ঘটনার কেন্দ্রবিন্দুতে তিনি। ক্লাব কর্মকর্তাদের পাশে দাঁড়ানো ভিক্টোরিয়ার পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে তাই একটু বিব্রতই মনে হচ্ছিল। কিন্তু নতুন এই অভিজ্ঞতার পর ঢাকার ক্লাব ক্রিকেট সম্পর্কে যে ধারণা তিনি নিলেন, সেটা বোধহয় বিব্রতকর বাংলাদেশের ক্রিকেটের জন্যও মোহামেডান থেকে ছাড়পত্র পেয়েছেন কবে?মোহাম্মদ ইউসুফ: গত বছর লিগ খেলা শেষ করার পরই ছাড়পত্র পেয়েছি। তারিখটা কি মনে আছে?ইউসুফ: সম্ভবত ডিসেম্বরে বা জানুয়ারিতে। তখন আমি পাকিস্তানে ফিরে যাই। ওখানেও ঘরোয়া ক্রিকেট শুরু হয়েছিল। তখন জানতাম না ঢাকায় আবার ফিরব কি ফিরব না। পরের বার আসব কি না, তাও নিশ্চিত ছিলাম না। এলেও কোনো কারণে মোহামেডান যদি আমাকে না নেয়...এসব ভেবেই ক্লাব থেকে ছাড়পত্র নিয়ে নিয়েছিলাম। কিন্তু মোহামেডান তো বলছে তারা আপনাকে কোনো ছাড়পত্র দেয়নি। ভিক্টোরিয়াতে আপনার খেলা অবৈধ...ইউসুফ: জানি না, এখানকার ঘরোয়া ক্রিকেটে কী আইনকানুন আছে। যা-ই থাকুক, সবাইকে সেটা মানতে হবে। তবে এটাও ঠিক, আগেরবার ফিরে যাওয়ার সময় আমি ছাড়পত্র নিয়েই গিয়েছিলাম। এখানে যদি নিয়ম মানার ব্যাপারও থাকে, সেই অনুমতি আমি নিয়েছি। অনেক দিন ধরেই ক্রিকেট খেলছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট বা অন্য কোথাও কি কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়েছেন?ইউসুফ: আমি এর মধ্যেই বলেছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি বলব, নিয়মটাই ঠিক নয়। আমি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেছি, কাউন্টিতেও খেলেছি। কোথাও দেখিনি এক বছর একটা দলে খেলার পর পরের বছর অন্য দলে খেলতে আগের দলের অনুমতি লাগে। হ্যাঁ, একই মৌসুমে আপনি আরেকটা দলে খেলতে পারবেন না। তবে পরের বছর যে দলে ইচ্ছা খেলা যায়। এখানেই এটা প্রথম দেখলাম। ঢাকার ক্রিকেটে এর আগেও খেলেছেন। অনেক প্রশংসাও করেছিলেন এখানকার ঘরোয়া ক্রিকেটের। নতুন এই অভিজ্ঞতার পর কী বলবেন?ইউসুফ: আমি মনে করি, এটা ক্রিকেটের চেতনার সঙ্গে যায় না। মোহামেডান যদি আমাকে না রাখে বা আমি যদি মোহামেডানে না খেলি, আমাদের দুই পক্ষেরই অধিকার থাকে আরেকটা দল বেছে নেওয়ার বা আরেকজন খেলোয়াড়কে খেলানোর। আমাদের সে অধিকার আছে। আর এটা তো দেখতেও ভালো লাগছে না। আমি মোহামেডানে খেলছি না, অথচ মোহামেডান আমাকে অন্য দলে খেলারও অনুমতি দিচ্ছে না...। সবচেয়ে বড় কথা, ম্যাচের একটা ইনিংস শেষ হয়ে যাওয়ার পর কীভাবে এই বিষয়টা শুরু হয়! এটা ঠিক হলো না। এসব ক্ষেত্রে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নিয়ম কী?ইউসুফ: ওখানে আপনি এক বছরে একটা দলেই খেলতে পারবেন। এক দলে খেলে ওই বছরই আরেকটা দলে যেতে পারবেন না। তবে পরের বছর যেতে পারবেন। পুরোনো দলের কাছ থেকে কোনো ছাড়পত্র কি নিতে হয় তখন?ইউসুফ: না, সেটার দরকার হয় না। ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে এক বছরের চুক্তি হয়। সেই চুক্তি শেষ হলে আপনি যেকোনো দলে খেলতে পারবেন। আর মোহামেডানের সঙ্গে তো আমার চুক্তি এক বছরেরও নয়। কয়েক সপ্তাহ বা কয়েকটা ম্যাচের চুক্তি ছিল। তার ওপর ওই চুক্তির পর প্রায় দেড় বছর সময় পার হয়ে গেছে। এখন চিন্তাভাবনা কী? ঢাকাতেই থাকবেন, নাকি চলে যাবেন?ইউসুফ: যদি খেলি তো থাকব। নয়তো চলে যাব। না খেলতে পারলে আর থেকে কী হবে?