‘খুনিতে’ বদলে যাওয়া এক নম্র মানুষ
যুক্তরাষ্ট্রের বোস্টনে বোমা হামলার সন্দেহভাজন তামের্লান সার্নায়েভ ও তাঁর ছোটভাই জোখার সার্নায়েভ। যুক্তরাষ্ট্রে তামের্লান ছিলেন একজন দুর্দান্ত ও ক্ষ্যাপা মুষ্টিযোদ্ধা। ব্যায়ামাগারে যাওয়ার সময় সব সময় পরতেন চোখা নাকের জুতো আর সাদা শার্ট।কিন্তু রাশিয়ার দাগেস্তানে গিয়ে বদলে যান তামের্লান। ২০১২ সালে দাগেস্তানে ছয় মাসের ভ্রমণ তাঁর জীবনের গতিপথ পাল্টে দেয়। হয়তো উদ্ধত জীবনের অনুশোচনা তাঁকে তাড়িয়ে-পুড়িয়ে নতুন দিকে নিয়ে গেছে। রাশিয়ার টালমাটাল এলাকাটি থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তামের্লান হয়ে যান ইসলামের নিষ্ঠাবান অনুসারী এবং একই সঙ্গে ‘বিপথগামীদের’ প্রতি তাঁর আক্রোশও বাড়তে থাকে। রয়টার্সের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়েছে, যা তামের্লান সার্নায়েভকে বোমা মেরে তিনজনকে হত্যা ও বহু মানুষকে জখম করায় উদ্বুদ্ধ করেছে, তা হয়তো কোনো দিনই জানা যাবে না। কারণ, গত শুক্রবার সকালে পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন। বোমা হামলায় তাঁর সহযোগী ছিল সম্ভবত তাঁরই ছোট ভাই জোখার সার্নায়েভ। জোখার এখন পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এখনো তিনি কথা বলতে পারছেন না। তামের্লানের জীবন ঘেঁটে এখনো যেটুকু জানা গেছে, তাতে এটাই বোঝা যায় যে, আত্মম্ভর ও রাগী এ যুবকের জীবনে ‘আমেরিকান স্বপ্ন’ সত্যি হয়নি। তিনি সান্ত্বনা খুঁজে পেয়েছেন, ইসলামের ‘গোঁড়া’ মতবাদে। জীবনের ব্যর্থতা, আক্ষেপ, লজ্জা ও হতাশা হয়তো তাঁকে গুটিয়ে যেতে উত্সাহিত করেছে।দাগেস্তানের দাগদাগেস্তানের রাজধানী মাখাচকালায় থাকার সময় তামের্লান যা পেয়েছিলেন, তা-ই তাঁর জীবনে গভীর প্রভাব রেখে যায়। স্বাধীনতা, বিচ্ছিন্নতাবাদ বা অখণ্ড রাষ্ট্র টিকিয়ে রাখার যুদ্ধে উত্তাল দাগেস্তান। সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। শিশুরা পথে পথে ‘যোদ্ধা-জঙ্গি’ খেলে। বোমা হামলা আর গোলাগুলি নিত্যদিনের সঙ্গী। দাগেস্তানি সমাজতাত্ত্বিক জেইদ আবদুল্লাগাতোভ বলেন, ‘তাঁর (তামের্লানের) খাড়া মোড় নেওয়ার ঘটনা এখানে একেবারে আশ্চর্য হওয়ার মতো নয়। আজকাল দাগেস্তানে আমরা যে ইসলাম দেখি তা বেশ জটিল, অনেক বেশি রাজনৈতিক এবং অনেক সময় অস্বচ্ছ।’গত বছর ফ্রান্সের টলুজ এলাকায় এক স্কুলে বন্দুকধারী মোহাম্মদ মেরার নির্বিচার গুলিতে সাত শিশু মারা যায়। মেরা ছিলেন তামের্লানের মতো অভিবাসী। অভিবাসীদের অনেকের মধ্যকার মনস্তাত্ত্বিক দুষ্টু সত্তা ও রাজনৈতিক প্রবণতাকে আলাদা করে দেখার সুযোগ খুব কম। লন্ডনের ইউনাইটেড রয়্যাল সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক রাফায়েলো প্যানটুক্কি বলেন, ‘পুরো বিষয়ের পেছনে অনেক কারণ আছে। ব্যক্তিগত, স্থানিক ও বৈশ্বিক সব প্রভাবই আছে এর ওপরে। এর রূপরেখা তৈরি করা পুরোপুরি অসম্ভব। এদের (হামলাকারীদের) বেশির ভাগই একটি নির্দিষ্ট বয়সের এবং মুসলমান তরুণ। এদের ওপরে এমন সব বাহ্যিক প্রভাব থাকে, যা তাদের এদিকে ঠেলে দেয়।’বড় পরিসরে চিন্তা করলে দেখা যায়, সার্নায়েভ ভাইদের জীবনেও এমন কিছু ঘটনা ঘটেছে, যা তাঁদের এ পথে ঠেলে দিতে পারে। তাঁরা ছিলেন চেচেন, ছেলেবেলায় বেড়ে উঠেছেন দক্ষিণ রাশিয়ার উত্তাল এলাকায়, তাঁদের মা-বাবা সুন্দর জীবনের খোঁজে পাড়ি জমিয়েছিলেন ম্যাসাচুসেটসে কিন্তু শেষে পড়েছেন স্বপ্নভঙ্গের ঝড়ে।সার্নায়েভ ভাইদের বাবা আনজর সার্নায়েভ কিরঘিজস্তানে একটি সরকারি চাকরি করতেন। কিন্তু তিনি ম্যাসাচুসেটসে এসে মেকানিকের কাজ নেন। তাঁদের মা জুবাইদাত সার্নায়েভা জীবনের নানা টানাপোড়েনে পড়ে শেষে ধর্মের দিকে ধাবিত হন।এক সময় আনজর ও জুবাইদাতের সংসার ভাঙে, দুজনই ফিরে যান দাগেস্তানে। যদিও সংসার ভাঙার পর জুবাইদাত অনেক দিন যুক্তরাষ্ট্রেই ছিলেন। ম্যাসাচুসেটসের নাটিক এলাকায় লর্ড ও টেইলরের দোকান থেকে এক হাজার ৬২৪ ডলার মূল্যের মেয়েদের কাপড় চুরির ঘটনায় আটক হন জুবাইদাত। এরপর ছাড়া পেয়ে গত বছরের জুনে তিনি পাড়ি জমান দাগেস্তানে।নাটিক পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট ব্রাইন গ্রাসি বলেন, পোশাকের গায়ে আঁটা চুরিরোধী যন্ত্রাংশ সরানোর অভিযোগে জুবাইদাতের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছিল। তবে মামলা দুটির অগ্রগতি বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ব্রাইন গ্রাসি।বন্ধুদের মাঝে উচ্ছল সার্নায়েভ ভাইয়েরাসার্নায়েভ ভাইয়েরা পড়েছেন ক্যামব্রিজ রিঞ্জ অ্যান্ড ল্যাটিন হাইস্কুলে। এখানে অনেক বিখ্যাত মানুষ পড়েছেন এবং অনেক শ্রমিক শ্রেণীর মানুষের সন্তান এখানে পড়েন। এ স্কুলে তামের্লানের যাঁরা সহপাঠী ছিলেন, তাঁরা বলেন, তামের্লান ছিলেন নম্র ও গাঁজাসেবী। তবে তামের্লান কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছেন, এমনটা তাঁদের কাছে অবিশ্বাস্য।স্কুল ও ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে জোখারের অনেক বন্ধু ছিলেন। তাঁরা বলেন, জোখার ছিল সহজ, সরল, উচ্ছল এবং খেলাপাগল। তিনি বন্ধুদের সঙ্গে নারী বিষয়ে ও টিভি অনুষ্ঠান নিয়ে ঠাট্টা-ফাজলামি করতেন। আর খেতেনও প্রচুর। টুইটারে জোখার মাঝেমধ্যে তাঁর আত্মপরিচয় নিয়ে লিখেছেন। যেমন একবার তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে এক দশক পেরিয়ে গেল, আমি আর পারছি না।’গত কয়েক মাসে তিনি যেসব টুইট করেছেন, তাতে তাঁর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। গত ফেব্রুয়ারিতে তিনি লেখেন: ‘আমাকে কি খুব হালকা বলে মনে হয় ... এই অকর্মা কুকুরগুলো কি জানে যে তারা এক সিংহকে দেখে ঘেউ ঘেউ করছে।’ গত মার্চে তিনি লিখেন: ‘এক বিদ্রোহীকে কোনোভাবে হেয় করবে না।’ কিন্তু তাঁর বেশির ভাগ টুইটই ছিল সাদামাটা, এক কলেজপড়ুয়া ছাত্রের মতো। সেগুলোতে না ছিল ক্ষোভ, না ছিল বিক্ষোভ।বোমা হামলার এক দিন পর তিনি লেখেন, ‘এখন আমি চিন্তামুক্ত।’ তিনি নিজেকে এতটাই হালকা ভাবছিলেন যে সে রাতে তিনি ব্যায়ামাগারেও গিয়েছিলেন। সেখানে বোমা হামলা নিয়ে তাঁর সহপাঠী জাখ বেটেনকোর্টের সাথে বািচত করেন। জাখ বলেন, জোখার তাঁকে বোমা হামলা বিষয়ে বলেছিলেন, ‘ওটা কোনো ব্যাপারই না। আফগানিস্তান ও ইরাকে এ ধরনের ঘটনা হামেশাই ঘটে।’জোখারকে আটকের পর তাঁর অনেক বন্ধু ফেসবুক ও টুইটারে তাঁর পক্ষে প্রচারাভিযান শুরু করেছেন। তাঁরা বলছেন, জোখার এসবের সঙ্গে যুক্ত নন এবং পুলিশ তাঁকে ফাঁসিয়েছে। আবার অনেকে জানিয়েছেন, তাঁরা আদালতে জোখারের পক্ষে সাক্ষ্য দেবেন। জোখার সম্ভবত তাঁর বড় ভাইয়ের দ্বারা প্রভাবিত হয়েছেন। তাঁদের মধ্যে যে সদ্ভাব ছিল, তা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁদের যৌথ উপস্থিতি দেখে বোঝা যায়। কিন্তু তামের্লানের ওপর বাইরের কারও প্রত্যক্ষ প্রভাব এখনো জানা যায়নি। তাঁর স্কুলের বন্ধু লুইস ভাসকুয়েজ বলেন, তামের্লান ছিলেন দারুণ এক বন্ধু। তাঁদের সাক্ষাত্ হয়েছিল ক্যামব্রিজ রিঞ্জ অ্যান্ড ল্যাটিন হাইস্কুলে। তামের্লান একদল প্রাণোচ্ছল মেয়ের দলের পেছন পেছন ঘুরতেন। ভাসকুয়েজের বান্ধবী থাকতেন ওই দলটিতে। আর তামের্লানের ছোট বোন বেলাও ছিলেন সে দলে। তামের্লান মূলত তাঁর বোনের ওপরে বড় ভাইসুলভ সজাগ দৃষ্টি রাখতেন। যাতে কেউ তার ওপরে ‘কুনজর’ দিতে না পারে। ‘অথচ বেলা তেমনটি ছিলেন না,’ বলেন ভাসকুয়েজ। তিনি বলেন, ‘বেলা মনে করত এর ওর সঙ্গে একটু আধটু মাখামাখি করাটা অন্যায় নয়। কিন্তু তামের্লান ভাবতেন, ওসব করা অন্যায়। যেন একটু বড় ভাইসুলভ মুরুব্বিয়ানা।’