‘ক্রিকেটই বেসবলের বাবা-মা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিটা ক্রিকেট কোচ হিসেবে বলেই কিনা ‘বেসবল খেলোয়াড়’ পরিচয়ে একটু আপত্তি আছে তাঁর। জুলিয়েন ফাউন্টেন বরং বলতে পছন্দ করেন ‘আমি দুটো খেলারই খেলোয়াড়’। বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ কথা বলেছেন তাঁর বেসবল আর ক্রিকেট-তত্ত্ব নিয়ে নতুন জায়গা, নতুন কাজ। উপভোগ করছেন নিশ্চয়ই?জুলিয়েন ফাউন্টেন: হ্যাঁ, উপভোগ তো অবশ্যই করছি। অসাধারণ। ছেলেরা আসলেই ভালো। কঠোর পরিশ্রম করতে ভালোবাসে সবাই। খেলোয়াড়দের দিক থেকে তাহলে ভালোই সাড়া পাচ্ছেন?ফাউন্টেন: খুবই ভালো সাড়া পাচ্ছি। তারা যে টেকনিকে ফিল্ডিং করে সেটা একটু ভিন্ন। তবে আমি যেটা বোঝাতে চাইছি সেটা সবাই সহজেই ধরতে পারছে। এটা ভালো লক্ষণ। আপনি কি তাহলে নতুন কিছু শেখাতে চাইছেন তাঁদের?ফাউন্টেন: প্রথমে আমি তাদের স্বাভাবিক দক্ষতাকেই আরও নিখুঁত করার চেষ্টা করছি। নতুন কিছু করার আগে আমাকে তো বুঝতে হবে তারা আসলে কী করতে পারে, কোন জায়গায় তাদের সাহায্য লাগবে। তাদের দক্ষতা এবং সামর্থ্য সম্পর্কে ভালোভাবে জানার পর আমি পরের ধাপে যাব। কাজের বাইরে ঢাকা শহর কেমন লাগছে? এখানকার মানুষ, আবহাওয়া...ফাউন্টেন: খুবই ভালো, আমার এখানে সত্যিই ভালো লাগছে। সবাই খুব বন্ধুভাবাপন্ন, সব কাজে সাহায্য করতে এগিয়ে আসে। মাঠে, রাস্তাঘাট-দোকানপাট সবখানে। আপনি তো মূলত একজন বেসবল খেলোয়াড় ছিলেন...ফাউন্টেন: (হাত দিয়ে থামিয়ে প্রশ্ন শেষ করতে না দিয়েই) একটা ব্যাপার, আমি কিন্তু ক্রিকেট খেলাটাই আগে শুরু করি। এর অনেক অনেক পর বেসবলে আসি। কাজেই আমি দুই খেলারই খেলোয়াড়। তাহলে ক্রিকেট কোচ হলেন কেন? এটাকেই কি বেশি ভালোবাসেন?ফাউন্টেন: দুটি খেলাই আমার কাছে সমান পছন্দের। (একটু ভেবে) ক্রিকেট কোচ হলাম, এটার কারণ ভাগ্য...আমার ভাগ্য। একবার একটা ক্রিকেট কোচিং ক্যাম্পে আমাকে বেসবল সম্পর্কে কিছু টিপস দেওয়ার জন্য ডাকা হলো। সেখান থেকেই আমি ক্রিকেটারদের কোচ হয়ে গেলাম, বেসবল খেলোয়াড় বা কোচের চেয়ে এই পরিচয়টাই এখন বড়। ক্রিকেটের সঙ্গে বেসবলের কী সম্পর্ক? কী ধরনের মিল আছে দুটি খেলায়?ফাউন্টেন: দুটি খেলায় অনেক মিল। ঐতিহাসিকভাবেই ক্রিকেট আর বেসবলের একটা সম্পর্ক আছে। বেসবলের জন্ম ক্রিকেট থেকেই। আজ থেকে দুই-তিন শ বছর আগে যুক্তরাষ্ট্রের মানুষ ক্রিকেট থেকে বেসবল খেলাটা বের করে। এর পর থেকে ক্রিকেটের রাস্তা এক দিকে চলে যায়, বেসবলের আরেক দিকে। তবে ক্রিকেটকেই বেসবলের বাবা-মা বলতে পারেন। তবে টেকনিকের দিক দিয়ে দুটি খেলায় মিল যেমন অনেক, পার্থক্যও অনেক। এর আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান দলের ফিল্ডিং কোচ ছিলেন। কোন দলকে ভালো ফিল্ডিং দল মনে হয়েছে?ফাউন্টেন: তিনটা দলই পেশাদার দল। ভালো ভালো ক্রিকেটার ছিল সেসব দলে। আলাদা করে কোনো দলের কথা বলতে পারব না। এই তিন দলের সঙ্গেই আমার আনন্দময় সময় কেটেছে। এখন বাংলাদেশ...বাংলাদেশের ব্যাপারেই আমার সব মনোযোগ।