‘ক্রসফায়ার’ নিয়ে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুলের (সুয়োমটো) শুনানি ‘যদি’র ওপর আটকে আছে। যদি প্রধান বিচারপতি শুনানির জন্য বেঞ্চ গঠন করে দেন, তা হলে এ রুলের শুনানি হতে পারে।এ ছাড়া তিন বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে মানবাধিকার সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এর আগে জারি করা একাধিক রুলও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।গত বছরের ১৬ নভেম্বর মাদারীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই—লুত্ফর খালাসী (৪৫) ও খায়রুল খালাসী (৩০) নিহত হন। ‘সংবাদমাধ্যমে এ খবর জেনে’ বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ পরদিন সুয়োমটো রুল জারি করেন। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর অবকাশ শেষে আদালত খোলার এক সপ্তাহ পর শুনানির দিন ধার্য করা হয়। এ হিসাবে গত ৯ জানুয়ারি এ রুলের ওপর শুনানি হওয়ার কথা ছিল।এর মধ্যে বিদায়ী প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম গত ৭ জানুয়ারি প্রথা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ৩৯টি বেঞ্চ গঠন, পুনর্গঠন ও বিচারপতিদের এখতিয়ার পরিবর্তন করেন। এতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করা দ্বৈত বেঞ্চটিও পুনর্গঠনের পাশাপাশি জ্যেষ্ঠ বিচারপতির এখতিয়ারে পরিবর্তন আসে। নতুন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ৮ ফেব্রুয়ারি দায়িত্ব নিলেও এখনো বেঞ্চ গঠন করেননি। এ কারণে দুই মাস চলে গেলেও স্বতঃপ্রণোদিত রুলের শুনানি হয়নি।যোগাযোগ করা হলে সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দিলে স্বতঃপ্রণোদিত রুলের শুনানি হবে। প্রধান বিচারপতি যে বেঞ্চে পাঠাবেন, ওই বেঞ্চে শুনানি হবে।আইন ও সালিশ কেন্দ্র্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, বেঞ্চ বদল হওয়ায় সুয়োমটো রুল শুনানির অপেক্ষায় রয়েছে। বেঞ্চ পুনর্গঠন করা হলেই শুনানি হতে পারে। তিনি বলেন, পদ্ধতিগত জটিলতা ও সময়মতো রুলের জবাব না দেওয়া রুল শুনানির অন্তরায়।বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকারবিষয়ক কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না প্রথম আলোকে বলেন, হাইকোর্টের জারি করা সুয়োমটো রুল উপেক্ষা করার সুযোগ নেই। বেঞ্চ পুনর্গঠন করা হলে এর শুনানি হতে পারে। আবেদনকারী পক্ষ উদ্যোগ নিলে এর শুনানি হতে পারে।বেঞ্চ পুনর্গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন বুধবার প্রথম আলোকে বলেন, বেঞ্চ পুনর্গঠন করা প্রধান বিচারপতির এখতিয়ার। বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বেঞ্চ পুনর্গঠন হয়নি বলে উল্লেখ করেন তিনি।‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত হওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে স্বরাষ্ট্রসচিব ও র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি ওই রুল জারি করেছিলেন আদালত। গত ৯ ডিসেম্বর সরকার পক্ষ থেকে দেওয়া রুলের জবাবে বলা হয়, এ নিয়ে যেভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে, ঘটনা সে রকম ঘটেনি।নিষ্পত্তির অপেক্ষায় একাধিক রুল: এর আগেও কথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করলেও বিবাদীরা এখনো জবাব দেননি বলে রিটকারী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একাধিক মানবাধিকার সংগঠনের করা রিট আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায়। মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, র্যাব গঠনের পর থেকে তাদের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধ’ ও ‘এনকাউন্টারে’ এখন পর্যন্ত এক হাজার ৬৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।এক. বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং কর্মজীবী নারী জনস্বার্থে ২০০৯ সালের ২১ জুন হাইকোর্টে রিট দায়ের করে। রিটটির প্রাথমিক শুনানি গ্রহণের পর ২৯ জুন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। ‘ক্রসফায়ারের’ নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে কারণ দর্শাতে বলা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক ও স্বরাষ্ট্রসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্লাস্টের আইনজীবী রুহুল কুদ্দুস সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত বিবাদী পক্ষ রুলের জবাব দেয়নি। জবাবের কোনো অনুলিপি আমাদের হাতে পৌঁছেনি।’দুই. ২০০৬ সালের আগস্টে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। রুলে নিরাপত্তা হেফাজতে আটক ব্যক্তিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শাতে বলা হয়। এই রিটের রুলও শুনানির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ অবস্থা সম্পর্কে রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে জানান, রুল জারির পর বিষয়টি শুনানির জন্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আসে। কিন্তু ২০০৮ সালের অক্টোবরে বেঞ্চ পুনর্গঠন করায় আর শুনানি হয়নি। ‘ক্রসফায়ার’-সংক্রান্ত ওই রুলের জবাব এখন পর্যন্ত সরকার পক্ষ দেয়নি।এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রশ্নে ২০০৬ সালের ২৫ মে হাইকোর্ট রুল জারি করেছিলেন। লালবাগের জনৈক টুন্ডা ইসমাইলের পুলিশের হেফাজতে মৃত্যু হয়। এ ঘটনার কেন যথাযথ তদন্তের নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছিলেন। বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।আদালতের নির্দেশনার পরও অব্যাহত: গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, সুয়োমটো রুল জারির পরও ১১ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। আদালত আবার শুনানি না হওয়া পর্যন্ত এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য নির্দেশনা দেন। কিন্তু এর পরও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কয়েকজনের মৃত্যু হয়েছে।