‘কোচদেরও কিছু শেখার থাকবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল সমর্থন করেন। তাই বলে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ঐতিহাসিক ম্যাচ, আর তিনি আন্দোলিত হবেন না? কোচ হিসেবে এই ম্যাচ থেকে নতুন কিছু শেখার আশায় আছেন মোহামেডান কোচ শফিকুল ইসলাম  আপনি তো ব্রাজিল সমর্থক। তা, আর্জেন্টিনার খেলা নিয়ে কতটা উদ্দীপ্ত?শফিকুল ইসলাম: আমি প্রথম থেকেই ব্রাজিল সমর্থক। তার মানে এই নয়, আর্জেন্টিনার খেলা নিয়ে আন্দোলিত হই না। ম্যারাডোনা ছিল একসময়, তারপর এখন মেসি—আর্জেন্টিনার খেলা দেখার জন্য আমি আর সবার মতো অধীর আগ্রহে আছি। এই ম্যাচটা আপনি দেখবেন একজন কোচের চোখ দিয়ে। আলাদা কিছু নিশ্চয়ই লক্ষ করবেন?শফিকুল: অবশ্যই, আলাদা করেই চোখ রাখব। কোচদের জন্যও শেখার থাকবে। মাঠে দুই দলের টেকনিক্যাল আচরণ, খেলোয়াড় বদল, কোচ কখন কী নির্দেশনা দিচ্ছে—এগুলো দূর থেকে যতটা বোঝা সম্ভব, বুঝতে চাইব।  এমনিতে এই সফর থেকে আমাদের কোচরা কী শিখতে পারেন?শফিকুল: ব্যাপারটা হলো, আমরা কোচরা যদি দল দুটির কাছাকাছি থাকতে পারতাম, বিশেষ করে আর্জেন্টিনার, তাহলে হয়তো শেখার অনেক কিছু ছিল। কিন্তু কাছাকাছি থাকার তো সুযোগ নেই। তাই এটা নিয়ে খুব বেশি ভাবছিও না। তার পরও মেসি ও আর্জেন্টিনার খেলা মাঠে বসে দেখার সুযোগ তো অনেক বড় প্রাপ্তিই হতে পারে...শফিকুল: বড় প্রাপ্তি তো বটেই। আমি এর আগে বিশ্বকাপ দেখেছি মাঠে বসে। কাজেই বড় ম্যাচ দেখার অভিজ্ঞতা আছে। তবে হ্যাঁ, ঘরের মাঠে মেসির মতো বিশ্বের সেরা তারকার খেলা যে কারও জন্যই একটা প্রাপ্তি। এই সুযোগে খেলাটা উপভোগই করতে চাইব বেশি। আপনি যদি আর্জেন্টিনা দলের কাছাকাছি যাওয়া বা থাকার সুযোগ পেতেন, কীভাবে সুযোগটা কাজে লাগাতেন?শফিকুল: আমি কোচ হিসেবে দেখতে চাইতাম, ওদের গেম প্ল্যানিং, ম্যাচের আগের প্রস্তুতিটা কেমন...। এমন একটা দলের অন্দরে ঢুকলে আপনি অনেক কিছুই দেখতে এবং শিখতে পারবেন। আর কিছু না হোক, নিদেন পক্ষে ওদের কোচিং স্টাফদের সঙ্গে মতবিনিময় হলেও আলাদা কিছু শেখার থাকত। কিন্তু সেটি তো আর সম্ভব নয়। এই ম্যাচটা বাংলাদেশের ফুটবলারদের জন্য কীভাবে শিক্ষণীয় হতে পারে?শফিকুল: অনেকভাবে। প্রথমত, আমাদের খেলোয়াড়েরা তো এমন ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পায় না। টিভিতে দেখে আর কতটাই বা বোঝা যায়! মাঠে বসে দেখলে বল ছাড়া একজন খেলোয়াড় কীভাবে মাঠে বিচরণ করে, ধরুন বল ছাড়া মেসির মুভমেন্ট কেমন থাকে, মাঠে সেটা ভালোভাবে দেখতে পারবে।  আর কিছু?শফিকুল: যেটা বলছিলাম, বল ছাড়া খেলোয়াড়দের মুভমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটা টিভি ক্যামেরায় ধরা পড়ে না সেভাবে। তা ছাড়া মাঠে মেসি কিংবা অন্য তারকাদের খেলা খুব কাছ থেকে দেখা মানে অনেক শেখার থাকবে খেলোয়াড়দের জন্য।  আপনি তো ব্রাজিলেও গিয়েছিলেন। রোমারিও-বেবেতোদের সঙ্গে দেখা হয়েছে। এই যে তারকা-দর্শন, এটা একজন খেলোয়াড় বা কোচের জীবনে কতটা প্রভাব ফেলে?শফিকুল: অনেক প্রভাব ফেলে। ১৯৯৮ সালে আমি যখন একটা ট্রেনিং প্রোগ্রামে ব্রাজিল যাই, তখন রোমারিও-বেবেতোরা খেলছে। তাদের সঙ্গে কথাও হয়েছে আমার। এটা তো অনস্বীকার্য, ও রকম বিশ্বতারকা দর্শন কোনো ফুটবলার বা কোচের জন্য অনেক বড় প্রেরণা হয়ে আসে।