‘খুব কষ্ট কেউ পাবে না’
গর্ব করার মতো এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের বিপক্ষে টস করতে নেমেই। স্টিভেন ফ্লেমিংকে (২৭) ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড শুধুই একার করে নিয়েছেন। এই ২৮ ম্যাচের কয়টির ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ছিলেন, কে জানে। একটি-দুটি বাদে সব কটিতেই থাকার কথা। কিন্তু পরশুর সংবাদ সম্মেলনটি হয়তো আলাদা করে মনে থাকবে পন্টিংয়ের। বিশ্বকাপ রেকর্ড গড়ার দিনটিতেই যে সংবাদ সম্মেলনে প্রথম এলেন পরাজিত অধিনায়ক হিসেবে!তবে অধিনায়ক পন্টিংয়ের প্রথম পরাজয়ের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি আলোচনায় ৩৪ ম্যাচ পর অস্ট্রেলিয়ার পরাজয়। ৩৪ জন ক্রিকেটারের হাত ধরে তিন-তিনটি শিরোপা এসেছে অপ্রতিরোধ্য এই যাত্রার ৩৪ ম্যাচে, উড়ে গেছে ১৫টি প্রতিপক্ষ। সবকিছুরই যতি পরশু প্রেমাদাসায়। এমন একটি স্বপ্নযাত্রায় ছেদ পড়ল, দলের সবাই নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে? অস্ট্রেলিয়ার পরাজয়ের চেয়েও অবাক করল পন্টিংয়ের উত্তর, ‘সত্যি বলতে খুব কষ্ট কেউ পাবে না। কারণ জয়ের ধারা ধরে রাখতে হবে, রেকর্ড আরও বাড়াতে হবে—এসব নিয়ে আমাদের কখনো আলোচনাই হয় না। আমাদের লক্ষ্য থাকে স্রেফ জয়। পাকিস্তানের বিপক্ষে তা পারিনি, এ জন্য আমরা হতাশ।’পন্টিংদের কষ্ট না পাওয়ার কথা বিশ্বাস করতে কষ্টই হওয়ার কথা। এটিকে বরং মনে হচ্ছে, পেশাদারির আড়ালে আবেগকে চাপা দেওয়ার চেষ্টা। পরাজয়ের মূল কারণ হিসেবে ‘টিপিক্যাল’ অস্ট্রেলীয় কায়দায় যেমন বললেন, ‘অর্ডিনারি ব্যাটিং।’ অস্ট্রেলীয় অধিনায়কের ধারণা, ম্যাচ শেষ আসলে প্রথম ইনিংসেরই পরই, ‘উইকেটের দোষ দেব না। বাউন্স একটু অসমান ছিল। তবে সেটা ১৭০ রানে অলআউট হয়ে যাওয়ার মতো নয়। অন্তত ২৪০-২৫০ রান করা উচিত ছিল আমাদের। আমরা যেভাবে ব্যাটিং করেছি, পাকিস্তানের মতো দলের বিপক্ষে জয় পাওয়ার জন্য মোটেও যথেষ্ট ছিল না।’অস্ট্রেলিয়ার অধিনায়কের প্রশংসার কিছুটা বরাদ্দ ছিল পাকিস্তানের বোলারদের জন্যও, ‘ওদের সব বোলারই ভালো করেছে। রেহমান শুরুটা ভালো করেছে, উমর গুল, আফ্রিদি...আফ্রিদিকে আমরা ভালোই খেলেছি। কিন্তু সবচেয়ে বড় সমস্যায় ফেলেছে হাফিজ। ওর ১০ ওভারে মাত্র ২৬ রান উঠেছে। এ সময়টাতেই আমরা আসলে পথ হারিয়ে ফেলেছি। ওর বলে রান নিতে না পেরে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। এ জন্যই উইকেট পড়েছে।’পাকিস্তানিদের নিয়ন্ত্রিত বোলিং তো আছেই। তবে ওয়াটসন, হাডিন, ক্লার্ক, হাসি, হোয়াইট, স্মিথ—বেশির ভাগ অস্ট্রেলীয় ব্যাটসম্যানই আউট হয়েছেন বাজে শট খেলে। পন্টিং অবশ্য কাকে কী বলবেন, নিজের অবস্থাই যে করুণ! পরশু এই বিশ্বকাপে তিন অঙ্ক ছুঁলেন (১০২), তবে ৫ ইনিংস মিলিয়ে! নিজের রান না পাওয়ার ব্যাখ্যাটা দিলেন যুগান্তকারী, ‘খুব সহজ ব্যাপার—আউট হয়ে যাচ্ছি, তাই রান পাচ্ছি না।’ দুদিন আগে মজা করে বলেছিলেন, বড় ম্যাচের জন্য রান জমা রাখছেন। ওই কৌতুকটাই পরশু তাঁর কণ্ঠে উঠে এল আশা হয়ে, ‘প্রথম ম্যাচে রানআউট হলাম, পরের ম্যাচে লেগ স্টাম্পের বাইরের বলে স্টাম্পিং। কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। সামনে বড় ম্যাচ, আশা করি রানে ফিরব। হয়তো কোয়ার্টার ফাইনালেই!’আশা পূরণ হলে তো ভালোই; না হলে দল ও পন্টিং, কারও ভবিষ্যৎ নিয়েই আশা থাকবে না!