‘খুবই হতাশায় দিন কাটছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটকালেই তাঁর ডাক পড়ে। গত মার্চে শ্রীলঙ্কায় গিয়ে অনুশীলনে চোট পান হাঁটুতে। ওয়ানডে সিরিজ না খেলেই নাজমুল হোসেন ফিরেছেন দেশে। চিকিৎসার জন্য তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা ছিল বিসিবির। কিন্তু এখনো যেতে পারেননি, তাই চোট নিয়ে হতাশায় ভুগছেন বাংলাদেশের এই পেসার আপনার চোটের কী অবস্থা? নাজমুল: ভাই, ইনজুরির কথা আর বলবেন না। দুই মাস ধরে এটি নিয়ে বাড়িতে (হবিগঞ্জ) বসে আছি। সময় কাটছে কীভাবে?নাজমুল: সময় কাটতেই চাইছে না। বাংলাদেশের খেলা দেখি, আর টিভিতে খবর-টবর দেখে সময় কাটাই। আপনার না চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল?নাজমুল: বিসিবি থেকে আমাকে বলা হয়েছিল বিদেশে পাঠানো হবে। এখন শুনছি বোর্ড মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে। কিন্তু কবে বোর্ড মিটিং হবে জানি না। তাই বাসায়ই বসে আছি। ভিসাও নিয়ে রেখে দিয়েছি। কিন্তু ভিসা নিয়ে বসে থেকে তো লাভ নেই। আমাকে তো বলতে হবে যে তোমাকে পাঠানো হবে না। তাহলে আমি নিজে উদ্যোগী হয়ে প্রস্তুতি নিতে পারব। ক্যারিয়ার তো আমার। বিসিবির কাউকে কিছু বললে ওনারা বলেন, আজকালকের মধ্যেই সব হয়ে যাবে। কিন্তু কবে কী হবে, আদৌও হবে কিনা আমি বুঝতে পারছি না। খুবই হতাশায় দিন কাটছে।  শ্রীলঙ্কায় গিয়েও খেলতে পারলেন না। বাড়িতে বসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ হার দেখে নিশ্চয়ই খুব খারাপ লেগেছে?নাজমুল: আমরা ইদানীং ভালো ক্রিকেট খেলছি। তার পরও এভাবে হারাটা...আসলেই খুব খারাপ লেগেছে। দূর থেকে দেখে কী মনে হলো। বোলিংয়ে কোথায় সমস্যা ছিল?নাজমুল: বোলিংয়ের শুরুটা আমরা ভালোই করছি। কিন্তু মোটের ওপর ভালো হয়নি। মানে ধারাবাহিকতা ছিল না। আমি একজন পেসার হিসেবে মনে করি, এটাই আমাদের বড় সমস্যা। দেখা গেছে ৪ ওভার ভালো করেছি। কিন্তু পুরো ১০ ওভার ভালো হয়নি। ১০ ওভারে ৩০-৩৫ রান দেওয়ার মতো কোনো স্পেল হয়নি আমাদের। তা ছাড়া আমাদের রানও ছিল আড়াই শর মধ্যে।  জিয়া তো দুর্দান্ত বোলিং করলেন প্রথম ওয়ানডেতে। তারপর আর বোলিং ভালো হলো না। কারণ কী মনে হয়?নাজমুল: জিয়া প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩০ রান দিয়েছে। এই জন্যই ওই ম্যাচ জিততে পেরেছিলাম। টাইট বোলিং করাতেই উইকেটগুলো পেয়ে গেছে ও। পরে আর ও রকম করতে পারেনি। অধিনায়ক মুশফিকের পদত্যাগে আপনার প্রতিক্রিয়া কী?নাজমুল: ও খুবই ভালো অধিনায়ক। ওর অধীনে আমি যত ম্যাচ খেলেছি ও ছিল খুব গোছানো। যদিও সিদ্ধান্ত নিয়েছে সরে দাঁড়ানোর, তার পরও আমি বলব ও যেন সিদ্ধান্তটা বদলায়। খেলার সময় আমাদের খুব উৎসাহ দেয় মুশফিক। অনেক সময় দেখা যায়, দলে তারকা খোলোয়াড় নেই, তখন মুশফিক আমাদের ভেতরে এমন কিছু ঢুকিয়ে দেয় যে সেটা দলের জন্য খুব উপকারে আসে। ধরেন, একজন সিনিয়র বোলার হিসেবে আমাকেই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমার সেই কাজটা কী, সেটা খুব ভালোভাবে মনে করিয়ে দিত। আমাদের সবার চাওয়া একটাই—মুশফিক যেন এই সিদ্ধান্ত বদলায়। আজ থেকে তো দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। কী ভাবছেন আপনি?নাজমুল: ওয়ানডে সিরিজে খারাপ করেছি তো আমার মনে হয়, টি-টোয়েন্টিতে দল ভালো করবে। অক্টোবরে নিউজিল্যান্ড আসছে। ওদের বিপক্ষে দলে ফিরে অবদান রাখতে কতটা উন্মুখ আপনি?নাজমুল: দলে তো ফিরতেই চাই। এ ক্ষেত্রে বোর্ড আমাকে একটু সহযোগিতা করলে খুব ভালো হয়। এটা যত তাড়াতাড়ি হয়, ততই ভালো আমার জন্য। সিলেকশনের ব্যাপারটা তো পরে, কিন্তু আগে তো আমাকে পেতে হবে। আর ওনারা যদি আমাকে পাঠাতে দেরি করে ফেলেন তাহলে হয়তো আমি অক্টোবরের সিরিজটা মিস করব।