স্কুলে পড়ার সময়ই দৃষ্টি কেড়েছিলেন। এর পর একটার পর একটা বাধা পেরিয়ে এখন লর্ডসে টেস্ট অভিষেকের অপেক্ষায় আজমল শেহজাদ। শেষ পর্যন্ত অভিষেক হোক আর না-ই হোক, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখার কথাই বললেন এই ইংলিশ পেসার লর্ডস তো অভিষেক টেস্টের হাতছানি দিচ্ছে...রোমাঞ্চিত?আজমল শেহজাদ: আমিও আশা করি, বাংলাদেশের বিপক্ষেই আমার টেস্ট অভিষেক হয়ে যাবে। আর আমি লর্ডসেও এই প্রথম খেলব। আবহাওয়া এখন খুব ভালো। প্রথম টেস্টের জন্য তাই অধীর অপেক্ষায় আছি। ইংল্যান্ড দলে খেলার স্বপ্ন নিশ্চয়ই আগে থেকেই ছিল। ওয়ানডে খেলে সে স্বপ্নপূরণ হওয়ার পর কেমন লেগেছে?আজমল: অবশ্যই ভালো লেগেছে। ইংল্যান্ড দলে সুযোগ পাওয়া যে কারও জন্যই গর্বের ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের সঙ্গে থেকে দারুণ অভিজ্ঞতা হয়েছিল আমার। তবে সবচেয়ে খুশি হব টেস্ট খেলতে পারলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড এই প্রথম বড় কোনো আসরে সাফল্য পেল। আপনিও সেই দলের সঙ্গী ছিলেন...আজমল: আমার মনে হয়, ৩৫ বছর পর এই প্রথম ইংল্যান্ড ক্রিকেট দল আবার বিশ্বপর্যায়ের কোনো প্রতিযোগিতায় জিতল। ম্যাচ না খেললেও আমার জন্য এটা অসাধারণ অভিজ্ঞতা। ড্রেসিংরুমের পরিবেশটাও এখন চমৎকার। আমি দীর্ঘদিন দলে থাকতে চাই এবং শুরুতেই এমন একটা দলীয় সাফল্য আমাকে আরও বেশি অনুপ্রাণিত করছে। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে। এই দল সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার?আজমল: দলটা বেশ শক্তিশালীই বলব। বিশেষ করে নিজেদের দেশে তারা বেশি ভালো খেলে। গত তিন-চার বছরে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়েই বাংলাদেশ অনেক এগিয়েছে। আমার তো মনে হয়, এবারের সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। বাংলাদেশ দলের বিশেষ কারও খেলা কি ভালো লাগে?আজমল: তামিম ইকবালসহ দলে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যানই আছে। তবে তামিমের খেলাটা বেশি ভালো লাগে আমার। ঢাকায় গত ওয়ানডে সিরিজে আমাদের বিপক্ষে ও সেঞ্চুরি করেছে—অসাধারণ ইনিংস ছিল সেটা। সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন। কিন্তু ইংলিশ কন্ডিশনে তো বাংলাদেশ দলের সমস্যাই হওয়ার কথা...আজমল: আবারও বলছি, বাংলাদেশ খুবই ভালো দল। তবে আমাদের দলটাও অনেক গোছানো। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমরা অনেক আত্মবিশ্বাসী। সেদিক দিয়ে হয়তো বাংলাদেশের জন্য সিরিজটা সহজ হবে না, তবে দল হিসেবে তো তারা ভালোই। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ভালো করেছে। হোম কন্ডিশনে স্পিনাররা বাংলাদেশের বড় শক্তি। কিন্তু এই কন্ডিশনে কি আর তাদের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব?আজমল: ঠিকই বলেছেন, উপমহাদেশের কন্ডিশন একটু অন্যরকম। স্পিনাররা সেখানে কার্যকর। কিন্তু এই কন্ডিশনে বাংলাদেশকে পেস বোলারদের ওপরই নির্ভর করতে হবে। এখানে চতুর্থ বা পঞ্চম দিন সকাল পর্যন্তও অনেক সময় উইকেট একই রকম থাকে। এই সিরিজে আপনার ব্যক্তিগত কোনো লক্ষ্য কি আছে?আজমল: দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।