একই সঙ্গে অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, প্রস্তাবিত বাজেটে মাত্র ১০ শতাংশ জরিমানা দিয়ে জমি, প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কালোটাকা সাদা করার প্রস্তাব সম্পূর্ণ অন্যায্য। অথচ একজন নাগরিক বৈধ পন্থায় আয় করলে তাঁকে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কর দিতে হয়। তাঁর মতে, কালোটাকা সাদা করার সুযোগ যদি দিতেই হয়, তা হলে তা যেন শিল্পকারখানা স্থাপনে দেওয়া হয়। শিল্প স্থাপনে কালোটাকা সাদা করার সুযোগ দিলে অন্তত দেশে শিল্পোন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।এ সময় ফারুক আরও বলেন, ভোক্তারা প্রতিনিয়ত ভেজাল পণ্যের মুখোমুখি হচ্ছে। প্রক্রিয়া সহজ না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ভোক্তারা অভিযোগও করতে পারেন না। দেশে ২৪৫টি কোম্পানি প্রায় ১২ হাজার রকম ওষুধ তৈরি করে। কিন্তু ভেজাল প্রতিরোধে পরীক্ষা করতে চাইলে সরকারের যে অবকাঠামো বা জনবল রয়েছে, তা দিয়ে মাত্র তিন হাজার ওষুধ পরীক্ষা করা সম্ভব হয়। ফলে দেশের সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। অথচ ফুটপাতের উন্নয়নে সরকার ১ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করলেও ওষুধ পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হয় না। সেমিনারে বক্তব্য দেন সিএফের সহসভাপতি নির্মল রোজারিও, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেক, কোষাধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ।