যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কির ‘ঘাতক’ জাহিদ সিদ্দিকী ওরফে তারেক র্যাবের হেফাজতে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রিয়াজুলের পরিবারের অভিযোগ, হত্যার নির্দেশদাতাদের রক্ষা করতেই তারেককে ‘ক্রসফায়ারে’ দেওয়া হয়েছে।ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই খুন হয়েছেন বলে দলীয় সূত্রগুলো বলছে। তারেক ছিলেন একই সংগঠনের যুগ্ম সম্পাদক।গত সোমবার রাতে গুলশান ১ নম্বরে ‘শপার্স ওয়ার্ল্ড’ নামের একটি বিপণিবিতানের সামনে মাত্র ১৪ সেকেন্ডে গুলি করে রিয়াজুলকে হত্যা করা হয়। ওই বিপণিবিতানে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরায় এ খুনের দৃশ্য ধরা পড়ে। এরপর উত্তরার একটি বেসরকারি ক্লিনিক থেকে তারেকসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতে ‘ক্রসফায়ারে’ নিহত হন তারেকসহ দুজন। র্যাবের দাবি, হাসপাতাল থেকে থানায় নেওয়ার পথে তারেকের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে নিহত হন তারেক ও শাহ আলম।কাউকে আড়াল করতে এ ‘ক্রসফায়ার’ কি না, জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তারেক নিহত হওয়ার আগে র্যাবের কাছে অনেক তথ্য দিয়ে গেছেন। ফলে পুরো ঘটনা এখন র্যাবের কাছে পরিষ্কার।তবে রিয়াজুল হত্যার কারণ ও এর পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার আগেই ক্রসফায়ারের ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে। রিয়াজুলের পরিবারের একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘এমন ক্রসফায়ারে আমরা সন্তুষ্ট নই। ঘটনার পেছনে নিশ্চয়ই অনেক রথী-মহারথী জড়িত। এসব ফাঁস হয়ে যাবে বলে তারেককে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে।’রিয়াজুলের বড় ভাই ঢাকা কলেজের জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী কায়ছার মিল্কি গতকাল বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডের বাসায় বলেন, ‘তারেক পেশাদার খুনি। তাঁর গডফাদার হলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) ওয়াহিদুল আলম আরিফ। তাঁদের পরিকল্পনা ও নির্দেশে তারেক আমার ভাইকে খুন করেছে।’রিয়াজুল হত্যার ঘটনায় জাহিদুল, ওয়াহিদুল আরিফ ওরফে ওয়াহিদুজ্জামান আরিফ ও তারেকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গত মঙ্গলবার গুলশান থানায় মামলা করেন রিয়াজুলের আরেক ভাই সেনাবাহিনীর মেজর রাশিদুল হক খান। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল থেকে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে র্যাব।রিয়াজুলের পরিবার ও কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করতে চেয়েছিলেন রিয়াজুল। একই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করতে চেয়েছিলেন মতিঝিলের আওয়ামী লীগের নেতা জাহিদুলও। এ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়।এ ছাড়া ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে রিয়াজুল সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। একই পদ চেয়েছিলেন ওয়াহিদুলও। কিন্তু এ ক্ষেত্রেও রিয়াজুলের সম্ভাবনা বেশি থাকায় দ্বন্দ্ব প্রকট হয়। যুবলীগের কমিটি হওয়ার পর ওয়াহিদুল হন সাধারণ সম্পাদক, তারেক যুগ্ম সাধারণ সম্পাদক আর রিয়াজুল সাংগঠনিক সম্পাদক।তবে সাংগঠনিক সম্পাদক হয়েও রাজনৈতিকভাবে সবাইকে ছাড়িয়ে যান রিয়াজুল। কারণ, দক্ষিণের সভাপতি তাঁকে পছন্দ করতেন। ফলে তাঁদের সমর্থকেরাই বেশি পদ পান। দক্ষিণ যুবলীগের ১৩১ জনের কমিটির ১২০ জনই ছিলেন সভাপতি ও রিয়াজুলের সমর্থক। আর পাঁচ-ছয়জন ছিলেন ওয়াহিদুলের। সাংগঠনিকভাবে রিয়াজুলের এমন প্রভাব অন্যদের ক্ষুব্ধ করে। এরই মধ্যে সরকারবিরোধী আন্দোলন প্রতিহত করতে থানা, ইউনিট ও ওয়ার্ডে কমিটি করার নির্দেশ আসে। এ ক্ষেত্রে রিয়াজুলের পক্ষের লোকজনের সমন্বয়ে কমিটি হওয়া প্রায় নিশ্চিত হয়ে পড়ে। এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন ওয়াহিদুল ও তারেক।রিয়াজুলের ভাই কায়ছার বলেন, রিয়াজুলকে খুন করতে তারেক ও ওয়াহিদুলের পক্ষে বাড্ডা অঞ্চলের শাখাওয়াত হোসেন ওরফে চঞ্চলসহ কয়েকজন আসেন। ঘটনার সময় ব্যবহূত গাড়িটিও ছিল শাখাওয়াতের। ওই গাড়িতে শাখাওয়াত ছাড়াও ওয়াহিদুল ছিলেন। কয়েক বছর ধরে রিয়াজুলকে হত্যার পরিকল্পনা ছিল শত্রুপক্ষের। এ খুনের জন্যই তারেক তাঁর দুই সন্তান ও স্ত্রীকে পাঁচ দিন আগে লন্ডনে পাঠিয়ে দেন।দলীয় কোন্দলের বিষয়ে জানতে চাইলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, তাঁরা একেকজন একেক পদে ছিলেন। তাই কোন্দল হওয়ার কথা নয়। তবে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে তারেকের লাশ নিতে আসেন তাঁর বড় ভাই মাহবুবুর রহমান সিদ্দিকী। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। পরে অনুরোধ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (রিয়াজুলের পরিবার) সঙ্গে র্যাবের একটি পক্ষের ভালো সম্পর্ক আছে। আমি শুধু এটুকুই বলব।’ রিয়াজুলকে তো আপনার ভাই খুন করেছেন—এ বিষয়ে কী বলবেন? জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’তারেকের লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। ক্রসফায়ারে নিহত অপরজন শাহ আলমের লাশ নিতে গত রাতে থানায় যোগাযোগ করেন তাঁর এক ভাই।