ঘরোয়া ফুটবল শুরুর আগে জাতীয় ও বয়সভিত্তিক দলের আবাসিক ক্যাম্প চলছে এখন। এটিকে ফেডারেশনের প্রশংসনীয় উদ্যোগ বলছেন এবার ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার মামুনুল ইসলাম। তবে উদ্যোগটা অব্যাহত রেখে বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার ওপর জোর দিচ্ছেন জাতীয় দলের এই মিডফিল্ডার ক্যাম্প তো এক সপ্তাহ হয়ে গেল। এ পর্যন্ত অভিজ্ঞতা কেমন?মামুনুল ইসলাম: অভিজ্ঞতা ভালোই বলব। এ ধরনের ক্যাম্প হলে খেলোয়াড়দের উপকার হয়। আগে এমন ক্যাম্প হতো না। এবার ফেডারেশন তা শুরু করায় আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। তবে এর ধারাবাহিকতা যেন থাকে। ৮১ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হয়েছে। তার মধ্যে সাত-আটজন চোটের কারণে নেই। খেলোয়াড়েরা ভালোই সাড়া দিয়েছেন। এটাকে আপনি কীভাবে দেখছেন?মামুনুল: এটা খুবই ভালো যে, সবাই এসেছে। আসলে এমন ক্যাম্প করতে পারলে খেলোয়াড়দেরই তো সুবিধা। বিশেষ করে, এই ক্যাম্প করে ফিটনেসটা আসছে সবার। এটা কাজে লাগবে ক্লাবের হয়ে খেলার সময়। একটা অভিযোগ সম্প্রতি শোনা যায়, এখনকার ফুটবলাররা কষ্ট করতে চান না। তাঁরা নিজেরা ফিটনেস-সচেতন নন...মামুনুল: খেলোয়াড়েরা সব সময় নিজের উন্নতি চায়। উন্নতি করতে হলে ফিটনেস ভালো থাকতেই হবে। আমার মনে হয় না, কেউ ইচ্ছা করে ফাঁকি দেয়। তবে সময়-সুযোগও এখানে একটা ব্যাপার। আমি বলব, এই ক্যাম্পটা রোজায় হলে আরও ভালো হতো। কারণ, তখন আমরা সবাই আরও ফ্রি ছিলাম। এখন তো আপনারা, প্রথম সারির জাতীয় খেলোয়াড়েরা আবাহনী ক্লাবে আবাসিক ক্যাম্প করছেন। জাতীয় দলের ক্যাম্প হচ্ছে একটা ক্লাবে। এটাকে কীভাবে নিচ্ছেন?মামুনুল: বাফুফে ভবনে এখন মহিলা ফুটবল দল আছে। ওখানে খালি না পাওয়ার কারণেই ক্লাবে পাঠিয়েছে ফেডারেশন। সীমাবদ্ধতা আছে, সেটা তো আমাদের বুঝতে হবে। তবে আবাহনী ক্লাবে অয়োজিত এই ক্যাম্পটা আমরা উপভোগই করছি। এই কদিন এমনিতে আপনাদের নিয়ে কেমন কাজ করেছেন কোচ?মামুনুল: ভালোই কাজ হয়েছে। ফিটনেস, উইথ বল সবই। তবে সাত দিন মোটেই যথেষ্ট নয়। এতে রাতারাতি কিছু হয়েও যাবে না। যদিও এই উদ্যোগ আমাদের ফুটবল-সংস্কৃতিতে একটা পরিবর্তন আনবে। বিদেশি কোচ আনা হচ্ছে শুনছি। আশা করি, ভবিষ্যতে ভালোই হবে। এ মাসেই প্রদর্শনী ম্যাচ খেলতে জাতীয় দলকে পাঠানো হচ্ছে নেপালে। অনেক দিন পর জাতীয় দল ম্যাচ পাচ্ছে...মামুনুল: হ্যাঁ, জাতীয় দলকে নেপালে পাঠানো হচ্ছে শুনে আমরা খেলোয়াড়েরা উজ্জীবিত। এই রকম সফর সব সময়ই হওয়া উচিত। ফেডারেশন উদ্যোগটা নিয়েছে, এ জন্য তাদের ধন্যবাদ। গত ডিসেম্বরে দিল্লিতে সাফ ফুটবল খেলার পর জাতীয় দল আর কোনো ম্যাচ পায়নি। এই যে জাতীয় দল অনেক দিন ম্যাচ খেলার সুযোগ পায় না, খেলোয়াড় হিসেবে এটা আপনাদের জন্য কতটা হতাশার?মামুনুল: অনেক হতাশার। আমরা নিজেরাও আক্ষেপ করি। কিন্তু কিছু তো করার নেই। যখন ম্যাচ আসবে, তখন খেলব। তবে সমস্যা হচ্ছে, অনেক দিন না খেলার কারণে আবার নতুন করে শুরু করতে হয়। আমার মনে হয়, এই দিকটা সবাইকে আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত।