ক্রিকেটারের বাইরে তাঁর বড় পরিচয় মানুষ গড়ার কারিগর। হল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হেলমিয়েন রামবাল্ডো শিক্ষকতা করছেন আমস্টারডামের একটি স্কুলে। তবে শিক্ষকতার চেয়ে ক্রিকেট ক্যারিয়ারটাই তাঁর বেশি পছন্দ। বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে এসে কাল এই অলরাউন্ডার কথা বললেন নিজের ক্যারিয়ার ও হল্যান্ডের ক্রিকেট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আপনাদের প্রস্তুতি কেমন?হেলমিয়েন রামবাল্ডো: আমরা এবার বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। ছয় সপ্তাহ ধরে সবাই একসঙ্গে অনুশীলন করছি। বিশেষ করে স্পিনের বিপক্ষে আমাদের ব্যাটিংটা কেমন হবে, সেটা নিয়ে বেশি কাজ করছি আমরা। চূড়ান্ত পর্বে ওঠার জন্য আপনারা কতটা আশাবাদী?রামবাল্ডো: দেখুন, হল্যান্ড চারবার বিশ্বকাপে খেলেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত দুবার আমরা চূড়ান্ত পর্বেই উঠতে পারিনি। তাই এবার আমাদের প্রত্যাশা, বাংলাদেশ আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে, চূড়ান্ত পর্বে উঠব আমরা। আমি দারুণ আশাবাদী। কিন্তু ‘এ’ গ্রুপে তো আরও শক্তিশালী দল রয়েছে?রামবাল্ডো: আমি মানছি, আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। তবে অন্য দুই দল (জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র) আমাদের চেয়ে খুব বেশি এগিয়ে নেই। হল্যান্ড তো ফুটবলের দেশ হিসেবেই পরিচিত। ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, আরিয়েন রোবেনদের দেশ...রামবাল্ডো: (হাসি)। হ্যাঁ, ঠিকই বলেছেন। হল্যান্ড দেশটা আসলেই ফুটবলের দেশ। ওখানে সবাই ফুটবলের পাগল। একসঙ্গে হলেই ফুটবল খেলতে শুরু করে ছেলেরা। ছেলেরা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়েই বড় হতে থাকে। কিন্তু আপনি তো ক্রিকেটার হলেন?রামবাল্ডো: আমি হচ্ছি পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। ফুটবল নয়, আমার বাবা একজন ক্রিকেট-পাগল মানুষ। তাঁর আগ্রহেই মূলত ক্রিকেটে এসেছি। আমার মা-ও কিন্তু ক্রিকেটের ভক্ত। আপনি কি সার্বক্ষণিক ক্রিকেটার?রামবাল্ডো: না। আমি সব সময় ক্রিকেট খেলি না। আমি একজন শিক্ষিকা তবে আমস্টারডামের একটি স্কুলে শিক্ষকতা করছি। আমার বাড়ি হল্যান্ডের ডেন হাগে। শিক্ষকতা সামলে কীভাবে ক্রিকেটে সময় দেন?রামবাল্ডো: স্কুল ছুটি থাকলে আমি অনুশীলনে নেমে পড়ি। অন্য ছুটির দিনগুলোও কাজে লাগাই। আসলে ইচ্ছে থাকলে সবকিছুই করা যায়। শিক্ষকতার চেয়ে ক্রিকেট খেলেই বেশি আনন্দ পাই। বর্তমানে হল্যান্ডের প্রমীলা ক্রিকেটের অবস্থা কেমন? রামবাল্ডো: হল্যান্ডে মেয়েদের ক্রিকেটের চর্চাটা বাড়ছে। ১৯৮৪ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলে হল্যান্ডের মেয়েরা। আর বিশ্বকাপে প্রথম অংশ নেয় ১৯৮৮ সালে। এটা খুব আশার কথা যে মানুষ এই খেলার প্রতি ক্রমেই আগ্রহ দেখাচ্ছে। অনেক মেয়েই এখন এই খেলায় বাড়তি আগ্রহ দেখাচ্ছে, যেটা খুবই ভালো লক্ষণ।