শ্রীলঙ্কায় আগামী ৮-১৪ অক্টোবর প্রথম দক্ষিণ এশীয় বিচ গেমস। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। এ দেশের ফুটবলারদের কাছে বিচ ফুটবল একেবারেই নতুন অভিজ্ঞতা। সেটিই জানাচ্ছেন বাংলাদেশের বিচ ফুটবল দলে ডাক পাওয়া স্ট্রাইকার এনামুল হক বাংলাদেশের প্রথম বিচ ফুটবল দলে ডাক পাওয়ার খবর শুনেছেন?এনামুল হক: শুনেছি। আমি তো এখন নওগাঁয়, আজ (কাল) সকালে পত্রিকায় খবরটা দেখে অবাকই লেগেছে। আমরা কখনো বিচ ফুটবল খেলব কল্পনাতেই ছিল না। বিচ ফুটবল নিয়ে কি কোনো ধারণা আছে?এনামুল: আমরা কখনো বিচ ফুটবল খেলিনি। তবে ডিডোর কোচিংয়ে কক্সবাজারে বালুর মধ্যে কয়েক দিন অনুশীলন করেছিলাম। সেটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। বিচ ফুটবল বালুর মধ্যেই হয়। সেদিক থেকে আমরা এর সঙ্গে খানিক পরিচিতই। বিচ ফুটবল কীভাবে খেলতে হয়, নিয়মকানুন সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন?এনামুল: দুই অর্ধে ১২ মিনিট করে খেলা। ফাইভ-এ-সাইড ম্যাচ। যেকোনো খেলোয়াড়কে যখন-তখন পরিবর্তন করা যায়। খালি পায়ে খেলতে হয়। মোটামুটি এই জিনিসগুলো জানি। টিভিতে বিচ ফুটবল দেখেন?এনামুল: কমবেশি দেখি। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড...অনেক দেশই খেলে। দেখতে মজাই লাগে। দেখতে দেখতে ভাবতাম, আমরা যদি এই রকম একটা সুযোগ পেতাম। সেই সুযোগ এসে যাওয়ায় আমার খুবই ভালো লাগছে। পত্রিকায় খবরটা পড়ার পর থেকে দিনটা খুবই ভালো কাটছে। বাংলাদেশ দলে অন্য যাঁরা ডাক পেয়েছেন, তাঁদের সঙ্গে বিচ ফুটবল নিয়ে আজ কথাটথা হয়েছে?এনামুল: কথা হয়েছে। ওয়ালিসহ কয়েকজন আমাকে ফোন দিয়েছিল। আমিও দিয়েছি। সবাই মোটামুটি অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুরো জিনিসটাই যে আমাদের জন্য নতুন। বিচ ফুটবল দলে আপনার সতীর্থ বিপ্লব ভট্টাচার্য কাল বলছিলেন, বিচ ফুটবল খেললে সামনে জাতীয় দলের সাফ ক্যাম্পের জন্য সুবিধা হবে। আপনার কী মনে হয়?এনামুল: আমারও একই কথা। বালুর মধ্যে খেললে খেলোয়াড়দের পেশি আরও শক্তিশালী হবে। এতে ফিটনেসের উন্নতি হবে অনেক। একই সঙ্গে দমও বাড়বে। সব মিলিয়ে গোটা ব্যাপারটাই খেলোয়াড়দের জন্য ভালো। আপনার জন্য বোধ হয় এটা একটা সুযোগও। অনেক দিন জাতীয় দলে নেই। গত মৌসুমটা শেখ জামালের বেঞ্চে কাটালেন...এনামুল: হ্যাঁ, আমি আসলে আলোচনার বাইরেই চলে গিয়েছিলাম। গত বছর গুয়াংজুতে এশিয়ান গেমসের পর জাতীয় পর্যায়ের কোনো দলে নেই। এখন বিচ ফুটবল দলে ডাক পেয়েছি। হোক বিচ ফুটবল, তবু তো এটা জাতীয় দল। আল্লাহর অশেষ রহমত। আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। তার মানে এই দলে ডাক পাওয়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন?এনামুল: অন্য সময় হলে হয়তো এত আলোড়িত হতাম না। কিন্তু এখন পরিস্থিতি আমার অনুকূলে নয়। আমি তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। যদিও অনেকে বলবেন, বিচ ফুটবল আর এমন কী...। তবুও এখানে নিজেকে তুলে ধরতে চাই। যাতে করে জাতীয় দলে আবার জায়গা করে নিতে পারি। বিচ দলের অনুশীলন কোথায় হবে জানেন কিছু? ফেডারেশন থেকে যোগাযোগ করেছে?এনামুল: শুনেছি, অলিম্পিক অ্যাসোসিয়েশন টাকা দিলে যাওয়ার আগে কক্সবাজার সপ্তাহ খানেক অনুশীলন হতে পারে। আর কিছু জানি না। এখন আমি ঢাকা রওনা দেব। কাল (আজ) রিপোর্টিং আছে বাফুফে ভবনে।