চা বেচা আর দাবা খেলা—একই সঙ্গে দুটি কাজ করে যাচ্ছেন মোহাম্মদ সাগর। গত বছর সাব-জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার জুনিয়র দাবায় অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি। টানা দ্বিতীয়বার রানারআপ হওয়ার পর মাগুরার দাবাড়ুকে বেশ মন খারাপ দেখা গেল দাবায় আপনার লড়াইয়ের গল্পটা তো অন্য রকম। চা বেচে দাবা খেলার সময় বের করতেন। এখনো কি সেভাবেই খেলে যাচ্ছেন?মোহাম্মদ সাগর: হ্যাঁ। এখনো সেভাবেই দাবা খেলে যাচ্ছি। তবে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকলে চা বেচা বন্ধ রাখতে হয়। দাবা নাকি ছেড়ে দিতে চাইছেন? কেন? সাগর: আমি খুবই হতাশ। চা বেচে ঠিকমতো মনোযোগ দিতে পারি না খেলায়। তাই অভিমানে বলেছি, খেলা ছেড়ে দেব। গত বছর প্রথম আলোয় আপনার গল্প ছাপা হওয়ার পর একটা ল্যাপটপ উপহার পেয়েছিলেন। সেটি নিশ্চয়ই খুব কাজে এসেছে?সাগর: ল্যাপটপটা পাওয়ায় অনুশীলনটা ভালোই হচ্ছিল। কিন্তু কিছুদিন আগে ল্যাপটপটা ছিনতাই হয়ে গেছে। এ জন্য মনটা খুব খারাপ। কীভাবে ছিনতাই হলো?সাগর: ঘটনাটা গত ২৫ সেপ্টেম্বর রাতের। ন্যাশনাল ‘বি’ চ্যাম্পিয়নশিপ শেষ করে মাগুরার উদ্দেশে গাড়িতে উঠি গাবতলী গিয়ে। নবীনগর থেকে একজন যাত্রী উঠে আমার পাশে বসে। যশোর যাবে, কথা প্রসঙ্গে সেটা জানতে পারি। আরিচা ঘাটে যাওয়ার পর গাড়ি ফেরিতে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়ায়। লোকটা তখন নিচে গিয়ে আমার জন্য ডাব, ডিম নিয়ে এসে আমাকে খাওয়ার জন্য সাধে। আমি খাইনি। অনেকক্ষণ গাড়ি ঘাটে অপেক্ষা করছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। আমাকে অজ্ঞান করার জন্য কিছু করেছিল কি না জানি না। আমার আরও বেশি ঘুম আসে। তার পরও ল্যাপটপের ব্যাগটা ধরে টান দেওয়ার সময় টের পেয়ে যাই। তখন লোকটা কিছু একটা সেপ্র করে। এরপর আর কিছু জানি না। মাগুরায় কে কীভাবে আমাকে নামিয়ে দেয় সেটাও জানি না। বাড়িতে কারা যেন ভ্যানে করে পৌঁছে দেয়। বাড়ির লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়। দুই দিন পর আমার জ্ঞান ফেরে। আপনার সেই চায়ের দোকানটা কি এখনো আছে?সাগর: না, নেই। মাগুরায় সোনালী ব্যাংকের পাশে ছিল দোকানটা। এখন অন্য জায়গায় ব্যাংকের নিজস্ব নতুন ভবন হয়েছে। আমিও এখন ওখানেই চা বিক্রি করি। তবে এখানে লোকজন তেমন নেই। এ জন্য আমার রোজগারও আগের চেয়ে অনেক কমে গেছে। তাই খুবই মানবেতর জীবন কাটাচ্ছি। গত এক বছরে আর কোনো টুর্নামেন্টে কি খেলেছেন?সাগর: মাগুরায় স্থানীয় ১০টি টুর্নামেন্টে খেলেছি। এর মধ্যে নয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছি। ল্যাপটপ ছাড়া এখন কীভাবে প্র্যাকটিস করছেন?সাগর: সারা দিন কাজ শেষ করে খেলতে বসতে রাত আটটা বেজে যায়। সেই আগের মতো কুপি ধরিয়ে একা একা প্র্যাকটিস করি। কিন্তু এভাবে বেশি দূর এগোনো যাবে না।