দীর্ঘ চেষ্টার পর ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে জাতীয় ব্যাডমিন্টনের এককে চ্যাম্পিয়ন হলেন। পাবনায় কাল জাতীয় ব্যাডমিন্টনের এককে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে আত্মহারা এনায়েত উল্লাহ খান। খাসি কেটে পাড়ায় খাওয়ানোর তোড়জোড় শুরু করেছেন কালই অনেক সাধনার পর জাতীয় ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন হলেন। অনুভূতি কেমন?এনায়েত উল্লাহ খান: দারুণ। বলে বোঝানো অসম্ভব। সামার ওপেন ও স্বাধীনতা দিবস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম একবার করে। কিন্তু জাতীয় ব্যাডমিন্টনে এই প্রথম। আপনি তো দীর্ঘদিন ধরে সর্বোচ্চ স্তরে খেলছেন। জাতীয় চ্যাম্পিয়ন হতে এত সময় লাগল কেন?এনায়েত: আমিও এটা বুঝি না। আরও অনেক আগেই আমি জাতীয় চ্যাম্পিয়ন হতে পারতাম। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। আমি আজকেরটা নিয়ে এ পর্যন্ত সব মিলিয়ে জাতীয় স্তরে ৮টি ফাইনাল খেললাম। পরশ, জাবেদ, রইসদের বহুবার হারিয়েছি। কিন্তু ন্যাশনালে আগে চ্যাম্পিয়ন হতে পারিনি। আমি এবার নিয়ে ১৫টি ন্যাশনাল খেললাম। আপনার বয়স এখন ৩৩। বলতে গেলে খেলা ছাড়ার সময়। শেষ দিকে এসে অতৃপ্তি ঘোচাতে পেরে নিশ্চয়ই বাড়তি আনন্দ লাগছে?এনায়েত: তা তো লাগবেই। তবে আমি আরও কয়েকটা বছর খেলতে চাই। এবার চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আপনাকে ব্যাডমিন্টন অঙ্গনে টাইগার বলে। এটার কি বিশেষ কোনো কারণ আছে?এনায়েত: (হাসি) আমার ফিটনেস-টিটনেস দেখে সবাই আসলে মজা করে এটা বলে! তা ছাড়া আমার খেলার একটা বিশেষ দিক হলো আমি খুব পরিশ্রম করি এবং আত্মবিশ্বাসী। প্রথম সেটে সুবিধা করতে না পারলে পরের দুটি দারুণভাবে জিততে পারি। এবার সেমিফাইনাল-ফাইনালে তাই হয়েছে। ২০০৫ সালে পরশকে হারানোর পরই নাকি সবাই আপনাকে টাইগার ডাকতে শুরু করে? এনায়েত: ওই বছর পরশ বুলগেরিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। বিরাট ব্যাপার। কিন্তু পরশকে আমি ২-১ গেমে হারিয়ে দিয়েছিলাম। তখন থেকেই আসলে এই উপাধিটা নামের সঙ্গে যোগ হয়। ছাত্রজীবনে আপনি নাকি অঙ্কে খুব ভালো ছিলেন?এনায়েত: হ্যাঁ, খুব ভালো। উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে প্রথম হয়েছিল ঢাকা বোর্ডে, তার চেয়েও এক নম্বর বেশি পেয়েছিলাম। পরে আমি হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে সমাজকল্যাণে মাস্টার্স করেছি। তাহলে তো আপনার গণিতবিদ হওয়া উচিত ছিল। খেলোয়াড় হলেন কেন?এনায়েত: আমার বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হই। বাবা চট্টগ্রাম রোডে সিদ্দিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়া হাইস্কুলের নামকরা শিক্ষক। আমরা থাকি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। এলাকায় খেলতে খেলতেই ঘটনাচক্রে ব্যাডমিন্টন খেলোয়াড় হলাম। তবে একটা জেদ ছিল। সেটা কী?এনায়েত: নান্টু ভাই নামের এক কোচ একদিন আমাকে কণিকার বিপক্ষে নামিয়ে দিলেন। মানে কণিকার সঙ্গে জিতলে তাঁর মনে হবে আমি ব্যাডমিন্টন খেলতে পারব। সেদিন আমি হেরেছিলাম কণিকার কাছে। একটা মেয়ের কাছে হার মেনে নেওয়া কঠিন ছিল। পরে কোচ জিলানি ভাইয়ের কাছে ব্যাডমিন্টন শিখেছি এবং কিছুদিন পর কণিকাকে কোনো পয়েন্ট না দিয়েই হারিয়েছি। এই সাফল্যে আপনার মা-বাবা খুব খুশি?এনায়েত: ভীষণ খুশি। খবর পেয়েছি, পাড়ায় খুব আনন্দ হচ্ছে। মিছিলও নাকি বের হয়েছে আমার নামে। এরই মধ্যে গোটা তিনেক খাসির ব্যবস্থা হয়ে গেছে। আমি কাল গেলেই খাসি কেটে উৎসব করব। আপনাদেরও দাওয়াত।