‘কোনো পাগলের হাতে দেশ চলে গেছে’
‘কোনো পাগলের হাতে দেশ চলে গেছে। পাগলেরা তথাকথিত ছাত্রসংগঠনের হাতে অস্ত্র তুলে দেয়? এরা কোন ধরনের পাগল! এদের মানসিকভাবে চিকিত্সার প্রয়োজন।’আজ সোমবার রাজশাহীতে জাতীয় ঐক্যের ডাকে আয়োজিত জনসভায় সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবির কথা বলতে গিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এ কথা বলেন।কামাল হোসেন বলেন, ‘কোনো দলের আইনত ছাত্রসংগঠন থাকতে পারে না। কিন্তু করা হচ্ছে। আর সরকারি মদদ না থাকলে কোন সাহসে তারা অস্ত্র হাতে নেয়!’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, ‘পত্রিকায় লিখেছে, আধিপত্য বিস্তারের জন্য সংঘর্ষ হয়েছে। কিসের আধিপত্য! কৃষি বিশ্ববিদ্যালয় কার বাবার সম্পত্তি যে সেখানে আধিপত্য বিস্তার করবে!’রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্ত্রাস প্রসঙ্গে বলতে গিয়ে কামাল হোসেন রাজশাহীর মেয়রের উদ্দেশে বলেন, ‘তুমি হেনা (এ এইচ এম কামারুজ্জামান) ভাইয়ের ছেলে। হেনা ভাইয়ের নাম সারা পৃথিবীর মানুষ জানে। তুমি এই শহরের মেয়র। তোমার শহরে সন্ত্রাস চলতে পারে না। তাঁর সম্মানেই তোমাকে এটা বন্ধ করতে হবে।’ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আইন ও সংবিধান নিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে বিশিষ্ট এই আইনজীবী বলেন, ‘আমি মনে করি, নির্বাচিত সরকারের এখনো সময় আছে, তোমরা ক্ষমা চাও। ১৬ কোটি মানুষের কাছে ক্ষমা চাও। কেন বিশ্বজিেক জীবন দিতে হলো? এর জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে।’ বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘ক্ষমতা আমাদের টার্গেট নয়। আমরা ক্ষমতার জন্য আসিনি। আমরা ম্যানেজারের দায়িত্ব পালন করতে এসেছি। ম্যানেজারের ক্ষমতা কী আপনারা জানেন। আপনারা হচ্ছেন ম্যানেজারের মালিক। সেই জন্য আমরা বলি, ক্ষমতা নয়, দায়িত্বের যে সরকার সেই রাজনীতি করতে চাই। আমরা দায়িত্ব গ্রহণ করব দেশের মানুষের। তাদের কোথায় কী কী প্রয়োজন, সেই মতামত নিয়ে দেশ চালাব। আমরা এ ধরনের নতুন রাজনীতি করতে চাই।’সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশের যে দুটো দল আছে, তারা নামে আলাদা, কিন্তু কামে একই। ওরা শুধু আওয়ামী লীগ নয়, শুধু বিএনপিও নয়; ওরা সরকারি দল, না হয় বিরোধী দল। খেয়াল করলে দেখা যাবে, সরকারে কিংবা বিরোধী দলে থাকলে দুই দল একই রকম বক্তব্য দিয়ে থাকে। ওনারা কেবল নিজেদের কথা ভাবেন।’ রাজশাহী নগরের আলুপট্টির মোড়ে বিকল্পধারার রাজশাহী মহানগরের সভাপতি আকতারুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, বিকল্পধারার সহসভাপতি মো. ইউসুফ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, রাজশাহী মহানগর গণফোরামের সভাপতি রফিকুল হাসান, কানসাট বিদ্যুত্ আন্দোলনের নেতা গোলাম রব্বানী প্রমুখ।