‘ক্রিকেট আমার মনের খোরাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ ক্রিকেট খেলতে এখন কক্সবাজারে বাংলাদেশের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন। মজার ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে বললেন আসল ক্রিকেট নিয়েও। কেমন লাগছে বিচ ক্রিকেট?শাহরিয়ার হোসেন: আজ হেরে গেছি। তবু খারাপ লাগছে না। এটা তো মজার ক্রিকেট। মজা করছি। সবার সঙ্গে দেখা হয়ে গেল বহুদিন পর। ভালো লাগছে। এই যে এখন খেলা শেষ, সবাই মিলে সমুদ্রে গোসল করতে যাচ্ছি। বিচ ক্রিকেট থেকে কি আমাদের কিছু শেখার আছে?শাহরিয়ার: কিছুই শেখার নেই। এটা শুধুই মজার ব্যাপার।  মজা করতে তো অনেকেই পরিবার নিয়ে চলে এসেছেন। আপনি কি একাই?শাহরিয়ার: হ্যাঁ, আমি সবাইকে নিয়ে আসতে পারিনি। বাচ্চাদের পরীক্ষা সামনে। ওরা আসতে পারলে দারুণ হতো।  মনে হচ্ছে, আপনি দারুণ একজন বাবা। ভবিষ্যতে সন্তানদের খেলোয়াড় হিসেবে দেখতে চান?শাহরিয়ার: আমার তো দুই মেয়ে। ওরা আঁকা শিখছে, গান-নাচও শিখছে। খেলোয়াড় হয়তো হওয়া হবে না কারোরই।  আপনি যেহেতু ওপেনার ছিলেন, বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানদের নিয়ে বলুন। এখন এই পজিশনটায় প্রতিদ্বন্দ্বিতাকে কীভাবে দেখছেন? শাহরিয়ার: শুধু ওপেনিংয়ে নয়, যেকোনো পজিশনেই এমন প্রতিযোগিতা ভালো। আমাদের সময়ে ওপেনিংয়ে প্রতিযোগিতা সবচেয়ে বেশি ছিল। অপি (মেহরাব হোসেন), জাভেদ (জাভেদ ওমর) আর আমার মধ্যে প্রতিযোগিতা চলত। অপি কেমন যেন ছিটকে পড়ল। আর এখন তামিম, নাফীস, ইমরুল, জুনায়েদ—সবাই খুব ভালো খেলছে। এটা সত্যিই আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো। ওরা নিজেদের জায়গা ধরে রাখার জন্যই ভালো খেলবে। এতে দলেরই লাভ।  আপনাদের সময় আর এখনকার সময়ের বাংলাদেশ দলের তুলনা করবেন কীভাবে?শাহরিয়ার: আমি বলব, বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নতি করেছে। এই ধরুন নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দিল। একটা সময় আমাদের কাছে এটা ছিল স্বপ্ন। আপনাদের সময়ে ক্রিকেটে এত টাকাও ছিল না...শাহরিয়ার: আমি অন্যদের কথা বলতে পারব না। তবে আমি আসলে টাকার জন্য খেলিনি কখনো। খেলব, আমার নাম হবে, দেশের জন্য কিছু করব; এই ছিল ব্যাপার।  নিউজিল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচ দেখেছেন? শাহরিয়ার: দেখেছি ছাড়া ছাড়াভাবে। আসলে এখন খুব একটা সময় পাই না। পারিবারিক ব্যবসাটা নিয়ে এত ব্যস্ত থাকি! এত ব্যস্ততার মধ্যেও ক্রিকেটকে ভোলেননি?শাহরিয়ার: তা তো বটেই। ওই যে বললাম, ক্রিকেট আমার মনের খোরাক।  ভবিষ্যতে ক্রিকেটের জন্য কিছু করতে চান?শাহরিয়ার: আমি বোর্ডে আসতে চাই। এটা দেশের ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার জন্যই। তবে সেটা আরও কিছুদিন পর। নিজেকে আরেকটু গুছিয়ে নিই।  ২০২০ সালের দিকে বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চান? ২০১১-এর পর তত দিনে আরও দুটি বিশ্বকাপ হয়ে যাবে...শাহরিয়ার: অত দূর যেতে হবে না। আর ৪-৫ বছরেই বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে যাবে।  এর মধ্যে কি বাংলাদেশ একটা বিশ্বকাপ জিতবে বলে স্বপ্ন দেখতে পারেন? শাহরিয়ার: তা নয়। বিশ্বকাপ জিততে আরও সময় দিতে হবে। তবে এর মধ্যে ভালো কিছু করবে বাংলাদেশ। এই বিশ্বকাপে আপনি হয়তো উত্তরসূরিদের কাছে ভালো কিছুই প্রত্যাশা করছেন। বিশ্বকাপটা যেহেতু নিজেদের দেশে হচ্ছে...শাহরিয়ার: ওরা ভালো খেলবে, এটাই চাই। তবে আহামরি কিছু যে বাংলাদেশ এখনই করে ফেলবে, সেটা প্রত্যাশা করাটা ভুলই হবে। কারণ আমরা এখন কেবল পরিণত হয়ে উঠছি।