‘খুনে বাহিনীকে’ গণজাগরণ মঞ্চের ধিক্কার
বাংলাদেশের স্বনামধন্য সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ উদ্দিন আহমেদকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে গণজাগরণ মঞ্চ। হত্যাকাণ্ডের জন্য গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে জামায়াত-শিবিরকে দায়ী করা হয়। মঞ্চের পক্ষ থেকে তাদের ‘খুনে বাহিনী’ হিসেবে চিহ্নিত করে ধিক্কার জানানো হয়েছে। জামায়াত-শিবিরকে উদ্দেশ করে মঞ্চের পক্ষ থেকে বলা হয়, ‘১৯৭১ সালে জনগণ যেভাবে আপনাদের প্রতিহত করেছে আজও সেভাবে প্রতিহত করবে।’নারী জাগরণী সমাবেশে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৩ মার্চ চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। তবে আজকের সমাবেশে ১৩ মার্চ লালদীঘির পরিবর্তে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশ শেষে এসব কথা বলেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। বক্তব্যে ইমরান এইচ সরকার নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনারও নিন্দা জানান। সেই সঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেবেন না সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক বলেন, ‘আপনারা কোনোভাবেই আমাদের সহিংসতার দিকে ঠেলে দেবেন না।’ তিনি বলেন, ‘আমরা জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক খুনে বাহিনীকে স্মরণ করাতে চাই, ৮ তারিখে আন্তর্জাতিক নারী দিবসে নারী জাগরণী সমাবেশে আপনারা যেভাবে বোমা মেরেছেন, যদি ১৬ কোটি মানুষ একটি করেও বোমা মারে, তাহলে আপনাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’ এ সময় তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে গণজাগরণ মঞ্চের আন্দোলন অহিংস। আন্দোলন সব সময় শান্তিপূর্ণ থাকবে। তিনি বলেন, ‘আমরা সহিংসতার পথ বেছে নিইনি। কারও ওপর আক্রমণ করিনি। ঘরবাড়ি পোড়াইনি। রাজপথে থেকে আন্দোলন করে আসছি।’ আন্দোলনের দ্বিতীয় ধাপে এসেছি ইমরান এইচ সরকার বলেন, ‘৫ ফেব্রুয়ারি রাতে আমরা কী পরিস্থিতিতে রাজপথে নেমেছি সবাই তা জানেন।’ তিনি বলেন, ‘আন্দোলনের প্রথম ধাপ শেষ করে আমরা দ্বিতীয় ধাপে এসেছি। ঢাকার বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি। এরপর চট্টগ্রামে সমাবেশ হবে।’ লালদীঘি নয়, সমাবেশ হবে প্রেসক্লাবে ব্লাগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক বলেন, ‘নারী জাগরণী সমাবেশে ১৩ মার্চ চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সমাবেশ হবে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে। প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চের ওপর জামায়াত-শিবির হামলা চালিয়েছিল। এ ঘটনার প্রতিবাদ জানাতেই সেখানে সমাবেশ হবে।’ ওই দিন জামায়াত-শিবির হরতাল বা যা-ই দিক না কেন, সমাবেশ হবেই বলে দৃঢ় ঘোষণা করেন ইমরান এইচ সরকার। ধর্মপ্রাণ মানুষের দায়িত্ব জামায়াত-শিবির প্রতিহত করা ইমরান এইচ সরকার আরও বলেন, কোনো ধর্মের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের অবস্থান নেই। ইসলামসহ সব ধর্মে শান্তির কথা বলা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, কোনো ধর্মে খুন, নারী নির্যাতনকে জায়েজ করা নেই। যারা এগুলো করে, তারা ইসলামবিরোধী। সব ধর্মের বিরোধী। প্রত্যেক ধর্মপ্রাণ মানুষের দায়িত্ব হলো এদেরকে প্রতিহত করা।’ ‘খুনে বাহিনীকে’ প্রতিহত করতে সরকারের প্রতি দাবি জামায়াত-শিবিরকে সন্ত্রাসী ও খুনে বাহিনী হিসেবে চিহ্নিত করে ইমরান এইচ সরকার বলেন, ‘সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, রগ কাটা বাহিনী হলো জামায়াত-শিবির। ৭১ সালে তারা যেভাবে মানুষ হত্যা করেছিল, এখনো সেভাবেই সারা বাংলাদেশে ভীতিকর অবস্থা তৈরি করছে। রাজপথকে সহিংস করে গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের হত্যা করছে ও আহত করছে।’ তিনি বলেন, ‘শুরু থেকেই আন্দোলনকারীদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। এটা প্রমাণ হয়ে গেছে, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিকল্প নেই।’ তাই সরকারের কাছে আবারও তাঁদেরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। খালেদা জিয়াকে সংহতি প্রকাশের আহ্বান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম গণজাগরণ মঞ্চে গিয়ে সংহতি প্রকাশের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। উত্তরাবাসীর প্রতি আহ্বান উত্তরাকে আধুনিক ও প্রগতিশীল এলাকা বলে মন্তব্য করে ইমরান এইচ সরকার জামায়াত-শিবির প্রতিহত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আজই সিদ্ধান্ত নিন প্রতিটি বাড়ি থেকে জামায়াত শিবিরকে উত্খাত করবেন। জামায়াত শিবিরের কাছে কোনো বাড়ি ভাড়া দেবেন না।’শপথপ্রত্যেক সমাবেশের মতো উত্তরার সমাবেশ শেষেও শপথ নেয় গণজাগরণ মঞ্চ। এ সময় সবাই দাঁড়িয়ে হাত তুলে ইমরান এইচ সরকারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শপথ নেন। সবাই একসঙ্গে বলেন, * আমরা শপথ করছি যে, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় এবং তা কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। * আমরা শপথ করছি যে, যুদ্ধাপরাধীদের রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী ও তাঁদের অঙ্গসংগঠন ছাত্রশিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। * আমরা শপথ করছি যে, যুদ্ধাপরাধীদের সব সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। * যুদ্ধাপরাধীদের সব গণমাধ্যমকে আমরা বয়কট করব। এর আগে সমাবেশের শুরুতে প্রতিবাদী গান, স্লোগান চলে। পরে বিকেল চারটার দিকে শুরু হয় বক্তৃতা পর্ব। প্রতিবারের মতো উত্তরার এবারের সমাবেশও শুরু হয় জাতীয় সংগীত আর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্যে দিয়ে। এবারের সমাবেশেও মানুষের কমতি ছিল না। হাজার হাজার মানুষ জমা হন সেখানে। এ পর্যন্ত গণজাগরণ মঞ্চের অন্যান্য সমাবেশের তুলনায় উত্তরার সমাবেশে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে। এসব নারীর বেশির ভাগ গেছেন উত্তরার আশেপাশের এলাকাগুলো থেকে। উল্লেখযোগ্য উপস্থিতি ছিল শিক্ষার্থীদেরও। বিকেলের দিকে বিভিন্ন ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদকেরা বক্তব্য শুরু করেন। পরে ছাত্র সংগঠনগুলোর সভাপতিরা বক্তব্য দেন। গত শুক্রবার বিকেলে আন্তর্জাতিক নারী দিবসে শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত এবং নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে রাজধানীর উত্তরা, ঢাকার অদূরে আশুলিয়া এবং চট্টগ্রামে সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগের গণজাগরণ মঞ্চ।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ।শাহবাগের বাইরে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, মতিঝিলের শাপলা চত্বর, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সেই আন্দোলনের ৩৪তম দিন। এ ছাড়া যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবির সমর্থনে গণস্বাক্ষর কর্মসূচি ২২ মার্চ পর্যন্ত চলবে।