আসিফ বলতে গেলে অস্তগামী। হালে আবদুল্লাহেল বাকি ভালো করছেন। সেই বাকিকে হারিয়েই ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে কাল সবাইকে চমকে বাংলাদেশ গেমসের সোনা জিতলেন বিকেএসপির রাব্বি হাসান। সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া কিশোর আগামী দিনে আরও ভালো করার প্রত্যয়ই ব্যক্ত করলেন গুলশান শ্যুটিং রেঞ্জে দাঁড়িয়ে এত খেলা থাকতে শ্যুটিংয়ে এলেন কেন? রাব্বি হাসান: আমি আসলে ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছি। ২০০৯ সালে বিকেএসপিতে ক্রিকেটে ভর্তি হতে পরীক্ষাও দিই। কিন্তু ক্রিকেটে সুযোগ পাইনি। ক্রিকেট না পেয়ে দ্বিতীয় পছন্দ হিসেবে শ্যুটিংয়ে আসি। শ্যুটিং সে অর্থে আজকের কিশোরদের প্রথম দু-তিনটি প্রিয় খেলার তালিকায় নেই। তাহলে আপনার শ্যুটিংয়ে আসা কি কাকতালীয়?রাব্বি: না, না, ক্রিকেটার যখন হতে পারছি না দেখলাম, শ্যুটিং বেছে নিয়েছি একটিই কারণে। শ্যুটিং ও পড়া—দুটিই সুন্দরভাবে চালিয়ে যেতে পারব। এই সুবিধাটা অনেক বড়। আমার পরিবারও বলল, ঠিক আছে শ্যুটিংয়ে ভর্তি হও। অল্প দিনেই বড় মঞ্চে চলে এলেন। কিন্তু আজ সোনা জিতলেও বাছাইয়ের স্কোরটা তো আরও অনেক বাড়াতে হবে আপনাকে... রাব্বি: আজ আমি বাছাইয়ে ৬০০-তে ৫৮২ করেছি, অনুশীলনে এই রকম স্কোরই করেছি এর আগে। অনুশীলনের স্কোরটা করতে পারলেই খুশি হব, সকাল থেকে এটাই ভাবছিলাম। তবে এটা ঠিক, বাছাইয়ের স্কোর আরও অনেক বেশি করতে হবে। সেই চেষ্টা এখন থেকেই শুরু করব। এই ইভেন্টের ফেবারিট আবদুল্লাহেল বাকি বাছাইয়ে আপনার চেয়ে ১২ স্কোর বেশি করেছেন। কিন্তু তাঁকে হারিয়ে ফাইনালে এত ভালো করলেন কীভাবে?রাব্বি: ফাইনালে আমি ভালো করি, এটা আমার শক্তি। নিজেকে ধীরস্থির রাখি। এখন ১০ মিটার এয়ার রাইফেলের নিয়ম বদলে যাওয়ায় ফাইনালে যেতে পারলে একটা ভালো সুযোগ হয়ে যায়। সেটাই আমি কাজে লাগিয়েছি। তবে এটা অবশ্যই বলব, এই সোনাটা আমি ভাগ্যের ছোঁয়ায় পেয়েছি। বাছাইয়ের অষ্টম, এরপর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম। এতটা আপনি নিজে ভাবতে পেরেছিলেন?রাব্বি: এতটা কে ভাবতে পারে বলেন! এমনিতে বন্ধুদের মজা করে বলেছিলাম, প্রথম হয়ে যেতে পারি। বাছাইয়ে মনে হচ্ছিল, অষ্টম হয়ে ফাইনালে যাব। ফাইনালে ভালো খেলেছি এটা আমার সাফল্যের বড় কারণ। আর আমার এত দূর উঠে আসার পেছনে সবচেয়ে বড় অবদান বিকেএসপিতে আমার কোচ আসবাব আলী ফয়েজ স্যারের। এখন আপনার নতুন লক্ষ্য কী?রাব্বি: এখন স্কোরটা বাড়াতে হবে। ইনশা আল্লাহ্ এটা হয়ে যাবে। সবে তো শুরু করলাম। পাশাপাশি দেশের বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে কিছু দিতে চাই। অলিম্পিকে সোনা জেতার স্বপ্ন দেখি। ১০ মিটার এয়ার রাইফেলে আজ ফাইনালেই উঠতে পারেননি আসিফ হোসেন। তাঁর পতনের দিনে আপনার উত্থান। এটাকে কীভাবে দেখছেন? রাব্বি: আসিফ ভাই বড় শ্যুটার। এখন বিকেএসপির কোচও। যদিও তাঁর বিভাগ আর আমার বিভাগ আলাদা। আসিফ ভাই এই ইভেন্টে বাংলাদেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন। তবে কোনো কারণে হয়তো আজ ওনার দিন ছিল না। আমার ভালো লাগে এখন বাকি ভাইয়ের শ্যুটিং। আজ ওনাকে হারাতে পেরে বেশি ভালো লাগছে। আজকের ফাইনালে প্রায় সবাই বিকেএসপিরই সাবেক-বর্তমান খেলোয়াড়। বিকেএসপির শ্যুটিংয়ে সুযোগ-সুবিধা কেমন?রাব্বি: বিকেএসপিতে খুব ভালো সুযোগ-সুবিধা আছে শ্যুটিংয়ে। পরিবেশ সুন্দর, সবই আধুনিক। আমরা সকাল-বিকেল দুই বেলা অনুশীলন করি। সব মিলিয়ে বেশ ভালোই কাটছে বিকেএসপিতে।