‘কোনো কিছুর দিশা পাচ্ছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক-অলিম্পিক প্রস্তুতি নিতে ১৯ এপ্রিল লন্ডন গেছেন বাংলাদেশের চার শ্যুটার শারমিন আক্তার (রত্না), শারমিন আক্তার, তৃপ্তি দত্ত ও সৈয়দা সাদিয়া সুলতানা। ওয়াইল্ড কার্ড পেয়ে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছেন শুধুই রত্না। বিদেশি কোচ নেই, অনুশীলন করাচ্ছেন সঙ্গে যাওয়া ফেডারেশনের কোচ শোয়েবুজ্জামান। কাল টেলিফোনে যা বললেন, তাতে বোঝা গেল লন্ডনে গিয়ে এই অনুশীলনের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না সৈয়দা সাদিয়া সুলতানা অনুশীলন কেমন চলছে? সৈয়দা সাদিয়া সুলতানা: খুব একটা ভালো অনুশীলন হচ্ছে না। কেন ভালো হচ্ছে না?সাদিয়া: আমরা তো এখন পর্যন্ত কোনো বিদেশি কোচের দেখাই পাইনি। শোয়েব ভাইয়াই (কোচ শোয়েবুজ্জামান) আমাদের নিয়মিত অনুশীলন করাচ্ছেন।  অনুশীলন করছেন কোথায়?সাদিয়া: আমরা যেখানে আছি সেটা লন্ডনের বিসলে শ্যুটিং গ্রাউন্ড। এটা লন্ডন থেকে ৩০ মাইল দূরে। সবাই বলছে, এটা নাকি এখানকার সবচেয়ে চমৎকার শ্যুটিং গ্রাউন্ড। ডরমিটরি থেকে শ্যুটিং রেঞ্জে হেঁটে যেতে ১৫-২০ মিনিট লাগে। আপনারা তো গেছেন প্রাক-অলিম্পিক প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন শুধুই শারমিন আক্তার (রত্না)...সাদিয়া: আসলে আমরা ঢাকা থেকে শুনে এসেছিলাম এখানকার পারফরম্যান্সের ভিত্তিতে ওয়াইল্ড কার্ড পেতে পারি। কিন্তু লন্ডনে এসে ইন্টারনেটে ঢাকার পত্রিকা পড়ে জানলাম, শুধু রত্না আপুই ওয়াইল্ড কার্ড পেয়েছেন। সংবাদটা শুনে নিশ্চয়ই মন খারাপ হয়েছে?সাদিয়া: মন একটু তো খারাপ হয়েছেই। কিন্তু আমরা আগে থেকেই মানসিকভাবে এটার জন্য প্রস্তুত ছিলাম। জানতাম, একজন পেলে সেটা রত্না আপুই পাবেন। তাহলে অন্যদের লন্ডনে অনুশীলন করে লাভ কতটুকু হবে?সাদিয়া: আমি ঠিক জানি না। তবে আমাদের জন্য অভিজ্ঞতা তো হলো।অভিজ্ঞতা কোথায় হলো? বিকেএসপি বা গুলশান শ্যুটিং কমপ্লেক্সে যেমন করতেন সেখানেও তো একইভাবেই করছেন...সাদিয়া: হ্যাঁ। এখানে নিজে নিজেই অনুশীলন করছি। কোনো সমস্যা হলে সেই আগের মতোই শোয়েব ভাইয়া সেটি ধরিয়ে দিচ্ছেন। এখনো নাকি বিদেশি কোনো কোচ পাননি?সাদিয়া: ঠিকই শুনেছেন। বিদেশি কোচ এখনো আসেনি। আদৌও পাব কি না জানি না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সিইও ওয়ালী উল্লাহ সাহেব তো আপনাদের সঙ্গে গিয়েছিলেন। উনি কিছু বলেননি?সাদিয়া: আমরা এসেছি ১৯ এপ্রিল। উনি ২০ ও ২১ তারিখ আমাদের সঙ্গে ছিলেন। এরপর এখানে এক ভদ্রমহিলার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে গেছেন। উনিই আমাদের দেখভাল করছেন। কোচের ব্যাপারে কোনো কিছু তো আমরা শুনিনি।  লন্ডনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না?সাদিয়া: খুবই কষ্ট হচ্ছে। সামার শুরু হবে হবে করছে। তার পরও তীব্র শীত এখানে। শীতে কষ্ট পাচ্ছি। আমার নাক দিয়ে তো মাঝেমধ্যে রক্তও পড়ছে। ফেডারেশনের কারও সঙ্গে কি যোগাযোগ হয়েছে?সাদিয়া: আমার হয়নি। তবে রত্না আপুর সঙ্গে হয়েছে। অনুশীলনের এই হতাশা নিয়ে সতীর্থদের সঙ্গে আলোচনা করেন না?সাদিয়া: না। এসব নিয়ে আমাদের কোনো আলাপ হয় না।  এভাবে আর কত দিন আপনাদের লন্ডনে থাকতে হবে?সাদিয়া: জানি না। আসলে আমরা কোনো কিছুর দিশা পাচ্ছি না। এখানে আর অন্য কোনো দেশের শ্যুটারও আসেনি যে তাদের সঙ্গে কথা বলব বা অনুশীলন করব। বলতে পারেন, অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছি। এখন মনে হচ্ছে, এভাবে আসাটা শুধু শুধু টাকা খরচ।