‘কোচগিরি করে জীবন চলে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটজন শ্যুটারের জন্য মাত্র একজন কোচ। আগামী বছর লন্ডন অলিম্পিকের জন্য শুরু হওয়া শ্যুটিং ক্যাম্পের আসল উদ্দেশ্য পূরণ হবে এতে? এই প্রসঙ্গ তো আছেই, সঙ্গে দেশের শ্যুটিং কোচিংয়ের দৈন্যদশা নিয়েও বলছেন শোয়েবউজ্জামান আটজন রাইফেল শ্যুটারের একমাত্র কোচ আপনি। সবাইকে সামলান কীভাবে?শোয়েবউজ্জামান: যত কোচ দিতে পারবেন তত ভালো। তবে ২০-২৫ জন শ্যুটার নিয়েও ক্যাম্প করেছি। সবার একসঙ্গে সমস্যা হয় না। যখন যার সমস্যা হয় সমাধান দিয়ে দিই।  কিন্তু একা হওয়ায় কাজটা তো নিশ্চয়ই আপনার জন্য কঠিন?শোয়েব: কঠিন বলব না। ঠিকমতো প্র্যাকটিস হচ্ছে কিনা, কে কোথায় ভুল করছে, এগুলো টুকটাক দেখিয়ে দিতে হয় আরকি! এটা তো স্বীকার করবেন আধুনিক যুগে প্রত্যেক শ্যুটারেরই একজন করে কোচ থাকা দরকার।শোয়েব: ব্যক্তিগত কোচ কাদের দরকার সেটা দেখতে হবে। শ্যুটার খুব ভালো করলে তবেই না ব্যক্তিগত কোচ লাগে। তার মানে বাংলাদেশের শ্যুটাররা এখনো সেই মানে পৌঁছাননি?শোয়েব: বাংলাদেশের শ্যুটাররা মেধাবী এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো করার সামর্থ্য রাখে। কিন্তু তাদের আরও ঘষামাজা করতে হবে। যেমন এই ক্যাম্পে আসিফ, রত্না, শারমিনরা নিজেদের সেরার পরও ৫-৬ স্কোর পেছনে আছে। এই স্কোরটা করতে পারলে তবেই সর্বোচ্চ পর্যায়ে ভালো করার আশা করা যায়। এর জন্য নিশ্চয়ই কোচিংটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কোচিং কি তাঁরা পাচ্ছেন?শোয়েব: ভালোর তো শেষ নেই। এ জন্য বাইরের ভালো কোচ আনতে হবে। আমরা আজ পর্যন্ত সে রকম কোনো কোচ আনতে পারলাম না। চীন-কোরিয়ার কোচ এনে অনেক সময় কাজ চালিয়ে নেওয়া হয়। ভালো মানের কোচ কেন আনা যায় না?শোয়েব: উঁচু মানের কোচ আনতে দু-এক বছর আগ থেকেই কথাবার্তা চূড়ান্ত করে রাখা চাই। অনেকে আসতে চায় না। তাদের শিডিউল পাওয়া দুরূহ ব্যাপার। টাকার ব্যাপারটা তো আছেই। ফেডারেশনের অত টাকা কই? দেশে রাইফেল কোচ বলতে এখন ফেডারেশন আপনাকেই হাতের পাঁচ ভাবে। আরও বেশি স্থানীয় কোচ কি দরকার না?শোয়েব: অবশ্যই দরকার। কিন্তু শ্যুটিং করতেই যেখানে ছেলেমেয়েরা আসে না, সেখানে কোচিংয়ে আসা অনেক দূরের কথা। ক্রিকেট-ফুটবলের কথা বাদই দিলাম। জাতীয় অ্যাথলেটিকস বা জাতীয় সাঁতারের যে কভারেজ পত্রিকায় আসে, ছবি ছাপা হয় খেলোয়াড়দের, শ্যুটিংয়ে তা কই? শ্যুটিংয়ে বিশ্বকাপ খেললেও তো কেউ জানে না। তাহলে এই খেলায় কেন তরুণ প্রজন্ম আসবে বলুন? সবাই শুধু জানতে চায়, শ্যুটিং করে কী পাব? আপনার নিজের অবস্থাও তো শুনলাম খারাপ?শোয়েব: হ্যাঁ, আমিও ভালো নেই। শ্যুটিংয়ে কোচগিরি করে জীবন চলে না। বাংলাদেশের অন্য খেলাগুলোর কোচদেরও একই অবস্থা। এই বেতন দিয়ে ঢাকা শহরে আমার নিজের থাকা-খাওয়ার অর্ধেকও মেটে না। বাধ্য হয়ে অন্য কাজও করতে হয়। অথচ অনেক আশা নিয়ে মাত্র ৩১ বছর বয়সে শ্যুটিং কোচ হয়েছিলাম। তখন সবে একটা ব্যাংকে আমি ঢুকেছিলাম। কোচিংয়ে নতুন নতুন তত্ত্ব আসছে। এগুলোর সঙ্গে আপনারা বাংলাদেশের কোচরা কতটুকু পরিচিত?শোয়েব: নতুন তত্ত্বগুলো জানতে পারি। ওটা নিয়ে সমস্যা হয় না। ইন্টারনেট আছে। তা ছাড়া এখানে কোচিং কোর্স-টোর্সও হয়। ২০০৬ সালে আসিফসহ আপনাদের পাঁচজনের বিরুদ্ধে করা পুলিশের সেই মামলার খবর কী?শোয়েব: মামলায় তিন মাস পরপর হাজিরা দিতে হয়। সরকার মামলা প্রত্যাহারের আশ্বাস দিলেও ৫ বছরেও কিছুই হয়নি। জোরালো পদক্ষেপ না নিলে অন্তত আরও কয়েক বছর মামলা চলতে পারে। এই হয়রানির মধ্যেই কোচিং চালিয়ে নিচ্ছি। তবে দুঃখ লাগে, আজও মামলাটা প্রত্যাহার করা হলো না!