‘খেলছি বলে ঠিকাদারি বন্ধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৫ সালে জাতীয় দলে অভিষেক। ১৫ বছর খেলেছেন লাল-সবুজ জার্সি গায়ে। বয়স এখন ৩৫, জাতীয় দলে আর নেই ইসা মিয়া। তবে এখনো দাপটের সঙ্গে খেলে চলেছেন ক্লাব হকি। অনেক আন্দোলন করে ২৩ মাস পর হকি লিগকে মাঠে নামাতে পেরে দারুণ খুশি এই ডিফেন্ডার ক্লাব কাপের ফাইনালের পর লিগের প্রথম ম্যাচেও আবাহনীকে হারালেন। নিশ্চয়ই দারুণ আনন্দ হচ্ছে?ইসা মিয়া: আমার খুবই ভালো লাগছে। আবাহনীর বিপক্ষে জয় বলে আনন্দটা একটু বেশিই হচ্ছে। আসলে আমাদের যে লক্ষ্য ছিল, আল্লাহর রহমতে সেটা পূরণ হয়েছে। এর আগে লিগে ঊষা ক্রীড়াচক্র হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। ইনশাআল্লাহ, এবারও ট্রফি নেওয়ার ইচ্ছা আছে।  প্রায় দুই বছর পর লিগ শুরু হলো। এই দীর্ঘ সময়টা কীভাবে কাটিয়েছেন?ইসা: খেলা বন্ধ থাকত বলে সবাই হতাশ হয়ে পড়েছিলাম। ভাবতাম আবার কবে মাঠে খেলা গড়াবে। আমি নিজে খেলা ছেড়ে একসময় ঠিকাদারির ব্যবসা ধরি। তবে এখন লিগে খেলছি বলে আপাতত ঠিকাদারি বন্ধ। এই লিগের জন্য আমরা আন্দোলন পর্যন্ত করেছি। মন্ত্রীর কাছে গিয়ে লিগ শুরুর জন্য আবেদন জানিয়েছি। তবে প্রতিবছরই যদি এভাবে খেলার জন্য আন্দোলন করতে হয়, তাহলে তো হকি বাঁচবে না। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, প্রতিবছরই লিগ হচ্ছে বলে ভালো ভালো খেলোয়াড় বের হচ্ছে। কিন্তু হকিতে সেটা হচ্ছে না। যে কারণে হকিতে বিকেএসপি ছাড়া বাইরের খেলোয়াড় খুবই কম। প্রতিবছর লিগ হলে বিভিন্ন জেলা থেকে অনেক খেলোয়াড় বের হবে। আমাদের হকিরও উন্নতি হবে। প্রায় আঠারো বছর ধরে খেলছেন। এখন এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য কী?ইসা: এটার রহস্য হচ্ছে, আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি ফরিদপুর গেলেও অনুশীলন করি। সত্যি বলতে কি, হকিকে অনেক ভালোবাসি বলেই এখনো খেলাটা ধরে রেখেছি। অনেক কষ্ট করে খেলাটা শিখেছি। এটা তাই সহজে ছাড়তে চাই না।  আর কত দিন খেলতে চান?ইসা: যত দিন ফিট থাকব তত দিন খেলে যেতে চাই। লিগে স্থানীয় আম্পায়ার নিয়ে বড় কয়েকটি ক্লাবের আপত্তি ছিল। বিদেশি আম্পায়ার দিয়ে খেলা চালানোর বিষয়টি কীভাবে দেখছেন?ইসা: আমাদের ক্লাব ঊষা ক্রীড়াচক্র শুরু থেকেই বিদেশি আম্পায়ারের বিপক্ষে। বলছি না যে তাঁরা খারাপ করেন। ভারতীয় যে আম্পায়ার এসেছেন তাঁরা কিন্তু আজ ভালো খেলা চালিয়েছেন। আসলে স্থানীয় আম্পায়ার হলে দেখা যায়, খেলোয়াড়েরা কিছু একটা হলেই আম্পায়ারের ওপর চটে বসে। এ জন্য খেলা চালাতে সমস্যা হয়। আজকে দেখলেন তো কেউই তর্কে যায়নি।  কোচ হিসেবে পেয়েছেন পাকিস্তানের সাবেক হকি তারকা তাহির জামানকে। এতে কি মনে করেন আপনাদের খেলা আরও ভালো হবে?ইসা: তাহির ভাই তো দারুণ কোচ। উনি আমাদের যেভাবে খেলতে বলেছেন সেভাবেই খেলেছি। ওনার সঙ্গে কথা বললেই আমরা অনুপ্রাণিত হই। ওনার কাছ থেকে আমাদের তরুণ খেলোয়াড়েরা অনেক কিছু শিখতে পারছে। তাঁর পরিকল্পনায় এখন পর্যন্ত পুরোপুরি সফলই তিনি। আশা করছি, তিনি থাকলে আমরা আরও ভালো খেলব। আপনার তো শুনেছি কবুতর পোষার শখ। এখনো কি কবুতর পোষেন?ইসা: ছোটবেলা থেকেই আমি কবুতর পুষি। মা-বাবার যত্ন নেওয়ার পর খুবই যত্ন করে কবুতর পুষি। দেশি-বিদেশি নানা জাতের কবুতর আছে আমার। একসময় এটা করতাম শখের বসে, এখন এটা আমার ব্যবসাও। আল্লাহর রহমতে কবুতরের ব্যবসায় ভালোই লাভ হয়।