‘কেবিসি ৬’-এর জন্য প্রস্তুত অমিতাভ
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতির ষষ্ঠ মৌসুমের উপস্থাপক হিসেবে অমিতাভ বচ্চন দায়িত্ব পালন করবেন কি না, তা নিয়ে সংশয়ের আর কোনো অবকাশ নেই। কারণ, সম্প্রতি অমিতাভ নিজেই জানিয়েছেন, আবারও অনুষ্ঠানটির হট সিটে বসতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে টুইটার বার্তায় অমিতাভ জানিয়েছেন, ‘পরবর্তী মৌসুমের কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের জন্য সম্প্রতি সনি এন্টারটেইনমেন্টের সঙ্গে আলোচনা হলো। পরিকল্পনা, প্রস্তুতি, কাজের অগ্রগতি এবং প্রচারের সময় সম্পর্কে নিয়মিতই তথ্য পাবেন আপনারা।’গত ফেব্রুয়ারিতে পাকস্থলীতে অস্ত্রোপচার হওয়ার পর অমিতাভকে দীর্ঘদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছিলেন চিকিত্সকেরা। এর পরিপ্রেক্ষিতে খবর ছড়িয়েছিল, সম্ভবত ‘কেবিসি ৬’ সঞ্চালনার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করবেন অমিতাভ। কিন্তু সেসব খবরকে মিথ্যে প্রমাণ করে অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন বলেই সম্প্রতি নিশ্চিত করেছেন ৬৯ বছর বয়সী এই বলিউডের অভিনেতা। উল্লেখ্য, যুক্তরাজ্যের জনপ্রিয় গেম শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়র’-এর আদলে ২০০০ সালে কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের প্রথম মৌসুমের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক হয়েছিল অমিতাভের। তাঁর অনবদ্য উপস্থাপনা প্রশংসিত হয় সব মহলে। এই সাফল্যের ধারাবাহিকতায় পরবর্তী মৌসুমের অনুষ্ঠানও উপস্থাপনা করেন অমিতাভ। অনুষ্ঠানের ৩য় মৌসুমের সঞ্চালক হিসেবে নেওয়া হয় বলিউডের আরেক প্রভাবশালী অভিনেতা শাহরুখ খানকে। কিন্তু পরবর্তী দুটি মৌসুমের উপস্থাপক হিসেবে আবারও ফিরিয়ে আনা হয় অমিতাভকে। এবারে পঞ্চমবারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি।