‘কোলাভেরি ডি’র বিরুদ্ধে মামলা!
ধানুষের বহুল আলোচিত ‘কোলাভেরি ডি’ গানটির বিরুদ্ধে সম্প্রতি কেরালা উচ্চ আদালতে মামলা হয়েছে। গানটির আগ্রাসী কথা শিশুদের ওপর খারাপ প্রভাব ফেলছে—এমন অভিযোগে গানটির প্রচার নিষিদ্ধ করার আবেদনও জানানো হয়েছে। ৩০ মার্চ মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘থ্রি’র কোলাবেরি ডি গানটি ভারত ছাপিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি গানটির বিরুদ্ধে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করেছেন এম মাদাস্বামি নামের এক ব্যক্তি। সবচেয়ে দীর্ঘ সময় বক্তব্য দেওয়ায় গিনেস রেকর্ড এখন এই মাদাস্বামির দখলেই রয়েছে। তিনি একটানা ৩০ ঘণ্টা ছয় মিনিট বক্তব্য দিয়েছিলেন। জানিয়েছে জি নিউজ। মাদাস্বামি দাবি করেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন পরিচালিত একটি গবেষণার ফলাফলে বলা হয়েছে, আগ্রাসী গানের কথা মানুষের চিন্তাধারা ও আবেগকে সরাসরি প্রভাবিত করে এবং হিংস্র করে তোলে। এ ছাড়া আইওয়া স্টেট ইউনিভার্সিটি এবং টেক্সাস ডিপার্টমেন্ট অব হিউম্যান সায়েন্সের বিশেষজ্ঞেরা পাঁচটি গবেষণা পরিচালনা করেছেন। এ গবেষণায় সাতটি ভায়োলেন্ট গান এবং আটটি নন-ভায়োলেন্ট গানের প্রভাব কেমন তা বের করা হয়েছে। ফলাফলে বলা হয়েছে, আগ্রাসী কথার গান মানুষের মনে ঘৃণার অনুভূতিকে বাড়িয়ে দেয় এবং মানুষকে হিংস্র করে তোলে। উল্লেখ্য, গবেষণায় ব্যবহূত সাতটি ভায়োলেন্ট গানের মধ্যে কোলাভেরি ডিও ছিল। মাদাস্বামি জানিয়েছেন, ‘তামিল নাড়ু ও কেরালায় স্কুলের ছাত্ররা মেয়েদেরকে উত্ত্যক্ত করছে এই গানটি গেয়ে। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকেরা বেশ বিব্রতকর অবস্থার মুখে পড়েছেন। এটা নিশ্চিত, কোলাভেরি ডি গানটি ছাত্রদেরকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়গুলো বিবেচনা না করেই “দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন” থ্রি ছবিকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এ কারণেই ছবিটি থেকে কোলাভেরি ডি গানটি বাদ দেওয়ার আবেদন করেছি আমি।’