‘ক্রিকেটে এসব ভাবা মানেই চাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের হয়ে প্রথম বিদেশ সফর ছিল জিম্বাবুয়েতে। তখন তিনি কৈশোরের সীমানায়। মাঝের এক যুগে নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার আবার যাচ্ছেন দলের ভরসা হয়ে। মোহাম্মদ আশরাফুল কথা বললেন আগের আর এবারের জিম্বাবুয়ে সফর নিয়ে  বাংলাদেশের সব জিম্বাবুয়ে সফরেই একটা ব্যাপার ‘কমন’। বলতে পারেন, সেটি কী?মোহাম্মদ আশরাফুল: উমমম...সব সফরেই আমি ছিলাম, এটাই কি? জানেন তো দেখা যাচ্ছে। প্রথম সফরটার কথা কি মনে পড়ে? ২০০১ সালের এপ্রিল, জাতীয় দলের সঙ্গে আপনার প্রথম বিদেশ সফর...আশরাফুল: মনে তো পড়ে সবই। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের প্রথম সফর ছিল সেটিই। মাঠের বাইরে অনেক মজা করেছিলাম আমরা। অনেক ছোট ছিলাম, সবকিছুতেই মজা পেতাম। মাঠে, ড্রেসিংরুমে অনেক মজা হতো। ট্রেভর চ্যাপেল ছিল কোচ, আমি ওকে ‘সাদা দাদা’ বলে ডাকতাম, ও আমাকে ডাকত ‘পিচ্চি নাতি’। আমরা যারা একাদশের বাইরে থাকতাম, তাদের অনেক ফিল্ডিং প্র্যাকটিস করাত ট্রেভর। সেখানেও মজা হতো। খাওয়ার অনেক সমস্যা ছিল তখন, শুধু চিকেন খেতাম আমরা। হারারেতে তখন সাতটা বাঙালি পরিবার ছিল। ওরা দাওয়াত করত, আমরা দুভাগ হয়ে ঘুরেফিরে যেতাম খেতে। তবে সব ভাগেই আমি থাকতাম! ওই সফরেই আপনার আন্তর্জাতিক অভিষেক। অভিষেক ওয়ানডেটা মনে পড়ে?আশরাফুল: হ্যাঁ, সিরিজের শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলাম। আমি তখন অনেক মেরে খেলতাম। ম্যাচের আগে সবাই বলল, আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু এত মারা যাবে না। আমি বলেছিলাম, আমি নিজের মতোই খেলব। যখন উইকেটে গেলাম, জাভেদ ভাই আমাকে বলল, ব্রায়ান স্ট্র্যাংয়ের স্লোয়ারটা একটু দেখে খেলতে। দ্বিতীয় বলেই আমি পুল করে চার মারলাম, পরে স্কয়ার ড্রাইভে আরেকটা। কিন্তু স্ট্র্যাংয়ের স্লোয়ারেই আউট হলাম পয়েন্টে ক্যাচ দিয়ে। ছোট ছিলাম তখন, ড্রেসিংরুমে এসে হাসছিলাম। সবাই কারণ জিজ্ঞাসা করার পর বললাম, ‘ইমরান ভাই (কোচ সারোয়ার ইমরান) বলেছিলেন আমি ৯ রানের বেশি করতে পারব না। কেন বলেছিলেন, জানি না। সত্যিই আমি ৯ করে আউট হলাম!’ সর্বশেষ জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টটিতে আপনি ভালো করেছিলেন। কিন্তু দলের জন্য সফরটি ছিল দুঃস্বপ্নের...আশরাফুল: আমিও ভালো করেছিলাম বলব না। প্রথম ইনিংসে ৭৩ করে আউট হয়েছিলাম বাজে এক শটে। ওই ইনিংসটা আরও বড় করা উচিত ছিল। দ্বিতীয় ইনিংসে করেছিলাম ৩৯, ওইটাও আরও বড় করা উচিত ছিল। আর দলের জন্য আসলেই ভালো যায়নি সফরটা। আসলে সেবার আমাদের প্রস্তুতি ভালো ছিল না। প্র্যাকটিস ম্যাচটাতেও খুব বাজে উইকেট দিয়েছিল ওরা। এবারও তো এক দিনও অনুশীলন হলো না, জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচও নেই!আশরাফুল: তাতে সমস্যা নেই। অনেক দিন থেকে আমরা খেলার মধ্যেই আছি। আর প্রস্তুতি ম্যাচ না থাকাতে একদিক থেকে ভালোই হয়েছে। কারণ, ওরা নিশ্চিতভাবেই খুব বাজে উইকেট দিত। ওখানে খারাপ করে আমাদের আত্মবিশ্বাস আরও কমে যেত। এর চেয়ে কয়েক দিন মনোযোগ দিয়ে ব্যাটিং-বোলিং অনুশীলন করতে পারব আমরা, ফিটনেস ট্রেনিংটাও ভালো হবে। গত সফরের প্রতিশোধ নেওয়ার ভাবনাটা বাড়তি চাপ হয়ে যাচ্ছে না?আশরাফুল: প্রতিশোধ ব্যাপারটাকে আসলে মাথায় ঢোকানো যাবে না। ক্রিকেটে এসব ভাবা মানেই চাপ। নিজেদের খেলায় মন দিতে হবে। আমরা এখন যেমন খেলছি, সেভাবে খেলতে পারলে ওরা এমনিতেই পেরে উঠবে না। শ্রীলঙ্কায় ভালো করার পর আপনার কাছেও তো প্রত্যাশা আবার বেড়ে গেছে...আশরাফুল: এটা নতুন কিছু নয়, ক্যারিয়ারের শুরু থেকেই আছে। এই চাপ নিয়েই খেলছি। ওসব ভাবছি না। আমার লক্ষ্য থাকবে সেট হয়ে গেলে অনেক লম্বা ইনিংস খেলা। বড় সেঞ্চুরি করা। সেট হওয়ার পর যেন অল্প রানেই আউট না হই।