অনেক বড় দলের পথেই কাঁটা বিছিয়ে মাঝে মাঝে ঘরোয়া ফুটবলে ঝড় তুলত আরামবাগ। ৩৩ বছর পর সেই দল কাল বিদায় নিয়েছে দেশের শীর্ষ ফুটবল থেকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অস্তিত্বের লড়াইয়ে হেরে আরামবাগের পতনের কারণ খুঁজলেন দলটির পুরোনো খেলোয়াড়দের একজন খলিলুর রহমান (ফয়সাল) আরামবাগের পুরোনো খেলোয়াড়দের একজন আপনি। এই দলের এমন পরিণতি ভাবতে পেরেছিলেন?খলিলুর রহমান: কখনোই ভাবিনি। ২০০৪ সালে প্রথম এসে দুই মৌসুম খেলেছি আরামবাগে। এরপর তিন মৌসুম ধরে টানা খেলছি। বাংলাদেশ লিগ থেকে যেভাবে অবনমিত হলাম আমরা, এটা দুঃখজনক। এই অবনমনের কারণ কী?খলিলুর: অনেক কারণ আছে। সবচেয়ে বড় কারণ, প্রতিটি দলেই বিদেশি খেলোয়াড়েরা দলের মূল শক্তি। কিন্তু আরামবাগে হয়েছে উল্টো। আমাদের বিদেশি খেলোয়াড় সংগ্রহ এবার সবচেয়ে দুর্বল হয়েছে। তাই আমরা পারলাম না অবনমন বাঁচাতে। শুধু বিদেশিদের দায় দিচ্ছেন কেন? স্থানীয়রা কী করল?খলিলুর: স্থানীয়রা ভালোই করেছে। আসলে বিদেশিদের হাতেই অনেক কিছু নির্ভর করে। এটাই বাস্তবতা। এবার আমরা মোটামুটি মানের বিদেশি খেলোয়াড় কেস্টারকে পেলাম, তা-ও লিগের দ্বিতীয় পর্বে। তত দিনে অনেক দেরি হয়ে গেছে। সে আজই কেবল প্রথম গোল পেয়েছে। অফিশিয়ালরা মনে করেছেন, কম টাকায় ভালো মাছ পেয়েছি, ওতেই চলবে। আপনাদের মানসিক অবস্থা ভালো নয় বোঝাই যাচ্ছে। তার পরও এমন বিদায়ের অনুভূতি যদি একটু বলেন...খলিলুর: আমাদের খুব খারাপ লাগছে, কান্না আসছে। এটা বলার মতো নয়। ভাবিনি শেষ পর্যন্ত আমাদেরই বিদায় নিতে হবে। নিজেদের কী জবাব দেব, আমরা খেলোয়াড়েরা নিজেদের মূল্যায়নই করতে পারলাম না। রেলিটেগেড হওয়ার মতো টিম ছিলাম না আমরা। এখন ভবিষ্যৎ কী আপনাদের? এ নিয়ে কী চিন্তা করছেন?খলিলুর: আমাদের ভবিষ্যৎ অন্ধকারই মনে হচ্ছে। প্রতিটি খেলোয়াড়েরই সংসারই চলে এই ফুটবল খেলে। এই দলের ২০-২৫ জন খেলোয়াড় এখন কোথায় যাবে? এখন আমাদের কেউ নিতে চাইবে না। বলবে, তোমরা রেলিগেটেড টিমের প্লেয়ার। আগে আট লাখ টাকা সাধলে এখন দিতে চাইবে চার লাখ। আমাদের খুব ক্ষতি হয়ে গেল। কর্মকর্তারা কী বলছেন। তাঁদের দায় কতটুকু?খলিলুর: অফিশিয়ালদের দায় তো আছেই। একটা গ্রুপ চেয়েছে দল টিকে থাকুক, আরেকটা গ্রুপ চায়নি। ক্লাবে আওয়ামী লিগ-বিএনপি দুটি গ্রুপ আছে, যেটা আমার আর বিস্তারিত বলার দরকার নেই। তবে ক্লাব আছে, আজীবন কর্মকর্তারা থাকবেন। কিন্তু ক্ষতি তো হয় আসলে খেলোয়াড়দের। ক্লাবে রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের কথা বলছিলেন। বিষয়টা আসলে কী?খলিলুর: ক্লাবে আধিপত্য রাখার একটা ব্যাপার আছে। তাই কর্মকর্তা পর্যায়ে সেভাবে ঐক্য ছিল না, ম্যানেজমেন্টের কিছু গাফিলতি দেখেছি, তা ছাড়া ক্লাবের সেক্রেটারি অসুস্থ। উনি ঠিকমতো আসতে পারেননি, এই সুযোগে অনেক কিছু ঘটে গেছে। স্থানীয় লোকজন কী বলেন? তাঁরা কি এসব ব্যাপারে আগ্রহ দেখান?খলিলুর: এলাকার লোকজন চেয়েছে, আমরা যাতে টিকে থাকি। শুধু চাইলেই হবে না, টিমের পেছনে শ্রমও দিতে হবে আপনাকে। কর্মকর্তারা সবকিছু খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছিলেন। আমরা খেলোয়াড়েরা ঐক্যবদ্ধ থেকে আপ্রাণ চেষ্টা করেও পারিনি। এই দুঃখ কখনো যাবে না।