প্রচারকামীদের এই যুগে তিনি বিরল একজন, সংবাদমাধ্যমের মুখোমুখি হতে খুব একটা পছন্দ করেন না। কিন্তু চার বছর পর দলে ফেরা একজনকে নিয়ে তো আগ্রহ থাকেই। জিম্বাবুয়ের ২২ বছর বয়সী অলরাউন্ডার কিগান মেথ কাল কথা বললেন তাঁর বৈচিত্র্যময় খেলোয়াড়ি জীবন নিয়ে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট, জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তনটা তো ভালোই হলো...কিগান মেথ: হ্যাঁ, খুবই ভালো লাগছে। দলে ফেরার জন্য বছর খানেক ধরে আমি খুবই কষ্ট করেছি। দেশে যে ধরনের উইকেটে খেলা হয়, কাজটা খুব সহজ ছিল না। তবে প্রস্তুতি ম্যাচে ভালো করলেই তো হবে না, আমি সিরিজটার দিকে তাকিয়ে আছি। এই সিরিজেই দলে জায়গা পাকা করতে চাই। কিন্তু পেস বোলিং অলরাউন্ডারের জন্য তো এখানে উইকেট খুব সুবিধের নয়...মেথ: জিম্বাবুয়ের উইকেটও কিন্তু অনেকটা এ রকমই, স্পিন-বান্ধব। উইকেটটা তাই বেশি সমস্যা নয়, আমি জানি এ ধরনের উইকেটে কীভাবে বোলিং করতে হয়। স্রেফ কন্ডিশনটা আলাদা। সেটাও মানিয়ে নিতে পারব বলে আশা করছি। ১৮ বছর বয়সে পাঁচটি ওয়ানডে খেলে চার বছরের জন্য উধাও হয়ে গেলেন, সমস্যাটা আসলে কোথায় ছিল?মেথ: সমস্যা ছিল জিম্বাবুয়ের রাজনীতি, জিম্বাবুয়ে ক্রিকেট তাদের প্রতিশ্রুতি রাখেনি। তবে সেসব এখন বিস্তারিত বলতে চাই না, মনেও রাখতে চাই না। পরিস্থিতি অনেক ভালো হয়েছে, এ জন্যই আবার ফিরেছি। এর পর তো দক্ষিণ আফ্রিকায় চলে গেলেন। সেটা কি ক্রিকেট খেলার জন্য, নাকি জিম্বাবুয়ের আরও অনেকের মতো পড়াশোনার জন্য?মেথ: শুধুই ক্রিকেট খেলতে। ওখানে আমি হাইভেল্ড লায়ন্স দলের হয়ে খেলেছি। তবে লঙ্গার ভার্সন নয়, শুধুই ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওই অভিজ্ঞতা দলে ফিরতে কতটুকু কাজে লেগেছে?মেথ: অনেক। দক্ষিণ আফ্রিকায় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় বড় তারকাদের সঙ্গে খুব একটা খেলা হয়নি, তবে বাকিরাও ছিল অনেক ভালো। অনেক শিখেছি আমি, টাকা-পয়সাও ভালো। আপনি তো হকিও খেলতেন?মেথ: হ্যাঁ, সেন্টার হাফ ছিলাম। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছি দক্ষিণ আফিকার বিপক্ষে। মানে, ক্রিকেট-হকি দুটোই পাশাপাশি খেলেছেন?মেথ: হ্যাঁ, আমাদের পরিবারটাই আসলে হকি পরিবার। আমার বাবা-মা দুজনই হকি খেলোয়াড় ছিলেন। বাবা জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন, মা জাম্বিয়ার হয়ে। আমার বোন এখন জিম্বাবুয়ে মহিলা হকি দলে খেলছে। ছেলেবেলা থেকে আমি ক্রিকেট-হকি দুটোই খেলে এসেছি। কারণ, দুটোর মৌসুম ছিল আলাদা। ক্রিকেটের চেয়ে হকিতেই আমি বেশি ভালো ছিলাম। আয়ারল্যান্ডের ঘরোয়া হকিতেও খেলেছি। তাহলে হকি ছাড়লেন কেন?মেথ: কারণ, টাকা। হকিতে কোনো টাকাই নেই। ক্রিকেটেও খুব বেশি নেই, তবে হকির চেয়ে বেশ ভালো। বছর দুয়েক আগে তাই হকি ছেড়ে দিলাম। টাকা নেই বলে এখন তো জিম্বাবুয়েতে হকি খেলাই হয় না। তবে এখানে আসার আগে শুনছিলাম হকির পেছনে দুই মিলিয়ন খরচ করা হবে, স্পনসর আনা হবে। যদি সুদিন ফেরে, তাহলে হয়তো আবার হকি খেলা শুরু করতে পারি। তবে অবশ্যই ক্রিকেট আগে, ক্রিকেট খেলে সময় পেলে তখনই হকি। দেশে-দেশের বাইরে আদর্শ কেউ ছিল বা আছে?মেথ: ক্রিকেট শুরুর পর থেকেই স্বপ্ন দেখতাম হিথ স্ট্রিকের সঙ্গে বোলিং ওপেন করব। অল্পের জন্য সেটা হয়নি, তবে আমি ভাগ্যবান, কোচ হিসেবে তাঁকে পেয়েছি। আমার ঘরোয়া ক্রিকেটের দলেও স্ট্রিকি বোলিং কোচ, ব্যাটিং কোচ ডেভ হটন। কোচিংটা খুব ভালো পাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কিছু ধারণা আছে?মেথ: বুলাওয়েতে ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলেছিলাম। সম্ভবত ২০০৬ সালে, যতদূর মনে পড়ে পাঁচটি ওয়ানডে, দুটি চার দিনের ম্যাচ। কিছু ধারণা তাই আছে।