‘খালেদা জিয়ার মন ভালো নেই’
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার আজ মন ভালো নেই। কেমন করে ভালো থাকবে? দুর্নীতির দায়ে তাঁর দুই ছেলের নামে মামলা চলছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকেরা আজ কারাগারে বন্দী। তাঁর মন ভালো থাকবে কী করে?’গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার মাঠে আওয়ামী ওলামা লীগের উদ্যোগে আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঢাকা বিভাগীয় ওলামা সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।হাছান মাহমুদ বলেন, ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’—এ ধরনের স্লোগান যারা দেয়, খালেদা জিয়া তাদেরকে নিয়ে ইসলামের কথা বলেন। খালেদা জিয়া দেশের কোনো উন্নয়ন চোখে দেখেন না।পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেখানে দেশজুড়ে আওয়াজ উঠেছে, সেখানে বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। একাত্তর-পরবর্তী সময়ে প্রতিশোধ হিসেবে যারা মানুষের হাত-পায়ের রগ কেটেছে, তারা এজিদের বংশধর। তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে।’ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান, টঙ্গী পৌর মেয়র আজমত উল্যাহ খান প্রমুখ।