‘কয়েক বছর থাকার জন্যই ফিরেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে সোনা জিতছেন আতিকুর রহমানকে সঙ্গে নিয়ে। সেই আতিককে নিয়েই ২২ বছর পর আজ আবার জাতীয় শ্যুটিংয়ে ফিরছেন। দীর্ঘ এই সময় পর সবাইকে অবাক করে নিজের ফেরার কারণটা জানাচ্ছেন বাংলাদেশের শ্যুটিংয়ের উজ্জ্বল তারকা আবদুস সাত্তার নিনি  ২২ বছর পর হঠাৎ শ্যুটিংয়ে ফেরার ইচ্ছে হলো কেন?আবদুস সাত্তার নিনি: কেন, ইচ্ছে করতে পারে না (হাসি)? আমার একটা ইচ্ছে সব সময়ই ছিল। কিন্তু ব্যবসায়িক ব্যস্ততায় এত দিন ফেরা হয়নি। এখন সেই ব্যস্ততা কমেছে (জিএমজি এয়ারলাইনসের চেয়ারম্যান ছিলেন, ওই এয়ারলাইনসের অপারেশন এখন বন্ধ, যদিও আরও ব্যবসা আছে)। তাই শ্যুটিংয়ে সময় দিতে পারব ভাবছি।  আপনি আরও অনেক দিনই খেলতে পারতেন। সেরা সময়েই ছেড়ে দিয়েছিলেন কেন?নিনি: অনেক কারণ। ১৯৮৯ সালে সর্বশেষ জাতীয় শ্যুটিং করেছি। ১৯৯০ সালের জানুয়ারিতে অকল্যান্ডে সোনা জেতার পর বাবা মারা গেলেন। সেই থেকেই ছিটকে যাওয়া শুরু। তারপর তালগোলে ১৯৯৩ সালের সাফ গেমস করলেও আর সক্রিয় থাকতে পারলাম না খেলায়।  এখন আবার ফিরে নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন?নিনি: হুম....এটা আরও পরে বোঝা যাবে। কাল (আজ) ১০ মিটার এয়ার পিস্তলে প্রতিদ্বন্দ্বিতা করব। শুরু করি, তারপর দেখা যাক। তা ছাড়া নতুন পিস্তল কিনেছি, সেটির সঙ্গে মানিয়ে নিতেই তো কয়েক দিন লেগে যায়। আসলে এখন আমার মূল কাজ সবার সঙ্গে পরিচিত হওয়া। একটা লম্বা গ্যাপ পড়ে গেছে। সব নতুনই লাগছে।  কত দিন চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে?নিনি: কয়েক বছর থাকার জন্যই ফিরে এসেছি। ইচ্ছে আছে অন্তত চার-পাঁচ বছর খেলা চালিয়ে যাব। ২০১৪ সালে স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমস আছে। সেটিকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করব ভাবছি। এটা আমার মনের সুপ্ত ইচ্ছে। তবে খেলা শুরুর পর বুঝব, কতদূর যাওয়া সম্ভব। এখন বয়স ৫৩। বয়স বাড়ার সঙ্গে মানুষের ক্ষমতাও তো কমতে থাকে। কোনো কোচ নিয়োগ দেবেন?নিনি: আগেও আমি যখন শ্যুটিং করেছি, কোনো কোচ ছিল না। এখনো নেই। কোচ নেওয়ার ইচ্ছেও নেই। নিজেই নিজের কোচ। আপনার সতীর্থ আতিকুর রহমানও ফিরছেন। দুজন একসঙ্গে প্র্যাকটিস করলে নিশ্চয়ই সেটা ভালো হবে?নিনি: তা তো হবেই। আতিক আমরা বন্ধু মানুষ। সব সময়ই একে অন্যকে সহযোগিতা করেছি। এখনো করব। ছোটখাটো অনেক ব্যাপারই আছে, দুজন হেল্প নিতে পারব একে অন্যের। আপনাদের এই ফিরে আসা তরুণ শ্যুটারদের জন্য প্রেরণা হবে। আপনি কীভাবে দেখছেন?নিনি: এটা তো বলার অপেক্ষাই রাখে না যে, আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারব তরুণদের সঙ্গে। তরুণদের সামনে একটা আইকন তো লাগে। আমাদের দেখে ওরা উদ্বুদ্ধ হবে। ওদের চেয়ে আমরা ভালো করলে হয়তো ওদের মধ্যে আরও ভালো করার একটা জেদ চাপবে। সেটি শ্যুটিংয়ের জন্য ভালো ফলই আনবে মনে করি।  আপনি-আতিক পিস্তলে দেশকে সাফল্য দিয়ে গেছেন। সেই পিস্তলে এরপর আর সাফল্য দূরে থাক, আন্তর্জাতিক মানের শ্যুটারই নেই। কেন?নিনি: সাফল্য সামনে আসবে আশা করি। পিস্তলে কিন্তু এখন ৮-১০ জন ভালো শ্যুটার উঠে এসেছে। আমি মনে করি, এই শ্যুটারদের সুযোগ-সুবিধা দিতে পারলে সাফল্য না আসার কোনো কারণ নেই। সামগ্রিকভাবেই দেশের শ্যুটিং উন্নতির পথে আছে।