‘খারাপ মেয়েলোক’ অপবাদ দিয়ে কিশোরীকে গ্রাম ছাড়ার নির্দেশ!
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের এক কিশোরীকে উত্ত্যক্ত করা ও এর জের ধরে তার বাবাকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি মীমাংসার জন্য কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে ২২ মে হেলেঞ্চা উচ্চবিদ্যালয় চত্বরে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত সমাজপতিরা উত্ত্যক্তকারীদের বিচার না করে উল্টো উত্ত্যক্তের শিকার কিশোরীকে ‘খারাপ মেয়েলোক’ অপবাদ দেওয়া হয়। তাকে গ্রাম থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে গ্রামের হোমিও চিকিৎসক এস এম কুদ্দুস হোসেন একই গ্রামের মো. হান্নান শেখ ও স্বপন কুমার সিকদারের সহায়তায় বোয়ালমারীর একটি ক্লিনিকে আয়ার চাকরি দেওয়ার কথা বলে ওই কিশোরীকে (১৬) বাড়ি থেকে নিয়ে যায়। পথিমধ্যে শিয়ালদী গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে হান্নান ও স্বপনকে আটক করে। তবে কুদ্দুস পালিয়ে যায়। এরপর তারা কিশোরীসহ ওই দুই ব্যক্তিকে হেলেঞ্চা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আবদুল মান্নানের কাছে হস্তান্তর করে।এ ঘটনায় ওই কিশোরী আদালতে অভিযোগ দিলে অভিযুক্ত ব্যক্তিরা বিষয়টি মীমাংসার প্রস্তাব দেয়। ইউপি সদস্য আবদুল মান্নানের মধ্যস্থতায় উল্লিখিত তিনজনকে জরিমানা করে ২৮ এপ্রিল ঘটনার মীমাংসা করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয় কুদ্দুস ও তার সহযোগীরা। এরপর থেকে তারা অপর সহযোগী কিশোরী মেয়ের প্রতিবেশী নছিমন চালক মো. মজনু শেখের মাধ্যমে তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। এমনকি মজনু ওই কিশোরীর বাবাকে গ্রামছাড়া করারও হুমকি দেয়।১৭ মে কিশোরীর বাবা মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় মজনুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ দিয়ে ফেরার পথে বাড়ির কাছে এলে মজনু হামলা চালিয়ে তাকে জখম করে। ওই দিনই তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা একই দিন থানায় আরেকটি লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগ মীমাংসার জন্য স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির কাছে পাঠায়। সালিস বৈঠকে পুলিশিং কমিটির সভাপতি আবদুর রশিদ খান, সাবেক ইউপি চেয়ারম্যান আ. ওহাব, ইউপি সদস্য আবদুল মান্নান, আ. বারী মিয়া, হেলেঞ্চা বাজার কমিটির সম্পাদক মো. ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।কিশোরী বলে, ‘কুদ্দুস আমাকে চাকরি দেওয়ার কথা বলে শিয়ালদী গ্রামের একটি বাড়িতে নিয়ে ঘরে ঢুকানোর চেষ্টা করে। আমি যেতে না চাইলে সে লাঠি দিয়ে আমার পায়ে আঘাত করে। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কুদ্দুস পালিয়ে যায়। পরে মজনু আমাকে কখনো কুপ্রস্তাব দিয়ে, কখনো ঘরের চালে ঢিল ছুড়ে নানাভাবে উত্ত্যক্ত ও বিরক্ত করত।’কিশোরীর বাবা বলেন, ‘কুদ্দুস আমার মেয়েকে চাকরি দেওয়ার কথা বলে তার ক্ষতি করার চেষ্টা করে। এরপর মজনু আমার মেয়েকে উত্ত্যক্ত করা শুরু করে। প্রতিবাদ করলে মজনুর ঘরের পাশ দিয়ে আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়। গ্রামের কোনো টিউবওয়েল থেকে আমাকে পানি আনতে দেবে না বলে বাড়ি বাড়ি গিয়ে বাধার সৃষ্টি করে এবং আমাকে গ্রামছাড়া করার হুমকি দেয়। এ নিয়ে থানায় অভিযোগ করলে মজনু আমাকে মারধর করে। সালিসে আমার মেয়েকে গ্রামের বাইরে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।’কিশোরীর মা বলেন, ‘আমরা গরিব মানুষ, তাই আমাগো কোনো বিচার নাই। যারা আমার মাইয়ের পেছনে লাগে, তাগো কোনো দোষ নাই। যত দোষ আমার মাইয়েডার।’মজনুকে খুঁজতে বাড়িতে গেলে তার বাবা মো. আক্তার শেখ প্রথমে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি বলেন, ‘দুজনের কথা কাটাকাটি হলে মাইয়েডার বাপ আমার ছাওয়ালের ওপর তেইড়ে আসে। এরপর দুজনের মারামারি হয়। ও খারাপ মেয়ে মানুষ। সেই কথাডাই আমার ছাওয়াল কইছে।’কুদ্দুসকেও বাড়িতে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘আমার স্বামী নির্দোষ। মেয়েটি চরিত্রহীন। পুরুষ মানুষকে ফাঁসিয়ে টাকা আদায় করা ওদের ব্যবসা।’উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়াইচ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবদুর রশিদ খান বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠকে তাকে বাইরে কোথাও কাজকর্মে পাঠিয়ে দেওয়ার জন্য তার পরিবারকে বলা হয়েছে। এ ছাড়া মেয়েটির বাবার ওপর হামলার কারণে মজনুর জরিমানা ধরা হয়েছে। আমার ধারণা, মজনু মেয়েটিকে মাঝেমধ্যে উত্ত্যক্ত করত।’ ওসি উত্তম কুমার সাহা বলেন, ‘বিষয়টি একটি সামাজিক সমস্যা। তাই কমিউনিটি পুলিশিং কমিটিকে সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। সালিস বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কারও আপত্তি থাকলে তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস বলেন, ‘সালিসের নামে উত্ত্যক্তের শিকার কাউকে গ্রাম থেকে বের করে দেওয়ার কোনো ঘটনা কেউ আমাকে জানায়নি। এমনটি হয়ে থাকলে তা ঠিক হয়নি। ২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে এখন থেকে আমি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড ও কারাদণ্ডসহ যেকোনো ব্যবস্থা নিতে পারব।’