ভাসকুয়েজ বলেন, ‘ও ছিল খুব চুপচাপ। দাঁড়াত হেলান দিয়ে, শুনত মনোযোগ দিয়ে। অন্যের প্রতি তাঁর শ্রদ্ধা যে কারও চেয়ে বেশিই ছিল। আর সে ছিল বেশ যত্নবান।’ভাসকুয়েজ বলেন, তামের্লান যখন মুষ্টিযুদ্ধে নামতেন, তখন তিনি হয়ে যেতেন পুরোপুরি ক্ষ্যাপা। তাঁকে চ্যালেঞ্জ জানানোর মতো আর কেউ ছিল না।তিন বছর আগে তামের্লান মুষ্টিযুদ্ধ ছেড়ে দেন। তিনি ফেসবুক ব্যবহারও বন্ধ করে দেন। এরপর খুব কম সময়ই ভাসকুয়েজের সঙ্গে তাঁর যোগাযোগ হতো। ভাসকুয়েজ বলেন, এরপর পুরোনো বন্ধুদের আড্ডায় মাঝেমধ্যে তামের্লানের প্রসঙ্গ উঠত, কিন্তু কারও কাছে তেমন কোনো তথ্য থাকত না। একবার জানা গিয়েছিল, তামের্লান বিয়ে করেছেন আর তাঁর একটা বাচ্চাও আছে।সবকিছু স্বাভাবিক নয়তামের্লানের জন্য সবকিছু স্বাভাবিক ছিল না। শেষ পর্যন্ত মুষ্টিযোদ্ধা হিসেবে তিনি পেশা গড়তে পারেননি, কলেজের লেখাপড়াও শেষ হয়নি। একবার তাঁর প্রেমিকা অভিযোগ করেছিলেন, তামের্লান তাঁর ওপরে জোরাজুরি করেছে। এ জন্য পুলিশ তাঁকে আটক করেছিল, তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি সসম্মানে ছাড়া পান।মধ্যবিত্ত শ্রেণীর এক চিকিত্সক ও এক নার্সের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে বিয়ে করেছিলেন তামের্লান। তখন ক্যাথরিন রাসেল সাফোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি বিয়ে করেন তামের্লানকে, পাট চুকান লেখাপড়ার। এখন তিনি তিন বছরের সন্তানের মা। তামের্লান কখনো স্থায়ী চাকরি পাননি। তাঁর পরিবারের লোকেরা জানান, তাঁর স্ত্রী পরিবারের খরচ চালাতেন। তামের্লান দম্পতির সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতেন ম্যারি সিলবারম্যান। তিনি বলেন, প্রায়ই গভীর রাতে তামের্লানের বাসা থেকে ঝগড়ার আওয়াজ শোনা যেত। কোনো পুরুষকে গালাগাল করছে এমন এক নারীর চিত্কার শোনা যেত।সিলবারম্যান বলেন, ‘পুলিশকে ডাকার মতো ঘটনা ছিল না। কারণ মারামারির মতো ঘটনা ঘটত বলে মনে হয় না।’ বোমা হামলার পরের দিনও ও রকম ঝগড়া শোনা গেছে বলে জানান তিনি। সিলবারম্যান বলেন, বাচ্চাটা যখন ছোট ছিল, তখন মাঝেমধ্যে সেটি এত জোরে ও দীর্ঘক্ষণ ধরে চিত্কার করত যে মনে হতো ওর মা ওর দিকে নজর দিচ্ছেন না। যখন বাচ্চাটা একটু বড় হলো, তখন সে জানালার ধারে দাঁড়িয়ে থাকত। সিলবারম্যান জানান, তামের্লানের বাসার জানালায় কোনো ভালো পর্দা ছিল না। দুটি ছেঁড়া কাপড় টানিয়ে রাখা হতো। শীতের দিনে জানালায় প্লাস্টিকের ব্যাগ ঝুলিয়ে দেওয়া হতো।জীবনযন্ত্রণা থেকে বাঁচতে ধর্মঅভিবাসীদের সমস্যা নিয়ে গবেষণা করছেন এমন এক ব্যক্তি হলেন অলিভার বুলোগ। তিনি বলেন, সাধারণত চেচনিয়া থেকে যেসব অভিবাসী বেশি বয়সে যুক্তরাষ্ট্রে আসেন, তাঁরা খাপ খাওয়াতে পারেন না। তিনি বলেন, চেচেনদের কিছু বৈশিষ্ট্য আছে। রাশিয়ার সঙ্গে শত শত বছর ধরে বৈরিতার মধ্যে থাকার ফলে হয়তো তাঁদের এ ধরনের আচরণ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি একজন চেচেন পুরুষের কাছে আত্মমর্যাদা অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাঁরা তাঁদের সংস্কৃতি নিয়ে গর্বিত। জীবন যখন হুমকির মুখে পড়ে, তখন এরা খেপে উঠতে পারে।’তামের্লান যখন দাগেস্তানে যান, তখন ধর্মের প্রতি তাঁর নতুন আগ্রহ আত্মীয়দের বিস্মিত করে। তাঁর মা মনে করছেন, তাঁর ছেলে কখনো বোমা হামলা করতে পারে না। তিনি বলেন, ‘যখন সে ইসলাম পালন করা শুরু করল, সে বদলে গেল। সে কেবল পড়ত। যখন সে নৈশক্লাবে যেতে শুরু করল, আমি তাকে বললাম, ‘তুমি মুসলমান, তোমার এসব করা উচিত নয়। এগুলো হারাম। এরপর সে আরও গোঁড়া ধার্মিক হয়ে গেল।’জুবাইদাত বলেন, তামের্লান অনলাইনে ধর্মীয় বই পড়তে আরবি শিখেছিল। তিনি বলেন, ‘ও বলতো “মা এটা (পবিত্র কোরান) পড়া খুবই কঠিন, কিন্তু আমি এটা করতে চাই।” তা শুনে আমি আরও খুশি হয়েছিলাম।’অন্য চেচেনদের মতো তামের্লান ও জোখার হয়তো তাঁদের মানুষের ইতিহাস পড়ে থাকবেন। চেচেনদের ওপর রুশদের অত্যাচার ও নিপীড়নের ইতিহাসও তাঁদের অজানা নয়। তবে কয়েক দশক ধরে চেচনিয়ার সংস্কৃতি হয়তো তাদের ওপরে বড় প্রভাব তৈরি করেছে। চেচনিয়ায় সংখ্যাগরিষ্ঠ ছিল সুন্নি মুসলমান। তবে বর্তমানে সালাফিদের সংখ্যা বাড়ছে। ধর্মের ক্ষেত্রে সুন্নিরা সহনশীল হলেও সালফিরা উগ্রপন্থায় বিশ্বাসী। ওই এলাকায় সালাফিরা অনেক সুন্নিকে হত্যা করেছে। তারা সুন্নি ধর্মাবলম্বীদের ‘বিপথগামী’ বলে মনে করে। যেসব দোকানে অ্যালকোহল বিক্রি হতো, সেসব দোকানে সালাফিরা হামলা করে বলে অনেক দোকানদার মদ বিক্রি বন্ধ করে দিয়েছেন। নারীদের স্বাভাবিক চলাচলও ভীষণভাবে বাধাগ্রস্ত হয়েছে। মিনি স্কার্ট পরা নারীদের বদলে এখন হিজাব পরা মেয়েদের দেখা যায়। তবে সালাফিদের কারণে প্রতিদিন হত্যা, খুন, বোমা হামলা ও গোলাগুলি বহু গুণ বেড়ে গেছে। রাশিয়ার এ প্রদেশটিতে পুলিশের বর্বরতা, সামাজিক দুর্নীতি ও বেকারত্ব যত বাড়ছে, এদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইসলামের