দলকে পেশাদার ফুটবল লিগে হ্যাটট্রিক শিরোপা এনে দিয়েছেন গত মৌসুমে। নতুন মৌসুম শুরুর আগে তাঁকে সহকারী বানিয়ে ইরান থেকে প্রধান কোচ নিয়ে আসছে আবাহনী। ক্লাবের সুখ-দুঃখের সঙ্গী অমলেশ সেন কীভাবে নিচ্ছেন এটি? আবাহনীতে বিদেশি কোচ আসছেন। আপনার অনুভূতি কী?অমলেশ সেন: কোনো অনুভূতি নেই আমার। ক্লাব যখন সিদ্ধান্ত নিয়েছে, নতুন কোচকে সহযোগিতা করাই হবে আমার কাজ। সব সময়ই এটা করে এসেছি আমি। আপনাকে একটু মনঃক্ষুণ্ন মনে হচ্ছে...অমলেশ: দেখুন, তিন-চার দিন আগে আমি ইরান থেকে কোচ আসার ব্যাপারটা জেনেছি। আমার মনঃক্ষুণ্ন হওয়া না হওয়ার ব্যাপার নয় এটা। ক্লাব যা ভালো মনে করছে, তা-ই করেছে। আমার বলার কিছু নেই। এক নম্বর কোচ বা দুই নম্বর কোচ হিসেবে কাজটাকে কখনো দেখিনি। পেশাদার লিগে আবাহনীকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করেছেন আপনি। ক্লাবের মূল কোচের দায়িত্ব পাওয়ার দাবিটা নিশ্চয়ই আপনার?অমলেশ: এটা তো আপনার বক্তব্য। আর আমাদের টিম ম্যানেজমেন্ট হয়তো মনে করছে, নতুন দলটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিদেশি কোচ আনলে ভালো হতে পারে। তারা যদি মনে করে ভালো হবে, তাহলে ভালো। আবাহনীর যাতে ক্ষতি না হয়, এটাই তো আমার বরাবরের চাওয়া। বিদেশি কোচ আনলেই তো সাফল্য নিশ্চিত নয়। ঘুরেফিরে আপনিই ভরসা...অমলেশ: হ্যাঁ, এর আগেও বিদেশি কোচ এনেছে ক্লাব। অনেকে সফল হয়নি। বিদেশি কোচ আনার ব্যাপারটা আপনার তো সহজভাবে নেওয়ার কথা নয়।অমলেশ: এই বিষয়গুলো আমাকে জিজ্ঞেস না করে ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করুন। তারা কেন বিদেশি কোচ আনছে, আমি তো বলতে পারব না। সিদ্ধান্ত না মানলে আমাকে আবাহনী ছাড়তে হবে, আর মানলে এভাবেই থাকতে হবে। আবাহনী ছাড়ার কথাও কি ভাবছেন?অমলেশ: ছাড়ি না ভালোবাসার টানে। সব সময় সার্ভিস দিয়ে এসেছি। এখনো দেব। কোনো প্রস্তাব পান না?অমলেশ: গত বছর পেয়েছি। এর আগের বছরও প্রস্তাব এসেছে। এবার এখনো তেমন প্রস্তাব আসেনি। প্রস্তাব এলেও কী, আবাহনী ছাড়ার কোনো ইচ্ছাই আমার নেই। এ পর্যন্ত জনা পাঁচেক বিদেশি কোচের সহকারী ছিলেন। এবার সংখ্যাটা ছয় হতে যাচ্ছে। নিজের কাজ নিয়ে কী ভাবছেন?অমলেশ: এর আগে রাশিয়ান তিনজন, যুগোস্লাভিয়ার একজন ও আর্জেন্টাইন আন্দ্রেস ক্রুসিয়ানির সঙ্গে কাজ করেছি। বিদেশি কোচের সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। সবার সঙ্গেই ভালো সম্পর্ক থাকে। এখন তো কোচদের ‘বি’ লাইসেন্সটা থাকা খুব দরকার। আপনার তো ‘সি’ লাইসেন্স।অমলেশ: (হাসি) ম্যারাডোনা যে আর্জেন্টিনা দলের কোচ ছিল, তার কি লাইসেন্স আছে? আমার তো মনে হয় না, এ ধরনের কোনো বাধ্যবাধকতা আছে। যা-ই হোক, আর কতদিন কোচিং চালিয়ে যেতে চান?অমলেশ: যতদিন শরীর কুলায়।