‘খান’ ছাঁটলেন ইরফান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান সম্প্রতি নিজের নাম থেকে ‘খান’ অংশটি বাদ দিয়েছেন। তাঁর অভিনীত পরবর্তী কোনো ছবিতেই ইরফান খান নামে তাঁকে আর দেখা যাবে না বলেই নিশ্চিত করেছেন ভারতের প্রখ্যাত এই মঞ্চ, টিভি ও চিত্রাভিনেতা।এ প্রসঙ্গে ৪৫ বছর বয়সী এই তারকার উদ্ধৃতি দিয়ে মিডডে জানিয়েছে, ‘আমি মনে করি না, ধর্মীয় কিংবা সাংস্কৃতিক পরিচয় শনাক্ত করার জন্য নামের কোনো ভূমিকা আছে। যেকোনো মানুষের জন্যই ধর্ম অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয়। কে কোন ধর্মের অনুসারী, সেটা দিয়ে কারও পরিচিতি শনাক্ত হওয়া উচিত নয়। অথচ দীর্ঘদিন ধরে আমার নামের শেষের অংশ দেখেই আমাকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।’ ইরফান বলেন, ‘বারবার আমার পাসপোর্টের ওপর আমি কোন ধর্মের অনুসারী, সেটা উল্লেখ করতে বলা হয়েছে। এ ধরনের আচরণকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলেই মনে হয়েছে আমার কাছে। এসব দিক বিবেচনা করেই আমার নামের ‘খান’ অংশটি বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমি।’ শুধু নামের ‘খান’ অংশটি ছেঁটে ফেলাই নয়; এমন কোনো চরিত্রে অভিনয় না করারও সিদ্ধান্ত নিয়েছেন ইরফান। এ নিয়ে কয়েকটি ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। এর মধ্যে দীপা মেহতার ‘মিডনাইটস চিলড্রেন’ এবং মীরা নায়ারের ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’-এর মতো ছবিও রয়েছে। এ প্রসঙ্গে ইরফানের ভাষ্য, ‘২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ কাশ্যপের “ব্ল্যাক ফ্রাইডে” ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। ছবিটিতে ধর্ম ও রাজনীতি-সম্পৃক্ত স্পর্শকাতর কিছু বিষয়ের উপস্থিতির কারণেই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিছুদিন আগে একই কারণে মীরা নায়ারের ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। মীরা আমার খুবই ভালো বন্ধু। আশা করব, আমার এমন সিদ্ধান্তে ব্যথিত হননি তিনি।’