ওয়ানডের গড়টা ৩১.১৫ হলেও টেস্টে সেটা মাত্রই ১৭.৪২! গত লর্ডস টেস্টের সময় গড়টা আরও কম থাকায় ক্রিকেট-তীর্থে ব্যাটিংয়ে নামতে লজ্জাই লাগছিল তাঁর। তবে ওই টেস্টের দুই ইনিংসে ৪৩ আর ৭৫ রান করার পর ইমরুল কায়েস এখন আত্মবিশ্বাসী। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটাতে ভালো কিছু করে দেখানোর প্রত্যয় এই বাঁহাতি ওপেনারের কণ্ঠে ১৪ মাসের বিরতির পর আবার টেস্ট খেলবেন। আপনার প্রস্তুতি কেমন?ইমরুল কায়েস: এত দিন পর আবার টেস্ট খেলব, একটু তো অস্বস্তি লাগছেই। কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। কিন্তু প্র্যাকটিস ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচ এক না। ওখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচটা খেললে হয়তো আমাদের জন্য আরও ভালো হবে। টেস্টের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হলেও মানিয়ে নিতেই হবে। টেস্টের তুলনায় ওয়ানডেতে আপনার পারফরম্যান্স ভালো। গড়ও ওয়ানডেতেই বেশি। টেস্টের পারফরম্যান্সে নিশ্চয়ই নিজেও খুশি না...ইমরুল: না না, আমি আসলেই খুশি না। সমস্যা হয়েছে কী, প্রথমে যখন দলে ঢুকি, ওই সময় টেস্টই বেশি খেলেছি। ভালোভাবে মানিয়ে নিতে পারিনি আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে। এ কারণেই হয়তো গড়টা নষ্ট হয়ে গিয়েছিল। এ ছাড়া গেম প্ল্যানের কারণে অনেক সময় স্ট্রোক খেলতে পারিনি। ওসব এখন কাভার করতে হচ্ছে। আশা করি, আর সমস্যা হবে না। সেই ইঙ্গিত বোধহয় দিলেন গত ইংল্যান্ড সফরের লর্ডস টেস্টে। দুই ইনিংসে ৪৩ আর ৭৫ রান ছিল আপনার...ইমরুল: আসলে এর আগে যখন টেস্টে রান করতে পারতাম না, খুব আপসেট থাকতাম। লর্ডসে যখন খেলতে নামি আমার গড় ছিল ১১ কি ১২। আমাকে নিয়ে অনেক ধারাভাষ্যকার অনেক মন্তব্য করেছিলেন। এত কম গড়ের একটা ব্যাটসম্যান এত বড় বড় বোলারদের কীভাবে সামলাবে? পরে হাইলাইটস দেখার সময় শুনেছি আমার ব্যাটিংয়ের অনেক প্রশংসাই করেছেন ওনারা। সবচেয়ে ভালো লেগেছে, আমি টেস্টে আমার প্রথম ফিফটিটা করেছি লর্ডসে এবং খুব ভালো ইনিংস খেলেছি। গড় এখনো ভালো না হলেও এ জন্য আমি খুশি। এত কম গড় নিয়ে লর্ডসে খেলতে নামার সময় নিজ থেকে কি কোনো চাপ অনুভব করেননি?ইমরুল: খুব লজ্জা লাগছিল। এ রকম একটা গড় নিয়ে লর্ডসের মতো জায়গায় টেস্ট খেলব, যেখানে অনেক ক্রিকেট বোদ্ধা আমার খেলা দেখবেন! মানুষের হাসি, সমালোচনা শুনলে তো আসলে খারাপই লাগে। তবে যখন রান করে ড্রেসিংরুমে ঢুকি, দর্শকদের হাততালি শুনে অন্য রকম একটা অনুভূতি হয়েছিল। মনে হচ্ছিল, নিশ্চয়ই আমিও ভালো ব্যাটসম্যান। সেজন্য লর্ডসে এসে রান করতে পেরেছি। টেস্টে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে কি জিম্বাবুয়ে সফর ভালো একটা সুযোগ হলো?ইমরুল: ২০০৯ সালে জিম্বাবুয়ে গেলেও কোনো ম্যাচ খেলিনি। খেললে এবারই প্রথম খেলব। প্র্যাকটিস ম্যাচ আছে, ওখানে গিয়ে আগে দেখতে হবে উইকেট-কন্ডিশন কেমন। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব, ধারাবাহিকতা ধরে রাখতে। না খেললেও অনুশীলন করেছেন। আগেরবারের অভিজ্ঞতায় জিম্বাবুয়ের কন্ডিশন তো কিছুটা হলেও বোঝার কথা...ইমরুল: সেবার সব ম্যাচ বুলাওয়েতে ছিল। দেখে মনে হয়েছে, বুলাওয়ের উইকেট অনেক ফ্লাট। অনেকেই ভালো ব্যাটিং করেছে ওই উইকেটে। হারারের উইকেট কেমন হবে জানি না। তবে আন্তর্জাতিক ক্রিকেটার হলে তো সব জায়গায়ই মানিয়ে নিতে হবে। ওয়ানডের ব্যাটিং সহজ, নাকি টেস্টের ব্যাটিং?ইমরুল: (হাসি) এটা তো একটা কঠিন প্রশ্ন। ওয়ানডেতে চাপ একটু বেশি থাকে, টেস্টে সেটা কম। টেস্টের মতো ওয়ানডেতে মানিয়ে নেওয়ার সুযোগ নেই। তার পরও ওয়ানডেই আমি এনজয় করি। জিম্বাবুয়ে সফরে আপনার লক্ষ্য কী?ইমরুল: সব সময়ই বলি, আমি কখনো টার্গেট জানাই না। টার্গেট আমার ভেতরে থাকে। সফল হলে সেটা বলি। তবে হ্যাঁ, জিম্বাবুয়ের টেস্টটা নিয়ে আমার একটা টার্গেট আছে। ভালো টার্গেট।