‘খাইয়্যা-পইর্যা ক্যামনে যে বাঁচমু কইতে পারি না’
মলিন-বিবর্ণ ধানখেতগুলোর দিকে তাকালে সত্যিই মনটাও বিষণ্ন হয়ে যায়। এ সময় ধানগাছের শিষগুলো সবুজ অপুষ্ট ধানের ভারে নুয়ে পড়ার কথা। খেতজুড়ে ফসলের হাসিতে কৃষকের মুখেও হাসি ফোটার কথা। কিন্তু খেতের এই মলিন চেহারা দেখে কৃষকের মুখও মলিন। গত ৫ থেকে ৯ অক্টোবর একটানা প্রবল বর্ষণ ও অস্বাভাবিক জলোচ্ছ্বাসে জেলার অধিকাংশ আমনের খেত তলিয়ে যাওয়ায় গত কয়েক মৌসুমের মতো এবারও জেলার প্রধান ফসল আমনের উৎপাদনে মারাত্মক ধস নেমেছে বলে কৃষকেরা জানান। ৮ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অধিকাংশ আমন ফসল খেতের ছড়ায় তেমন ধান নেই। অনেক জায়গায় খেত পুড়ে গেছে। উত্তর লাকুরতলা গ্রামে গিয়ে দেখা যায়, খেতের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছেন কৃষক বাদল জমাদ্দার। লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে কৃষক বাদল জমাদ্দার বললেন, ‘দ্যাহেন খ্যাতগুলা ক্যামন খাঁ খাঁ করে। যে অবস্থা হ্যাতে একরে তিন-চাইর মণ ধানের বেশি পামুনা এইবার। ক্যামনে যে বউ-বাচ্চা লইয়্যা খাইয়্যা-পইর্যা বাঁচমু কইতে পারি না।’ পাশের গ্রাম খাজুরতলা এসেও একই দুঃখ আর দুর্দশার কথা শোনা গেল কৃষক খলিল ও আলী হোসেন হাওলাদারের মুখে। কৃষক খলিল বলেন, ‘ঘূর্ণিঝড় সিডরের পর চাইর বছরে মোরা কোনো ধান পাই নায়। এই বার আশা করছিলাম কিছু ধান পামু। কিন্তু হেই আশাও শ্যাষ।’ কৃষক আলী হোসেন বলেন, ‘ধানের যে সময়টায় থোড় বাইর অয় হেই সময়টায় সাত-আট দিন খেত লবণপানি আর বৃষ্টির পানিতে তলাইয়্যা থাহনে সব ধান চিডা (চিটা) অইয়্যা গ্যাছে।’ জেলার অন্যান্য উপজেলায়ও আমনের উৎপাদনে ধস নেমেছে। সরেজমিনে তালতলী থানার লাউপাড়া গ্রামে গিয়ে কৃষকদের হতাশার কথা শোনা যায়। লাউপাড়া গ্রামের কৃষক আ. আলী মোল্লা বলেন, ‘সাত কানি জাগায় আমন দিছি কিন্তু ফলন এত খারাপ যে ৭০ মণ ধানও পামু না।’তালতলীর চরপাড়া গ্রামের মধ্যবিত্ত কৃষক জালাল মৃধা (৬৫) বলেন, ‘আগে এক কানি (আট বিঘা) জমিতে ৮০-৮৫ মণ ধান পাইতাম। হ্যাতে সারা বছরের খোরাকি ও সংসারের যাবতীয় খরচ চইল্লা যাইত। এবার ১০ মণ ধানও পামু কি না সন্দেহ।’ আমতলী উপজেলার গাবতলী গ্রামের কৃষক আ. মন্নান বলেন, ‘১৫ একর জমি আমি চাষ কইর্যা মোনে অয় এবার বছরের খোরাকিও অইবে না। চাউলের যে দাম তাতে কিইন্না খামু হেই অবস্থাও মোগো নাই।’ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানান, জেলায় এবার এক লাখ ৮২৮ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ পাঁচ হাজার ২৪৩ মেট্রিক টন। সাম্প্রতিক জলোচ্ছ্বাসে জেলায় তিন হাজার হেক্টর জমির আমন ধানের সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এতে আমন উৎপাদনের মোট লক্ষ্যমাত্রার চেয়ে ছয় হাজার ৬৬০ মেট্রিক টন ধান উৎপাদন কম হবে।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, সাম্প্রতিক জলোচ্ছ্বাসে আমনের লক্ষ্যমাত্রা কিছুটা ব্যাহত হবে এটা ঠিক। আমরা আগামী মৌসুমে বোরো চাষ করে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব।