‘ক্রিকেট নিয়ে কাজ করাটাই রোমাঞ্চের’
অস্ট্রেলিয়ার হয়ে ৪৬ টেস্ট ও ৭৯ ওয়ানডে খেলেছেন আশির দশকে। এরপর নিউ সাউথ ওয়েলস, পাকিস্তান জাতীয় দল হয়ে এখন আইপিএল দল কোচি টাস্কার্সের কোচ। তবে এক মাসের জন্য তাঁর পরিচয় জিপি-বিসিবি একাডেমির পেস বোলিং কোচ। বৃষ্টিভেজা সকালে কাল একাডেমি ভবনে কথা হলো জিওফ লসনের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?জিওফ লসন: রস টার্নারের জন্যই মূলত আমার আসা। ও আমাকে বলেছিল একাডেমির ফাস্ট বোলারদের কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা নিশ্চয়ই এখানে কাজে লাগবে?লসন: হ্যাঁ, উপমহাদেশে আমার অভিজ্ঞতা অনেক। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা থেকে অনেক কিছুই এখানে ভিন্ন। ক্রিকেট শিক্ষা থেকে শুরু করে খাদ্য-পুষ্টি, সুযোগ-সুবিধা—অনেক কিছুতেই পার্থক্য। আগে থেকেই এমন অভিজ্ঞতা থাকলে কাজ করতে সুবিধাই হয়। মাত্র এক মাসের জন্য আনা হয়েছে আপনাকে, কর্মপরিকল্পনা ঠিক করেছেন?লসন: দেখুন, ওরা একাডেমির ক্রিকেটার। ওদের স্কিল ও সামর্থ্য যথেষ্টই ভালো হওয়ার কথা। একদম জিরো থেকে শুরু করতে হবে না। আমার কাজ হবে আমার অভিজ্ঞতাগুলো ওদের সঙ্গে শেয়ার করা। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে কমন সেন্সটা খুব গুরুত্বপূর্ণ, ব্যাটসম্যানকে বুঝে বোলিং করা...লোকে অনেক সময় এটা ভুলে যায় এবং টেকনিক্যাল দিকগুলো নিয়ে বেশি কথা বলে। টেকনিক অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ট্যাকটিকসটাও কম নয়। আমি ছেলেদের এসব বোঝাতে চেষ্টা করব। ফাস্ট বোলিংয়ের সবগুলো দিকই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। নির্দিষ্ট কোনো দিক নিয়ে আলাদা করে কাজ করতে চান?লসন: সবার সমস্যা বা ঘাটতিগুলোও নিশ্চয়ই এক রকম হবে না। কারও হয়তো ফিটনেসে সমস্যা, কারও অ্যাকশনে, কারও ল্যান্ডিংয়ে। মাত্র ১২ ঘণ্টা হলো এসেছি, এখনো কাউকে দেখিনি। সবাইকে দেখার পর আমিও একটা ধারণা পাব। তবে ট্যাকটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আমি প্রচুর কাজ করব। কীভাবে ব্যাটসম্যানদের পড়ে তাদের আউট করা যায়। আর কখনো কখনো একটা-দুটো টিপসই হয়তো অনেককে বদলে দেয়। এখানকার কন্ডিশন তো ফাস্ট বোলিংয়ের জন্য বড় একটা বাধা। একাডেমির পেসারদের আপনি কী বলবেন?লসন: এ ধরনের কন্ডিশন ও উইকেটে খেলে বেড়ে উঠলে বোলাররা একটা নির্দিষ্ট ধরনে গড়ে ওঠে। আমি একাডেমির বোলারদের শেখাব কীভাবে অন্য উইকেট বা কন্ডিশনে বোলিং করতে হয়। কখনো কখনো ক্রমাগত ব্যাটিং উইকেটে বোলিং করতে করতে বোলারদের এক ধরনের নেতিবাচক মানসিকতা গড়ে ওঠে। তবে একাডেমির উইকেটে ঘাস দেখে ভালো লাগল। আশা করি, এমন ঘাসের উইকেট আরও বানানো হবে। আপনার কী মনে হয়, সাবেক তারকা ক্রিকেটারকে কাছে পেয়ে উঠতি ক্রিকেটাররা একটু বেশি অনুপ্রাণিত হবে?লসন: আমি সেটাই আশা করব! এই ছেলেরা যদি আমার কাছ থেকে শিখে অনুপ্রাণিত হয়, একদিন ওদের শীর্ষ পর্যায়ে খেলতে দেখা যায়, তাহলে আমার গর্বই হবে। প্রতিভাবানরাই নিশ্চয়ই একাডেমিতে জায়গা পেয়েছে। ওদের কারও শীর্ষ পর্যায়ে খেলতে না পারাটাই বরং হতাশার হবে। প্রতিষ্ঠিত ক্রিকেটার না উঠতি, কাদের সঙ্গে কাজ করতে বেশি ভালো লাগে?লসন: দুটোই...আমি ক্রিকেট নিয়ে থাকতে ভালোবাসি। ক্রিকেট নিয়ে কাজ করাটাই রোমাঞ্চের। আমাকে বলতে পারেন ক্রিকেট-পাগল। খেলোয়াড়ি জীবনেও আমি ট্রেনিং করতে ভালোবাসতাম, ক্রমাগত বোলিং করে যেতাম। এখনই যেমন আমি ছুটি কাটাতে পারতাম, কিন্তু কাজ করার সুযোগ পেয়ে চলে এসেছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কী ধারণা আপনার?লসন: ১৮ মাস আগে লেভেল-থ্রি কোচিং কোর্সের সময় আমি ঢাকায় এসেছিলাম। এখানে দেখেছিলাম ইট-রডের একটা জঙ্গল। এবার এসে দেখি দারুণ একটা একাডেমি ভবন, চমৎকার মাঠ, প্রায় সব সুযোগ-সুবিধাই আছে। পাকিস্তানেও আমি দেখেছি লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিটা দারুণ। এসবই হলো ইতিবাচক পদক্ষেপ। ডেভেলপমেন্ট প্রোগ্রামে ভারত প্রচুর অর্থ ঢালছে। বাংলাদেশও নিশ্চয়ই যা করা সম্ভব, করছে। বাংলাদেশের আজ যে অবস্থানে যাওয়া উচিত ছিল, এখনো সেখানে যেতে পারেনি। তবে বিভিন্ন পদক্ষেপ নিশ্চয়ই নেওয়া হয়েছে, আশা করি দ্রুতই উন্নতি করবে।