দুই মৌসুম আগে ফুটবলে প্রত্যাবর্তনের পর থেকেই নানা বিষয় নিয়ে তিনি উচ্চকণ্ঠ। এবার তাঁর নেতৃত্বে গঠিত হলো পেশাদার লিগের ক্লাবগুলোর নতুন জোট। এটি ফুটবলের জন্য আশীর্বাদ হলো, নাকি সমস্যা? এসব নিয়েই নানা প্রশ্নের উত্তর দিলেন জোটের আহ্বায়ক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের হঠাৎ আপনি সবাইকে এক করে ক্লাব জোট করলেন। পেছনের কারণ কী?মনজুর কাদের: হঠাৎ নয়। তিন বছর আগে আমি ফুটবলে ফিরেছি। এ সময় আমি উপলব্ধি করেছি, লিগ পরিচালনা কমিটিতে বিরাট সমস্যা আছে। সমস্যায় ভারাক্রান্ত রেফারিজ কমিটিও। এ কমিটিগুলোকে ঢেলে সাজিয়ে ফুটবলকে সুন্দরভাবে পরিচালনা করা দরকার। এ জন্যই আমরা সবাই এক হয়ে ক্লাব সমিতি করেছি। ফুটবলে তো সমস্যা অনেক। আপনি শুধু লিগ কমিটি আর রেফারিজ কমিটির কথা বলছেন কেন? মনজুর: রেফারিং নিয়ে বড় সমস্যায় আছি আমরা। এর আগে এক ক্লাব সভাপতি তাঁর দলের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়ায় রেফারিজ কমিটির রুমের দরজায় লাথি পর্যন্ত মেরেছেন। ফেডারেশন কাপের ফাইনালে আমার দল হারল, অথচ আমার দলের পক্ষে পরিষ্কার পেনাল্টি দেওয়া হলো না। এভাবে তো চলতে পারে না। আমাদের তাই সোচ্চার হতে হয়েছে। আপনার নিজের ক্লাব ভুক্তভোগী বলেই কি জোট করার উদ্যোগ?মনজুর: আজ আমরা ভুক্তভোগী হয়েছি, কাল আরেক দল হবে। কিন্তু এভাবে তো চলতে পারে না। দেখলাম, রেফারির অত বড় অন্যায়ের পরও কোনো ব্যবস্থা নেই। তাই ম্যাচের ভিডিও দেখাই ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন সাহেবকে। তিনিও একমত, ওটা পেনাল্টি ছিল। এ অবস্থায় ব্যবস্থা না নিলে ফুটবল এক পা-ও এগোবে না। আমরা কোটি কোটি টাকা দিয়ে টিম করে এমন অনাচারের শিকার হব, তা চলতে পারে না। (ওই রেফারিকে শাস্তি দিয়েছে বাফুফে)। অনেকের শঙ্কা আপনারা অতীতের মতো ‘জেন্টলমেনস অ্যাগ্রিমেন্ট’ করে ফুটবলারদের হাত-পায়ে শিকল পরাবেন না তো?মনজুর: তেমন অভিপ্রায় আমাদের নেই। ক্ষতিকর কিছু তো নয়ই, বরং ক্লাবগুলোর ভিত্তি দৃঢ় করতেই এই জোট। আমরা খেলার উন্নতি চাই। তবে খেলোয়াড়কে টাকা দিলাম, সে সার্ভিস ঠিক মতো দিল না, ইচ্ছাকৃত কার্ড দেখে দলকে ভোগাল, খ্যাপ খেলতে চলে গেল, এটা চলতে দেওয়া যাবে না। খেলোয়াড়দের পেমেন্ট সিস্টেম নিয়েও আমাদের ভাবতে হবে। ক্লাবগুলো সমঝোতা করে পাতানো ম্যাচ খেলবে না, এই নিশ্চয়তা কী?মনজুর: আমরা পাতানো ম্যাচ খেলব না। সেই উদ্দেশ্য নিয়ে ক্লাব সমিতি করিনি। আমরা দেখছি, ফুটবল ফেডারেশনের কিছু লোক টেবিলে ফুটবলের ভাগ্য নির্ধারণ করে। এটা বন্ধ করতেই আমাদের এ উদ্যোগ। কিন্তু ক্লাবগুলোর নিজেরই হাজার সমস্যা। পেশাদারি দূরের কথা, একটা মাঠ পর্যন্ত নেই। ফিজিও, ট্রেনার নিয়োগ করে না ক্লাবগুলো। এসব বিষয়ে আপনাদের উদ্যোগ দেখা যাচ্ছে না কেন?মনজুর: ক্লাবগুলোর আর্থিক সমস্যা আছে। তা ছাড়া সবার সামর্থ্য এক নয়। তবে আমি মনে করি, ক্লাবগুলোর অবকাঠামো শক্তিশালী করতেই হবে। সবারই নিজস্ব মাঠ দরকার। ফিজিও-ট্রেনারসহ যা প্রয়োজন, আস্তে আস্তে ক্লাবগুলো পূরণ করবে আমার আশা। ক্লাব অবকাঠামো বাড়ানো নিয়ে আপনাদের মধ্যে কোনো আলোচনা কি আছে? মনজুর: ক্লাবের অবকাঠামো বাড়ানো খুব কঠিন। মাঠের জন্য জায়গা দরকার। এই কাজে সরকারকে এগিয়ে আসতে হবে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠ সংস্কার করতেই আমাদের কোটি টাকার ওপরে খরচ হয়েছে। মাঠ রক্ষণাবেক্ষণের জন্য একটা মেশিন কিনব, ১ লাখ ১০ হাজার ডলার কোটেশন দিয়েছে একটি প্রতিষ্ঠান। বুঝুন, এটা কত ব্যয়বহুল। আমরা এই বিষয়গুলো নিয়ে সামনে অবশ্যই কাজ করব।