‘খালেদা জিয়া জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক’
বন ও পরিবেশমন্ত্রী মো. হাছান মাহমুদ বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপমহাদেশীয় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। তিনি দেশে যেমন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন, তেমনি উপমহাদেশীয় জঙ্গিবাদেরও পৃষ্ঠপোষকতা করেন।’আজ শনিবার দুপুরে নগরের স্টেশন সড়কে একটি আবাসিক হোটেলের বর্ষপূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বন ও পরিবেশমন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা ভরত সফরে গিয়ে পর্দার আড়ালে কী কী বৈঠক করেছেন, তা জাতির সামনে সময়মতো তুলে ধরা হবে।’ পরিবেশমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনে যারা মিথ্যা জন্মদিন পালন করে, মানবতাবিরোধী অপরাধের বিচারকে যারা নিরুত্সাহিত করে, তাদের মুখে শিষ্টাচারের কথা শোভা পায় না। একজন চোর সাধারণ মানুষকে চোর বললে শুনতে যে রকম লাগে, বিএনপি নেতারা যখন শিষ্টাচারের কথা বলেন, তখন শুনতে ঠিক সে রকমই লাগে।’ খালেদা জিয়া ও তাঁর দলের লোকজনের কাছ থেকে আওয়ামী লীগের নেতাদের শিষ্টাচার শিখতে হবে না বলে তিনি উল্লেখ করেন।এর আগে মন্ত্রী কেক কেটে ফেভার ইন হোটেলের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, ফেভার ইন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম প্রমুখ।