‘কোহিনূরকে দেখেছে, এখন হারুনকে দেখছে’
গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসপি কোহিনূর মিয়াকে দেখা গেছে। আর এ সরকারের আমলে দেখা গেল এডিসি হারুনকে। রাজনীতিবিদদের বিভাজনের সুযোগে পুলিশ কর্মকর্তারা নির্যাতন করেও শাস্তি পাওয়ার বদলে উল্টো পুরস্কার পাচ্ছেন।আজ শনিবার রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় বেসরকারি সংস্থা ‘অধিকার’ আয়োজিত মতবিনিময় সভায় সাংসদেরা এসব কথা বলেন।সাংসদ মঈন উদ্দীন খান বাদলের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন সাংসদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ফজিলাতুন্নেসা ইন্দিরা, সানজিদা খাতুন, শাম্মী আখতার, তালুকদার মোহাম্মদ ইউনুস, তানভির শাকিল জয়, অধিকারের সভাপতি সি আর আবরার, সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরউদ্দীন এলান। সাংসদ সাবের হোসেন চৌধুরী নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণের জন্য সংসদে একটি বেসরকারি বিল এনেছিলেন। মতবিনিময় সভায় এই বিলটি আইন হিসেবে পাসের ওপর জোর দেন বক্তারা। সভায় অমানবিক আচরণের বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলের ওপর আলোচনা হয়।সাংসদ শাম্মী আখতার বলেন, এখন রাজনীতিবিদেরা গুম হচ্ছেন, সাংসদেরাও নির্যাতনের বাইরে থাকছে না। নির্যাতনকারীর বিরুদ্ধে আইনের প্রয়োগ নিশ্চিত না করে তেজগাঁও বিভাগের সাবেক এডিসি হারুন ও এসি বিপ্লবকে পুরস্কৃত করা হয়েছে। এ দুর্বৃত্তায়নের বলয় থেকে বের না হতে পারলে কিছুই হবে না।তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, একসময় ক্লিনহার্ট হয়েছে, ক্রসফায়ার এখনো হয়। নামেই আলাদা, কিন্তু ঘটনা সবই এক। মানুষ এখন হারুনকে দেখছে। এর আগে কোহিনূর মিয়াকেও দেখেছে।শহীদউদ্দিন চৌধুরী বলেন, নব্বইয়ের স্বৈরাচারের পতনের পর দেশে গণতন্ত্র এসেছে। এখন সেই স্বৈরাচার এরশাদ গণতন্ত্রের পথকেই অভিযুক্ত করছেন। বাস্তবিক পক্ষেই আমাদের রাজনীতিতে সরকারি ও বিরোধী দলের কোনো বোঝাপড়া নেই। এরই মাঝে ওয়ান ইলেভেন একটা ধাক্কা ছিল। দুই নেত্রীকেই কারাবাস করতে হয়েছে। অনেকে ভেবেছিলেন এর পরে হয়তো রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। কিন্তু কিছুই হয়নি।শহীদউদ্দিন বলেন, ‘অতীতে হয়তো আমরা খারাপ ছিলাম, বাবর (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) খারাপ ছিল। কিন্তু বাবরের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড এখনো বন্ধ হয়নি। যাঁরা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার কথা বলে ক্ষমতায় এলেন, তাঁরাও এগুলো চালিয়েই যাচ্ছেন।’তানভীর শাকিল বলেন, ‘রাজনীতির মধ্যে আমলা, সামরিক কর্মকর্তাদের প্রভাব থাকবে আর আমরা আশা করব সবকিছু সুন্দরভাবে চলবে তা হবে না। তাদের মানসিকতা আর আমরা যারা রাজনীতিবিদ তাদের মানসিকতা এক নয়।’ তিনি বলেন, আইন হীনতা থেকে বিএনপি সরকার যে র্যাব তৈরি করেছিল তা এখন ফ্রাংকেনস্টাইন হয়ে উঠেছে।