এনটিভিতে আজ রাতে দেখানো হবে স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠান নুরজাহান গ্র্যান্ড মিউজিক। প্রতি মাসের শেষ বৃহস্পতিবার দেখানো হয় অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করবেন এলিটা করিম। আজ এখানে গান করবেন সামিনা চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।এ ধরনের অনুষ্ঠানে কত দিন পর গান করছেন?দেশ টিভিতে বছর খানেক আগে একক অনুষ্ঠান করেছিলাম। এরপর একই চ্যানেলে আমি আর আমার বোন ফাহমিদা মিলে আরেকটি অনুষ্ঠান করেছি। এ ধরনের অনুষ্ঠানের বড় মজাটা হলো, এখানে দর্শকদের খুব কাছাকাছি থাকা যায়। তাদের পছন্দের কথা জানা যায়।আজ কোন গানগুলো করবেন?আমার খুব জনপ্রিয় হওয়া গানগুলো গাওয়ার কথা ভাবছি। বাবার (মাহমুদুন্নবী) কয়েকটি গান করব। বাবার ‘সালাম পৃথিবী’ গানটা তো অবশ্যই করব। এ ছাড়া রবীন্দ্রসংগীত গাওয়ার ইচ্ছা আছে। আপনার বাবার গান নিয়ে তো বিটিভিতে একটি অনুষ্ঠান করেছেন।হ্যাঁ, গান চিরদিন। শুনেছি বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার পর অনুষ্ঠানটি বিটিভিতে দেখানো হবে। এখানে আমি আর ফাহমিদা গান করেছি। আমরা ওখানে গেয়েছি ‘সালাম পৃথিবী’, ‘আয়নাতে ওই মুখ’, ‘সাত সাগর পাড়ি দিয়ে’, ‘ও মেয়ের নাম দেব কী’, ‘সুরের ভুবনে’ গানগুলো। এ ছাড়া অনেকগুলো গানের অংশবিশেষ গেয়েছি। আপনি তো অনেক দিন পর গানের প্রতিযোগিতার বিচারক হলেন। চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা এবার দারুণ উপভোগ করছি। আমরা ভালো কিছু কণ্ঠ পেয়েছি। প্রতিযোগীদের মানও যথেষ্ট উন্নত। বিচারকের কাজ করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এখন এফডিসিতে অনুষ্ঠানটির ধারণকাজ হচ্ছে। পরপর কয়েকটি প্রতিযোগিতায় বিচারকের কাজ করলেন। কেমন মনে হচ্ছে?এখন সবাই গান করতে চায়। সংগীতায়োজনের কারিগরি দিকে আমরা অনেক এগিয়েছি। কিন্তু ভালো শিল্পী তৈরি হচ্ছে না। ভালো কণ্ঠ পাওয়া যায়, উপযুক্ত যত্নের অভাবে আমরা তাদের হারাচ্ছি। ভালো শ্রোতা অনেক আছে। আমাদের শিল্পীদের দায়িত্ব এই শ্রোতাদের জন্য ভালো ভালো গান তৈরি করা।