দিকে ঝুঁকে পড়া তরুণদের সংখ্যা। তামের্লানের ওপর এসবের প্রভাব পড়েছিল বলে মনে হয়। ইউটিউবে তাঁর পছন্দের পাঁচটি ভিডিওর একটিতে দেখা গেছে, এক বক্তা সেখানে সুফি মুসলমানদের ‘মূর্তিপূজক শয়তান’ বলে গালাগাল করছেন। ওই ভিডিওটি যে তরুণ পোস্ট করেছিলেন, তাঁর সঙ্গে রয়টার্স কথা বলেছে। তিনি জানান, ওই ভিডিওতে সালাফি মতাদর্শ প্রচার করা হয়েছে। অনেক তরুণই এ মতাদর্শে বিশ্বাস করেন। তাঁর বলেন, ‘আমরা সুফিদের বিরুদ্ধে, সুফিরা আমাদের বিরুদ্ধে।’ ধর্মানুরাগ ও অনুশোচনাক্যামব্রিজের ইসলামিক সোসাইটি অব বোস্টনের মসজিদের পরিচালনা পরিষদের সদস্য আনোয়ার কাজমি বলেন, ম্যাসাচুসেটসে ফিরে তামের্লান বেশি করে ধর্মের প্রতি ঝুঁকে পড়েন। প্রতি জুমার নামাজে তাঁকে দেখা যেত। মাঝেমধ্যে তিনি আসতেন ভাইয়ের সঙ্গে। অনেক সময় ফজরের নামাজেও তিনি অংশ নিতেন।আনোয়ার বলেন, একটি ঘটনার জন্য মসজিদের মুসল্লিরা তামের্লানের কথা ভুলবেন না। তিন মাস আগে কোনো এক শুক্রবারে মানবাধিকার আন্দোলনের নেতা ও খ্রিষ্টান ধর্মানুসারী মার্টিন লুথার কিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটির দিন ধার্য ছিল। সেদিন জুমার নামাজের খুতবায় মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের সামনে মানবাধিকার নিয়ে আলোচনার সময় মার্টিন লুথার কিং ও মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবনী অধ্যয়ন করার অনুরোধ করেন। আনোয়ার বলেন, তামের্লান এ কথা শুনে হঠাৎ দাঁড়িয়ে যান এবং ইমামকে ‘কাফির’ ও ‘মুনাফিক’ বলে অকথ্য ভাষায় গালাগাল দেন। এ ঘটনার পর মুসল্লিরা তামের্লানকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেন।আনোয়ার আরও বলেন, এরপর বয়োজ্যেষ্ঠরা তামের্লানের সঙ্গে বসে তাঁকে বুঝিয়েছেন এবং সে-ও তাঁর আচরণের জন্য অনুতপ্ত হয়েছে। আনোয়ার কাজমি বলেন, তামের্লান সম্ভবত প্রচণ্ড পাপবোধে ভুগছিলেন। কারণ একবার তিনি এক লোকের কাছে আচমকা ক্ষমা চেয়ে বসেন। ওই লোকটি তামের্লানের বাবার কাছে একটি গাড়ি ঠিক করতে দিয়েছিল কিন্তু তিনি সে গাড়িটি সারাতে বেশি সময় নেন। এ জন্য প্রায় এক বছর পর তামের্লান ওই লোকের কাছে গিয়ে মাফ চান। আনোয়ার কাজমি বলেন, এ ধরনের একজন সহমর্মী মানুষ কীভাবে বোমা হামলা করতে পারে, তা তাঁর বোধগম্য নয়। তিনি বলেন, ‘আমি কীভাবে এটা মেনে নেব?’আনোয়ার কাজমিকে যে প্রশ্ন তাড়াচ্ছে, বাকি বিশ্বও একই প্রশ্নে জেরবার। তাহলে কি জীবনের যন্ত্রণাই ব্যক্তিকে ক্ষুব্ধ করে তোলে!