‘খালি পেটে শিশুদের টিকা ও কৃমির ওষুধ খাওয়াবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার ১৮তম জাতীয় টিকা দিবস। সারা দেশে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। একই সঙ্গে এক থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। এ বয়সী শিশু আগে জাতীয় টিকা দিবসে বা নিয়মিত টিকাদান কর্মসূচিতে পোলিও টিকা খেয়ে থাকলেও তাকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। জাতীয় টিকা দিবস উপলক্ষে আজ শনিবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, দেশে ২০০৬ সালে পোলিও রোগের পুনঃসংক্রমণ ঘটেছিল। ওই বছর ১৮ জন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়। তবে বিগত তিন বছরের বেশি সময় ধরে নতুন কোনো পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি। পোলিও রোগ নির্মূল ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য এ কর্মসূচিতে আপামর জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুও যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে জন্য অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পোলিও টিকা ও কৃমিনাশক বড়ি নিয়ে অহেতুক বিভ্রান্ত না হওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন । খালি পেটে শিশুদের টিকা ও কৃমির ওষুধ না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইপিআইয়ের উপকর্মসূচি ব্যবস্থাপক তাজুল ইসলাম বারি। আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন প্রমুখ। জাতীয় টিকা দিবসের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য ছয় লাখ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কর্মী কাজ করে যাবেন। সারা দেশে এক লাখ ৩৬ হাজার ৬৮৪টি টিকাদান কেন্দ্রে শিশুদের পোলিও টিকা, ক্যাপসুল ও কৃমিনাশক টিকা খাওয়ানো হবে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সিটি করপোরেশন হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়া প্রায় ১৫ হাজার ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র এ কাজে নিয়োজিত থাকবে। সব টিকাদান কেন্দ্র সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য সন্ধ্যায় ও রাতে বিশেষ টিকাদানকারী দল কাজ করবে। দিবসের পরেও ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টিকাদান কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকা দেওয়ার কাজ করবে।