‘খসড়া সম্প্রচার নীতিমালা মানবাধিকারের পরিপন্থী’
খসড়া সম্প্রচার নীতিমালাকে ‘স্বৈর আইন’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি বলেন, সম্প্রচার নীতিমালা গণতন্ত্র ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী। এটি তথ্য অধিকার আইনেরও পরিপন্থী।আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ‘মানবাধিকার-গণতন্ত্র ও গণমাধ্যমে স্বাধীনতা: বর্তমান প্রেক্ষাপট’ এক সেমিনারে মাহবুবুর রাহমান এ কথা বলেন।মাহবুবুর রহমান বলেন, সংবাদমাধ্যম হচ্ছে জাতির বিবেক। সরকার আইনের মাধ্যমে সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করতে যাচ্ছে।মাহবুবুর রহমান আরও বলেন, জাতীয় সংসদে কোনো গণসম্পৃক্ততা নেই। আন্তর্জাতিক যেসব চুক্তি হয়, সেগুলো সংসদের আলোচনা হওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এসব চুক্তি সেখানে আলোচনা হয়নি।বিএনপির নেতা বলেন, ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় হানাহানি, রক্তপাত, ঝামেলাসহ বিচ্ছিন্নবাদী আন্দোলন চলছে। এ আন্দোলন ঠেকাতে ভারত সেখানে সেনা মোতায়েন করছে। বাংলাদেশ যদি ট্রানজিটের মাধ্যমে ভারতকে করিডর দেয়, তাহলে আমাদের দেশেও হানাহানি রক্তপাত ছড়িয়ে পড়তে পারে।’