‘খুশিতে নাচনু, কই ঠ্যাং ভাঙলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও এর পাঠকের সহায়তায় পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদ্যাদেবী সরস্বতী পূজাকে ঘিরে ২১ জানুয়ারি সারা দিন অন্যরকম এক আনন্দমুখর দিন কাটল বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাবুডাইং ও শান্তিপাড়ার দরিদ্র আদিবাসীদের জীবনে। গ্রামে সরস্বতী পূজাও যেমন প্রথম, তেমনি পূজাকে ঘিরে এমন আনন্দও প্রথম তাদের জীবনে।সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষার্থীদের ফুটবল খেলা, শিক্ষার্থীদের মায়েদের মিউজিক্যাল চেয়ার খেলা, শিশুশিক্ষার্থীদের নাচ-গান, পুরস্কার বিতরণী, চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী গম্ভীরা গান, বন্ধুসভার সদস্যদের গানসহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা দিন উত্সবমুখর পরিবেশ বিরাজ করছিল বাবুডাইং বিদ্যালয় প্রাঙ্গণ ও এর পাশে শিশুদের ফুটবল খেলার মাঠে।কর্মসূচির শুরুতেই ছিল বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ব্রাজিল ও আর্জেন্টিনা নাম নিয়ে দুই দল প্রতিযোগিতায় নেমে পড়ে। উভয় দলে নয়জন করে খেলোয়াড় অংশ নেয়। রেফারি ও লাইনম্যানের ভূমিকা পালন করে বন্ধুসভার লুনা, প্রিন্স ও বাসির। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সমর্থক হিসেবে গ্রামের নারী-পুরুষ ও শিশুরা এবং বন্ধুসভার সদস্যরা দুই দলে ভাগ হয়ে হাততালি, চিত্কার করে সমর্থন দিয়ে খেলাকে প্রাণবন্ত ও আনন্দময় করে তোলে। ‘ব্রাজিল’ দল ২-০ গোল পরাজিত করে ‘আর্জেন্টিনা’কে। গোল করে ‘ব্রাজিল’ দলের অধিনায়ক আপন ও জয়চান্দ। তবে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় আর্জেন্টিনা দলের প্রেমলাল।এরপর বিদ্যালয় প্রাঙ্গণে পূজামণ্ডপের সামনে সুসজ্জিত প্যান্ডেলের নিচে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পরপরই যখন ঘোষণা করা হয় বাবুডাইং ও শান্তিপাড়ার সব পরিবারের জন্যও রয়েছে প্রথম আলা ট্রাস্টের পক্ষ থেকে একটি করে কম্বল, তখন অপ্রত্যাশিতভাবে এ পুরস্কারে শিশুদের মতো নেচে ওঠে সবাই।তিন কিলোমিটার দূরের সাঁওতাল গ্রাম মুরাহাট থেকে সরস্বতী পূজা ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসেছিলেন ৭০ বছর বয়সী কবিরাজ মাঝি। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কবিরাজ মাঝি প্রথম আলোকে বলেন, ‘এখানে আসতে বোহুতে (বৌ) মানা কর্যাছিল। বুল্যাছিল বুরহাতিকালে ঢং করতে যায়ো না। ঘটাতে (রাস্তায়) ঠ্যাং ভাঙ্গ্যা পইড়্যা থাকব্যা। কিন্তু খুশিতে এত নাচনু, কই ঠ্যাং ভাঙলো। এত খুশি হয়্যাছি, মনে হইছে বয়স কমে গেছে।’কম্বল বিতরণে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা নঈমুল বারী, সাবেক সভাপতি রফিক হাসান, সহ-সভাপতি গৌরী চন্দ, সাধারণ সম্পাদক নাহিদুল হক, কোষাধ্যক্ষ আবদুল বাসির, সদস্য রাকিব, প্রিন্স, মামুন, ফরহাদ, নুরুল, মাখন, মোবিন, আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ দাস, সহকারী শিক্ষক সুদর্শন পাল, বাবুডাইং আদিবাসী গ্রামের মোড়ল সুরেন কোল ও প্রথম আলোর চাঁপাইবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।